প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

নির্মাণশ্রমিক হিসেবে ২০০৮ সালে সিঙ্গাপুর যান লালমনিরহাটের ছেলে মো. মুকুল হোসেন। কঠোর পরিশ্রমের মধ্যেও প্রবাসে একাকিত্ব কাটাতে তাঁর মধ্যে জেগে ওঠে কবি সত্তা। হাড়ভাঙা পরিশ্রমের কাজ থেকে ফিরে কবিতা পাঠের অনুষ্ঠানে যান, রাত জেগে কবিতা লেখেন, সাদা কাগজ না পেয়ে সিমেন্টের বস্তাই হয়ে ওঠে তাঁর কবিতার খেরোখাতা। তিন মাস আগে সিঙ্গাপুরে প্রকাশিত হয়েছে তাঁর কাব্যগ্রন্থ মি মাইগ্র্যান্ট। সিঙ্গাপুরে তো বটেই, আরও কয়েকটি দেশের গণমাধ্যমে উঠে এসেছে এ খবর। নির্মাণশ্রমিক থেকে কবি হয়ে ওঠার গল্পটা মো. মুকুল হোসেন নিজেই লিখেছেন ছুটিরদিনের পাঠকদের জন্য।

পাড়াগাঁয়ে আমার জন্ম। সবার সঙ্গে হইহুল্লোড় করে বড় হয়েছি। ছোটবেলায় অনেক কষ্ট করেছি, ধুঁকে ধুঁকে বড় হয়েছি। তবে আমার বন্ধুদের মধ্যে আমি মনে হয় একটু আলাদাই ছিলাম।
ছোটবেলায় যখন স্কুলে গান করতাম, তখন অন্যদের হাততালি ছিল আমার প্রেরণা। ভালো গান করতে পারতাম না, তবে চেষ্টার কোনো কমতি ছিল না। তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণিতে পড়ার সময় আমার গান করা শুরু। প্রাইমারি স্কুল, হাইস্কুল, কলেজসহ বিভিন্ন জায়গায় গান করতাম। গান করতে করতে হঠাৎ গান লেখার একটা ভূত মাথায় চাপল। দু-একটা গান লিখলে, বড় বোন দেখত। বোন বলত, ‘মুকুল, এগুলো গান ঠিক আছে, কিন্তু কবিতা হলে ভালো হতো।’