প্রমার আবৃত্তি কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমা আবৃত্তি সংগঠনের উদ্যোগে নগরের জেলা শিল্পকলা একাডেমীতে চলছে চার মাসের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা। ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীরা প্রতি শুক্রবার সকালে পাঠ নেন। উচ্চারণ-সচেতন তরুণ-তরুণীর পদচারণায় এ সময় সেমিনার কক্ষ মুখর হয়ে ওঠে। ৯ মে কর্মশালায় আমন্ত্রিত প্রশিক্ষক ছিলেন আবৃত্তিকার লায়লা আফরোজ ও রবি শংকর মৈত্রী। প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে পরিচিতি পর্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। ‘রবীন্দ্রনাথের কবিতা ও আবৃত্তি’ এবং ‘আজকের সমাজ বাস্তবতায় রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোচনায় অংশ নেন আবৃত্তিকার কংকন দাশ, জেরিন মিলি, শর্মিষ্ঠা বড়ুয়া. শাহেদুল ইসলাম, এ টি এম সাইফুর রহমান, জোবায়ের জুয়েল, রাবেয়া সুলতান প্রমুখ। তাঁরা বলেন, ‘আবৃত্তির মতো যেকোনো প্রায়োগিক শিল্পে চর্চার কোনো বিকল্প নেই। নিরন্তর চর্চা একজন শিল্পীকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে পারে।’লায়লা আফরোজ আবৃত্তির নির্মাণ ও উপস্থাপন এবং রবি শংকর মৈত্রী কবিতার ভাব-রস ও ছন্দ বিষয়ে আলোচনা করেন।