অস্ট্রেলিয়ায় থাকি অর্ধযুগের বেশি। বছরজুড়েই সিডনিতে হার্ড মেটালিক ব্যান্ড থেকে শুরু করে হারমোনিয়ামনির্ভর শিল্পীদের আগমনে এখানে গীত, সংগীতের আয়োজন চলে। কিন্তু একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে সিডনির অ্যাসফিল্ড পার্কের আয়োজনটা আলাদাভাবে চোখে পড়ার মতো। হাজারও অনুষ্ঠানের ভিড়ে সিডনি অ্যাসফিল্ড পার্কের বইমেলা, শহীদ মিনার নজর কাড়ে। হাজার হাজার মাইল দূরে বসেও বাঙালিত্ব, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, মাতৃভাষা, জন্মভুমির প্রতি টান অন্তত বাঙালিদের মন ভরিয়ে দেওয়ার মতো। আমাদের ঠিক একুশে ফেব্রুয়ারির মতোই সিডনিতে আয়োজন হয় প্রভাতফেরির। অ্যাসফিল্ড পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে বসে একুশের গানের আসর। আর বইমেলাটি অস্ট্রেলিয়াতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য প্রতিষ্ঠা, প্রচারের তাগিদ মনে করিয়ে দেয়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস স্টেট সরকারের মন্ত্রী, এমপি, স্থানীয় সিটি কাউন্সিলের মেয়র, বাংলাদেশ হাইকমিশনার, সিয়েরা লিওনের (উল্লেখ্য, সিয়েরা লিওনের দ্বিতীয় অফিশিয়াল ভাষা বাংলা) প্রতিনিধিদের উপস্থিতি, অংশগ্রহণ অনুষ্ঠানকে অন্য মাত্রা দেয়। সিডনিতে ১৩ বছর ধরে এই অমর একুশে উদ্যাপন এবং বইমেলার আয়োজন করে আসছে এখানকার একুশে একাডেমি। এ বছরও প্রতিবারের মতো ২০ ফেব্রুয়ারি বইমেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাচ, গান, নাটক, আবৃত্তি, কবি কণ্ঠে কবিতা পাঠ, নতুন বইয়ের মোড়ক উন্মোচন—সবই ছিল অনুষ্ঠানের তালিকায়। এ বছরও বেশ কয়েকটি নতুন বই এসেছে বইমেলায়। এর মধ্যে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশি বীর প্রতীক মুক্তিযোদ্ধা ওডারল্যান্ডের ওপর রচিত মাহবুবুর রহমানের বই বীর প্রতীক ওডারল্যান্ড, লরেন্স ব্যারেলের সম্পাদিত কাব্যগ্রন্থ লোনা জলে সবুজ বৃক্ষ, অজয় দাশগুপ্তের ছড়াগ্রন্থ শুধু ছড়া পঞ্চাশ, আল নোমান শামীম সম্পাদিত প্রশান্ত পাড়ের কবি ও কবিতা এবং ইকবাল হোসাইন চৌধুরীর চলচ্চিত্রবিষয়ক বই চলচ্চিত্র অধ্যয়নং তপ। মোট পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, লেখক ও বইপত্র প্রকাশনীর স্বত্বাধিকারী মাহবুবুর রহমান, কবি লরেন্স ব্যারেল, কবি আল নোমান শামীম প্রমুখ। পরিসর ক্ষুদ্র হলেও এই বইমেলায় লেখক-পাঠকের মিলনমেলা বসে। বইয়ের দোকানে আলাপকালে বিক্রেতারা জানান, বইমেলাটি মাত্র একদিনের হলেও বাংলাদেশি টাকায় প্রায় ১৫ থেকে ১৬ লক্ষাধিক টাকার বই বিক্রি হয়। যদিও বিক্রেতারা সবাই শখের দোকানদার। তবুও দিন শেষে খুশি মনে ঘরে ফেরে। তাদের আশাবাদ—বাংলাদেশের প্রকাশক, লেখক এবং সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এখানে কোটি টাকার বই বিক্রি করা সম্ভব। যদি একাধিক প্রকাশকের স্টল থাকে, খ্যাতিমান শিল্পী, লেখকদের আগমন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ভিসা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হয়। তাহলে ২০ হাজার লোকের সমাগম ঘটানো সম্ভব। প্রত্যেকে গড়ে ৫০ ডলারের বই কিনলেও ছয়-সাত কোটি টাকার বই বিক্রি হতে পারে। সিডনি অলিম্পিক পার্কের বৈশাখী মেলায় ২০ হাজার লোকের উপস্থিতি হয়। সুতরাং বইমেলায় কেন সম্ভব নয়? এ থেকে লাভবান হতে পারেন পাঠক, লেখক, প্রকাশক সবাই। শাখাওয়াৎ নয়ন: গবেষক, ইউনিভার্সিটি অব নিউক্যাসল, অস্ট্রেলিয়া।