প্রবীণদের দেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে এখন ১৪ বা তার চেয়ে কম বয়সী ছেলে-মেয়েদের তুলনায় ৬৫ বা তার চেয়ে বেশি বয়সী নারী-পুরুষের সংখ্যা বেশি। ছবি:দ্য গার্ডিয়ান
জাপানে এখন ১৪ বা তার চেয়ে কম বয়সী ছেলে-মেয়েদের তুলনায় ৬৫ বা তার চেয়ে বেশি বয়সী নারী-পুরুষের সংখ্যা বেশি। ছবি:দ্য গার্ডিয়ান

অর্থনৈতিক ও জীবনযাপনের মানের ক্ষেত্রে উন্নয়ন হয়েছে অনেক। কমেছে মৃত্যুহার, বেড়েছে গড় আয়ু। কিন্তু জীবনের প্রত্যাশা কি কমে গেছে? তরুণ-তরুণীরা বিয়ে বা সন্তান ধারণে আগ্রহ দেখাচ্ছেন না। জাপানে দিন দিন এভাবেই কিশোরদের তুলনায় বয়স্কদের সংখ্যা বাড়ছে। সর্বশেষ হিসাবমতে দেশটিতে এখন প্রতি চারজনে একজনের বয়স ৬৫ বছর।


​সরকারি এক হিসাব বলছে, জাপানের জনসংখ্যা গত চার বছর ধরেই লাগাতার কমেছে। কমতে কমতে দেশটির জনসংখ্যা প্রায় পনেরো বছর বা ২০০০ সালের চেয়েও কমে গেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এএফপি।

শুক্রবার প্রকাশিত জাপানের এই সরকারি হিসাবে বলা হয়েছে, দেশটির জনসংখ্যা প্রায় ০ দশমিক ১৭ শতাংশ বা ২ লাখ ১৫ হাজার জন কমেছে। এই হিসাব অনুযায়ী গত বছরের ১ অক্টোবর জাপানের জনসংখ্যা ছিল ১২ কোটি ৭০ লাখ ৮৩ হাজার। দীর্ঘদিন ধরে জাপানে বসবাসরত বিদেশিদেরও এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সর্বশেষ এই পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে এখন ১৪ বা তার চেয়ে কম বয়সী ছেলে-মেয়েদের তুলনায় ৬৫ বা তার চেয়ে বেশি বয়সী নারী-পুরুষের সংখ্যা বেশি। আর ৬৫ বা তার চেয়ে বেশি বয়সী নাগরিকের মোট সংখ্যা ৩ কোটি ৩০ লাখ।

জাপানের এই জনসংখ্যা পরিস্থিতি দেশটির নীতিনির্ধারকদের জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ। কেননা ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীর পেনশনের অর্থ জোগাতে হবে আগামী দিনের কর্মজীবী তরুণ-তরুণী প্রজন্মকেই। কিন্তু জন্মহার ক্রমেই কমতে থাকায় ভবিষ্যতের কর্মক্ষম প্রজন্মই তো সংখ্যায় অনেক ছোট হয়ে যাবে।

কিন্তু অন্য অনেক দেশের মতো বহিরাগত শ্রমিকদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করতে খুব একটা উৎসাহী নয় জাপান। জনসাধারণও এ ধরনের অভিবাসনের ব্যাপারে খুবই সতর্ক।

জাপান সরকারের হিসাব অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার বজায় থাকলে ২০৬০ সালে দেশটির জনসংখ্যা এখনকার চেয়ে আরও কমে গিয়ে হবে মাত্র ৮ কোটি ৬৭ লাখ। আর তখন দেশটিতে প্রতি ১০ জনের ৪ জনেরই বয়স হবে ৬৫ বছর বা তার চেয়ে বেশি।