বাংলাদেশ, বাংলাদেশি—এই শব্দগুলো কত যে আপন, কত যে মধুর, তা দেশের বাইরে গেলে বোঝা যায়। প্রতিবছর দেশের বাইরে উচ্চশিক্ষা নিতে যান অনেক শিক্ষার্থী। কেউ শিক্ষাবৃত্তি নিয়ে, কেউ বা নিজ খরচায়। নতুন দেশে নতুন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাগজপত্র জমা দেওয়া, থাকার জন্য বাসা খোঁজা, ল্যাবের কাজ শেখা—এসব কিছু একা একা করা বিশাল ঝক্কির ব্যাপার। তখন মনে মনে সবাই খোঁজেন নিজের দেশের অগ্রজদের। যদি মেলে, তবে যেন আকাশের চাঁদ হাতে পাওয়া।অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম। শিক্ষাবৃত্তি নিয়ে ২০১১ সালের জুলাইয়ে কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকুলার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করতে সিডনি যান এনামুল হক। সিডনি বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগ থেকে স্নাতক এই শিক্ষার্থীর মনে হচ্ছিল, যদি এখানকার সব বাংলাদেশি শিক্ষার্থীর সঙ্গে পরিচিত হওয়া যেত, যোগাযোগ থাকত, তাহলে নতুন দেশে নতুন পরিবেশ কত সুবিধাই না হতো! ভাবনাটি মনের মধ্যেই থেকে যায় এনামুলের। ধীরে ধীরে বেশ কয়েকজনকে পেয়ে যান তিনি। অন্যদের সঙ্গে আলোচনা করেন এ ব্যাপারে। তার পরই বাংলাদেশি শিক্ষার্থীরা মিলে গঠন করেন ‘বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অ্যাট ইউনিভার্সিটি অব সিডনি।’ আনুষ্ঠানিকভাবে এটি যাত্রা শুরু করে ২৭ সেপ্টেম্বর ২০১২। বর্তমানে এর সদস্যসংখ্যা ৬০। ই-মেইলে এই অ্যাসোসিয়েশনের লক্ষ্য সম্পর্কে জানান সংগঠনের প্রেসিডেন্ট এনামুল হক। বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরা এবং সেই সঙ্গে নতুন শিক্ষার্থীদের নতুন পরিবেশে ও নতুন সমাজের সঙ্গে পথ চলতে দিকনির্দেশনা দেওয়া।ছুটির সময়ে আড্ডা আর উৎসবের আয়োজন করে এই সংগঠন।এই তো ২ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ঈদ-পুনর্মিলনী। ওই দিন বিকেলে বার বি কিউ পার্টির আয়োজন করা হয়। দুপুর থেকেই জড়ো হতে থাকেন সবাই। কেউ আন্ডারগ্র্যাজুয়েট, কেউ পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থী। একে একে সবাই এসে হাজির হন। এখানে সাবাই যেন একই পরিবারের সদস্য। বড়-ছোট, বয়স—এসব যেন কোনো ব্যাপারই নয়। ভূড়িভোজের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। একে একে সংগীত পরিবেশন করেন সোনিয়া, আরোবা, তানিমসহ আরও অনেকে। গানের কলিতে মেতে ওঠেন সবাই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী বুশরা আহমেদ ও সিমিয়া সায়ীদ জানান, এটা একটা মহৎ পদক্ষেপ সিডনিপ্রবাসী বাংলাদেশিদের বাঙালিয়ানা বজায় রাখতে। এ রকম আরও অনেক উদ্যাপন দরকার।’পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সালমান আনোয়ার বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে পড়ছি দুই বছর হলো। প্রথম দিন থেকেই বাংলাদেশি শিক্ষার্থীদের খুঁজছি। দেড় বছরে পেয়েছি মাত্র চারজন। আজ এখানে এসে এতজনকে পেয়ে বেজায় খুশি আমি। বুকের মধ্যে এখন অনেক সাহস।’কথা হয় নাঈম ফয়সাল অপু, সায়েম শাকির, ফাহিম তন্ময়, নওশীন নওয়াজ, হারুনুর রশিদ, সাক্কাফ মোহাম্মদ, ওয়াসেক খানসহ আরও অনেকের সঙ্গে। সবাই খুব খুশি এভাবে একত্র হতে পেরে।বন্ধুরা, কেউ চাইলে যোগাযোগ করতে পারো www.bsaunisydney.tk ওয়েবসাইট এবং [email protected] এই ই-মেইল ঠিকানায়।