প্রভাষকদের ইনক্রিমেন্ট পাওয়ার ক্ষেত্রে নতুন জিপিএ নির্ধারণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষকদের ইনক্রিমেন্ট (বার্ষিক বেতন বৃদ্ধি) দেওয়ার ক্ষেত্রে জিপিএ পুনর্বিন্যাস করা হয়েছে। এখন থেকে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে জিপিএ ৩ দশমিক ৬০ প্রাপ্ত শিক্ষকেরা ইনক্রিমেন্ট পাবেন।৩ নভেম্বর দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৭৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ সভায় সভাপতিত্ব করেন।উপাচার্য প্রথম আলোকে বলেন, ‘তরুণ শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় ইনক্রিমেন্ট প্রদানে জিপিএ-এর পুনর্বিন্যাস করা হয়েছে।’বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী ও নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। তাঁরা জানান, শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইনক্রিমেন্ট দেওয়ার ক্ষেত্রে সব অনুষদের জন্য নতুন জিপিএ-৩ দশমিক ৬০ নির্ধারণ করা হয়েছে।এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘ইতিপূর্বে কয়েকটি বিভাগ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে জিপিএ ৩ দশমিক ৭৫ পাওয়া প্রভাষক ক্যাটাগরির শিক্ষকেরা ইনক্রিমেন্ট পেতেন। কিন্তু এসব শ্রেণীতে জিপিএ ৩ দশমিক ৭৫ পাওয়া খুবই দুরূহ। ফলে তরুণ প্রভাষকেরা ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হতেন। সিন্ডিকেটের নতুন এ সিদ্ধান্তের ফলে তাঁরা উপকৃত হবেন।’ জানা যায়, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের পূর্ববর্তী শিক্ষাগত অর্জন ও অভিজ্ঞতাকে মূল্যায়ন এবং তাঁদের উৎসাহিত করার জন্য ইনক্রিমেন্টের ব্যবস্থা প্রচলিত আছে। এ ক্ষেত্রে একজন প্রভাষক মাধ্যমিক থেকে স্নাতকোত্তর শ্রেণীর প্রতিটিতে প্রথম শ্রেণী বা সিজিপিএ ৩.৫ অর্জন করলেই ইনক্রিমেন্ট পাওয়ার যোগ্যতা অর্জন করেন।ইনক্রিমেন্ট দেওয়ার ব্যাপারে সিন্ডিকেটের নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন তরুণ শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের আদনান মান্নান এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাধব দীপ প্রথম আলোকে বলেন, ‘সিন্ডিকেটের এ সিদ্ধান্তের কারণে তরুণ শিক্ষকদের ইনক্রিমেন্ট পাওয়ার ক্ষেত্রে যে বাধা ছিল, তা দূর হবে।’ প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০০৯ সালের মে মাসে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪৫৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এত দিন কেবল স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে জিপিএ ৩.৭৫ প্রাপ্ত শিক্ষকদের ইনক্রিমেন্ট দেওয়া হতো। এ সিদ্ধান্তকে অযৌক্তিক ও বৈষম্যমূলক হিসেবে আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকেরা। এ ব্যাপারে গত ৩১ অক্টোবর তাঁরা উপাচার্যকে স্মারকলিপি দেন।