প্রবাসে মিস করছি প্রিয় ঋতু শরৎ

এ লেখা যেদিন লিখছি, সেদিন ১ আশ্বিন। রূপ-যৌবনে পরিপূর্ণ শরৎকাল। আমার সবচেয়ে প্রিয় ঋতু শরৎ। ২০০৯ সালে পড়াশোনার ভিসায় ব্রিটেন পাড়ি দেওয়ার আগ পর্যন্ত আমার জন্ম-শৈশব-কৈশোর কেটেছে গ্রামে। স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনার বাধ্যকতায় মাঝখানে ছয়টি বছর থাকতে হয় চট্টগ্রাম নগরে। জীবনের বাকি সময়টুকু গাঁয়ে কাটিয়ে জীবনানন্দের রূপসী বাংলার রূপ দেখার স্বাদটি পেয়েছি। আবহমান বাংলার চিরাচরিত ঐতিহ্য, বাঙালি সংস্কৃতি ও ঋতু বৈচিত্রের সঙ্গে আমি পুরো পরিচিত। স্মৃতির মণিকোঠায় বারবার ফিরে আসে গাঁয়ে কাটানো সেসব দিনগুলোর কথা। হৃদমন্দির ক্ষরণ হয় গাঁয়ের দিনগুলোর কথা মনে পড়লে। প্রিয় ঋতু শরৎকে পেয়েছি পুরো গ্রামীণ আবহে। তাই শরতের শতভাগ উপলব্ধি আমার গ্রামকে ঘিরে।
শাপলা-শালুক, শেফালি-শিউলী কিংবা কাশফুলের উন্মাদনা যে মাসটিতে, সে তো শরৎ। ভাদ্রের কুলে-কুলে ভরা নদী, পড়ন্তবেলায় শীত-শীত অনুভূতি, একটু আধটু কুয়াশা কিংবা ঘাস-শিশিরের আলিঙ্গন। চোখ জুড়ানো সারি সারি গাঢ় সবুজ সবুজ আমন খেতের সুমসাম নীরবতা। এর ওপর দিয়ে সাদা বকের গন্তব্যহীন উড়ে যাওয়া। এসবি আমি পেয়েছি শুধু শরতেই। আমার কাছে শরতের আমেজ আর আমার গ্রাম একই বৃত্তে।
আমার গ্রামের নাম দক্ষিণ দৌলতপুর। চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে এটির অবস্থান। গ্রামের শেষ পূর্বে আমাদের পাড়াটি। পাড়ার শেষ উত্তরে ও একপ্রান্তে আমাদের ঘর। টিনের চার চালা ও মাটির তৈরি গুদাম ঘরটি পাকিস্তান আমলের। ঘর থেকে পা ফেললেই তিন পার্শ্বে দিগন্তজোড়া আবাদী জমি, জমির বুক ছিঁড়ে সোজা উত্তরে চলে গেছে একটি মেঠোপথ আর পূর্বে ছোট একটি খাল। বছর জুড়ে চাষবাদ চলত জমিগুলোতে। আউশ, আমন, বোরো, শীত-গ্রীষ্মকালীন সবজি না হয় প্রান্তিক চাষ। পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া খালটির নাম মরাধুরুং। বছরে আড়াই থেকে তিন মাসই সেÊাত থাকত খালটিতে। জনশ্রুতি আছে সারা বছর সেÊাত না থাকায় ধুরুং শব্দের আগে মরা শব্দটি বিশেষিত হয়েছে। শরতে দেখতাম মরা ধুরুং খালের পানি টইটুম্বর থেকে দিন দিন কমতে শুরু করেছে।
প্রতি বর্ষায় দেখতাম বাড়ির তিন পাশের জমিগুলোর আমন গোছা পানিতে ডুবু-ডুবু লুকোচুরি খেলতে। শরতে এসে কমে গেছে জল। তখন গা-ঝাড়া দেয় আমন গোছা। এভাবে দিন দিন গাঢ় সবুজে ভরে যায় আমন বিল। তখন বাড়ির তিন পাশ এক নৈসর্গিক রূপ ধারণ করে। মনে হয় কোনো তুলিকারের মায়াবী স্পর্শে রং-তুলির সুনিপুন যজ্ঞ; কিন্তু তা নয়। এটি সবুজ রঙে সাজানো প্রকৃতির এক অপরূপ সাজ, যা শুধু শরৎ ঋতুতেই মেলে। বাড়ির পার্শ্বে আমন বিলের মাঝখান দিয়ে চলে যাওয়া মেঠোপথটি দিয়ে শরৎ-বিকেলে হাঁটার মজাই আলাদা। খুব মনে পড়ে সুযোগ পেলেই শরতের বিকেলে আমি মেঠোপথটি দিয়ে খালি পায়ে হাঁটতাম আর প্রকৃতির প্রেমে হাবুডুবু খেতাম। এ ছিল এক ব্যতিক্রম উপলব্ধি যা সবার ভাগ্যে জোটে না। তখন কবিগুরু রবীন্দ্রনাথের গানের ওই চরণগুলোই খেয়ালে আসত-
“আজি শরৎপনে প্রভাতস্বপনে কী জানি পরান কী যে চায়। ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে, বিহগ বিহগী কী যে গায় গো, আমি মধুর বাতাসে হৃদয় উদাসে, রহে না আবাসে মন হায়-কোন কুসুমের আশে কোন ফুলবাসে সুনীল আকাশে মন ধায় গো। আজি কে যেন গো নাই, এ প্রভাতে তাই জীবন বিফল হয় গো-তাই চারিদিকে চায়, মন কেঁদে গায় ‘এ নহে, এ নহে নয় গো’।”
প্রতি শরতে আমার গাঁয়ের বিশেষ উপহার তালপিঠা আর মধুভাত। হয়তো বা এগুলো আমাদের অঞ্চলে শরতের প্রান্তিক খাবার। জানি না বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এর প্রচলন আছে কি না। পাকা তালের রস দিয়ে তৈরি তালপিঠা আর মধুভাতের ধুম পড়ত পাড়াজুড়ে। পালাক্রমে ঘরে ঘরে আয়োজনের পাশাপাশি চলত নিমন্ত্রণও। শরৎ সকালে চোখ খুললেই দেখতাম প্রতিবেশিরা আমাদের ঘরে হাজির তালপিঠা-মধুভাত খেতে।
আমার গ্রামের সোজা তিন কিলোমিটার পূর্বে দমদমা গ্রাম ও ছাড়ালিয়া হাট। এলাকাটির চারপাশ জুড়ে ছিল অসংখ্য হাওড়। হাওড়গুলো প্রতি শরতে শাপলায় ঠাসা থাকত। গাছগাছালি আর আগাছা-জঙ্গলে ভরা হাওড়গুলোতে যখন শাপলা ফুটত তখন এলাকাতে এক দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি হতো। হাওড়গুলোর পিনপতন নীরবতার মধ্যে শাপলা তোলার মজাই ছিল আলাদা। তেমনি কোনো শাপলামহাল দেখে বুঝি জাতীয় কবি লিখেছেন-
“শাপলা শালুকে সাজাইয়া সাজে/শরতে শিশিরে নাহিয়া/শিউলী চুপানো শাড়ী পরে ফেরো/আগমনী গীত গাহিয়া।”
মাকে দেখতাম প্রতি শরতে আমাদের ঘরের ছাদে রাখা টিনের তৈরি স্যুটকেস বা বাক্স থেকে পরিত্যক্ত কাপড় ও ছেড়া-শাড়ি বের করতে। শরতের অলস সময় কাজে লাগিয়ে কাঁথা সেলাইয়ের জন্য এ কাজটি করতেন মা।
আমাদের বাড়ি থেকে কাচা সড়ক দিয়ে এক কিলোমিটার গেলে পরে পাকা সড়ক। বর্ষায় যখন কাচা সড়কটি কাদা-জলে একাকার তখন চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো। শরতে এসে দিন দিন শুকিয়ে আসত কাদা। চলাচলে ফিরে পেতাম আনন্দ।
আজ আমি আমার জন্মস্থান, আমার গাঁ থেকে প্রায় সাত হাজার ৫৫৮ কিলোমিটার ( www.aroundtheworld360.com অনুসারে) দূরে। মাঝখানে সাত সমুদ্র, তের নদী। কিন্তু আমার হৃদয়, চিন্তা কিংবা স্মৃতিতে আমার দেশ-গ্রাম কিংবা প্রিয় ঋতু শরৎ অতি নিকটে। শরৎকে যখন খুবই মিস করি তখন জীবনমুখী শিল্পী হায়দার হোসেনের গলায় বলতে ইচ্ছে করে,
‘আমি চীৎকার করিয়া/কাঁদিতে চাহিয়াও/করিতে পারিনি চীৎকার।’
কিংবা বাংলাসাহিত্যে সনেট বা চতুর্দশ পদী কবিতার লেখক মাইকেল মধুসূদন দত্তের ভাষায় বলতে ইচ্ছে করে-
‘হে বঙ্গ/ভান্ডারে তব বিবিধ রতন।’
শেখ মোহাম্মদ সাহেদ
রোম, ইতালি