প্রবেশমূল্য বেড়েছে বিনোদন-সুবিধা বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম শিশুপার্কের প্রবেশমূল্য ২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০ টাকা। পার্কে আসা শিশু-কিশোর ও অভিভাবকদের কথা—নগরের অন্য পার্কের তুলনায় প্রবেশমূল্য তেমন একটা বেশি নয়, তবে বিনোদনের সুবিধা বাড়ানো গেলে পার্কটি আরও আকর্ষণীয় হতো। এক দশক আগেও কাজির দেউড়ি এলাকার চট্টগ্রাম সার্কিট হাউসসংলগ্ন এ পার্ক ছিল নগরবাসীর বিনোদনের বড় কেন্দ্র। পরে ফয়’স লেক, আগ্রাবাদ শিশুপার্ক ও মিনি বাংলাদেশ হলেও এ পার্কে দর্শকের আনাগোনা ভালোই ছিল। তবে বিনোদন-সুবিধা না বাড়া ও নানা সমস্যার কারণে এ পার্কের প্রতি নগরবাসীর আগ্রহ কমছে বলে জানা গেছে।এ বিষয়ে পার্কের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘শুল্ক ৪ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৫ শতাংশ। বেড়েছে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং বিভিন্ন রাইডের যন্ত্রাংশের দাম। ফলে প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে প্রবেশমূল্য ১০ টাকা বাড়ানো হয়েছে।’ টিকিটের দাম বাড়ায় শিশু-কিশোরদের সংখ্যা কমার আশঙ্কা করলেন তিনি।জানা যায়, চট্টগ্রাম শিশুপার্কের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জি এম এম রহমান ব্যক্তিগত উদ্যোগে পার্কটি প্রতিষ্ঠা করেন। বেসরকারি উদ্যোগে দেশের প্রথম এ পার্কের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ১৯৯৪ সালের ২৪ নভেম্বর। প্রথমে চার-পাঁচটি রাইড নিয়ে এটি শুরু হলেও দিনে দিনে নতুন রাইড যুক্ত হয়, বাড়ে জৌলুস। সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের জন্য পার্কের দরজা সবসময় খোলা বলে জানান কর্মকর্তারা। বর্তমানে পার্কে আছে চুক চুক ট্রেইন, মেরি-গো রাউন্ড, সুপার চেয়ার, বাম্পার কার, থ্রি-ডিসহ আধুনিক অনেক রাইড। এসবে ৩০ টাকা আর ভয়েজার বোট, হর্স রেসিং, জেব্রা রেসিং, ফেরি হুইল, হেলিকপ্টারে চড়তে ১৫ টাকা দিতে হয়। প্রতিদিন সকাল ১০টায় খুলে দেওয়া হয় পার্ক, বন্ধ হয় রাত সাড়ে আটটায়। শুক্রবার খোলা থাকে রাত নয়টা পর্যন্ত।‘টিকিট বিক্রি খুব কম। তবে শুক্রবার ও বিশেষ কোনো উৎসবে প্রচুর লোকসমাগম হয়।’ জানালেন টিকিট কাউন্টারের কর্মকর্তা দিলদার আহমেদ। প্রতিদিন গড়ে ২০০-৫০০ দর্শক আসেন এবং উৎসব পার্বণে তা হাজার ছাড়িয়ে যায় বলে জানান তিনি। গত শুক্রবার বিকেলে মা-বাবার সঙ্গে পার্কে বেড়াতে আসে শিশু ওয়াসিকা আহমেদ ও আবির আহমেদ। আবির জানায়, বাম্পার কারে চড়ার জন্য সে পার্কে এসেছে। ওয়াসিকার পছন্দ ফ্লাওয়ার কাপ। তাদের মা গুলজার বেগম জানান, কর্তৃপক্ষ প্রবেশমূল্য বাড়ালেও বিনোদন-সুবিধা তেমন বাড়ায়নি। দুই বছর আগে যা ছিল এখনো তা-ই আছে। পার্কের ভেতরের দোকানে খাবারের গলাকাটা দাম নেওয়া হয় বলে অভিযোগ করলেন অনেক দর্শক। বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সৈয়দ জামাল আহমেদ বললেন, ‘এখানে বিভিন্ন দোকানে ফুচকা ও চটপটি বিক্রি হয় ৩০ টাকায়, অথচ খাবারের যে মান তাতে ২০ টাকার বেশি হওয়ার কথা নয়। যে মানের নুডুলস বাইরে ৪০ টাকা তা পার্কের দোকানে ৬০ টাকা, ৬০ টাকার চিকেন টিক্কা ৯০-১২০ টাকায় বিক্রি হয়। আধা লিটার একটি পানীয়ের দাম ৩৫ টাকা অথচ বাইরে ২৮ টাকা। খাবারের বাড়তি দাম প্রসঙ্গে পিৎজা কর্নারের বিক্রয়কর্মী হাবিবুর রহমান জানান, দর্শক কম, তার ওপর দোকানের ভাড়া আট হাজার টাকা। সে কারণে দাম একটু বেশি রাখতে হয়। তবে খাবারের মান ভালো। ক্যাফে চিটাগাংয়ের বিরুদ্ধে খাবারের বেশি দাম রাখা ও নারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকেলে পার্কে বেড়াতে আসা সুমনা চৌধুরী বলেন, ‘ক্যাফে চিটাগাংয়ের মালিক বেড়াতে আসা নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। খাবারের দামও বাড়তি রাখেন।’থ্রি-ডি গেম খেলতে এসে সেটি বন্ধ দেখে মন খারাপ হয়ে যায় ছোট্ট ইনজামাম আহমেদের। এ রকম আরও কিছু রাইড হঠাৎ করে বন্ধ রাখা হয় বলে জানা যায়।রাইড বন্ধ থাকা প্রসঙ্গে মহাব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, প্রতিদিন সকালে মেইটেননেন্স বিভাগ রাইডগুলো পরীক্ষা করে দেখে। যান্ত্রিক ত্রুটির কারণে কোনো রাইড বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তা মেরামত করা হয়। তবে বিদেশ থেকে আনা রাইডগুলো মেরামত করতে বেশি সময় লেগে যায়। কারণ যন্ত্রাংশ স্থানীয় বাজারে পাওয়া যায় না।’মঈন চৌধুরী ও মোস্তাক আহমদ জানান, ‘পার্কে আসি আনন্দের জন্য, কিন্তু এখানে যৌনকর্মীদের আনাগোনা আছে। এতে বিব্রত হতে হয়।’