চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মানছে না বলে অভিযোগ পাওয়া গেছে। কর্তৃপক্ষ গত নভেম্বরে ১০টি বিভাগে ২২ প্রভাষক পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে শ্রেণীভিত্তিক ফলাফল এবং গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের জন্য পৃথক শর্তারোপ করা হয়।গত বছরের ২ মার্চ জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে (শিম/শা: ১১/১৯-১/২০০৭/১৭৪) জিপিএ-৩কে শ্রেণীভিত্তিক ফলাফলে প্রথম শ্রেণীর সমতুল্য ধরতে নির্দেশনা দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের তৎকালীন সচিব সৈয়দ আতাউর রহমান প্রজ্ঞাপনে সই করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে প্রথম শ্রেণীপ্রাপ্তদের সমতুল্য হিসেবে জিপিএ ৪ দশমিক ৫ পাওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব ওই শর্তের কারণে বিপাকে পড়েছেন নিয়োগপ্রত্যাশী অনেক মেধাবী শিক্ষার্থী। ওই শর্ত পূরণ না হওয়ায় বিভাগের ইতিহাসে সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের শিক্ষক হওয়ার স্বপ্নভঙ্গের আশঙ্কা দেখা দেয়। এ প্রসঙ্গে উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক পদে আবেদনের যোগ্যতা নির্ধারণে আমাদের একটি নিজস্ব নিয়ম আছে। এ নিয়মেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আপাতত এটাই কার্যকর হবে।’ জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রভাষক পদে আবেদনের যোগ্যতা হিসেবে শ্রেণীভিত্তিক পদ্ধতির ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাজীবনের চারটি স্তরের যেকোনো তিনটিতে প্রথম বিভাগ থাকতে হবে। কোনো স্তরে তৃতীয় বিভাগ বিবেচিত হবে না। আর গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫ এবং স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৭০ ও জিপিএ ৩ দশমিক ৬ থাকার শর্ত দেওয়া হয়।গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ শর্তকে বৈষম্যমূলক ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনবিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁরা বলেছেন, এর ফলে পুরোনো পদ্ধতিতে উত্তীর্ণ একজন প্রার্থী তিনটি প্রথম শ্রেণী থাকা সত্ত্বেও প্রভাষক হতে পারবেন। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা শিক্ষাজীবনের চারটি স্তরের প্রতিটিতে প্রথম শ্রেণীর সমমান জিপিএ থাকা সত্ত্বেও আবেদন করতে পারছেন না। শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। সূত্রমতে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে আবেদন করার ক্ষেত্রে জিপিএ শিথিল এবং মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। অণুজীববিদ্যা (মাইক্রোবায়োলজি) বিভাগের সভাপতি আবুল মনছুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৮ জানুয়ারি এ-সংক্রান্ত একটি নোট দেন। তিনি প্রথম আলোকে বলেন, গ্রেডিং বৈষম্যের কারণে শিক্ষার্থীরা যাতে বঞ্চিত না হয়, সে ব্যাপারে কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। একই মন্তব্য করেছেন সিন্ডিকেট সদস্য তফজল হক। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আচার্য হচ্ছেন রাষ্ট্রপতি। তাঁর আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন কর্তৃপক্ষ পালন করতে বাধ্য। প্রভাষক পদে আবেদনের ক্ষেত্রে জিপিএ শিথিল করার কোনো চিন্তা রয়েছে কি না, জানতে চাইলে উপাচার্য (ভারপ্রাপ্ত) বলেন, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের সঙ্গে সমন্বয় করে একটি নতুন নিয়ম করা যেতে পারে। তবে এ প্রস্তাব একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে পাস হতে হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি মাসে কোনো একাডেমিক কাউন্সিল হওয়ার সম্ভাবনা নেই।