প্রমার আবৃত্তি কর্মশালার সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমা আবৃত্তি সংগঠন পরিচালিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার ৩৬তম সমাবর্তন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৮ আগস্ট অনুষ্ঠিত হয়। সমাবর্তনে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, অতিথি ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহকারী সম্পাদক কামরুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রমার সভাপতি আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। স্বাগত বক্তব্য দেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস স্মরণে আবৃত্তি করেন প্রমার আবৃত্তিশিল্পী কংকন দাশ, শর্মিষ্ঠা বড়ুয়া, মোহিত বিশ্বাস ও নাজমুল আলীম সাদেকী।
অধ্যাপক মাহবুবুল হক বলেন, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি তরুণদের শুদ্ধ উচ্চারণে কথা বলা চর্চা করার আহ্বান জানান।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ নেওয়া আবৃত্তিশিল্পীদের মধ্যে সনদ বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রমার সদস্য মাহফুজ আহমেদ ও তাসলিমা আক্তার।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অনন্ত প্রেম’, ‘শেষের কবিতা’, ‘অন্তর মম বিকশিত কর’, ‘প্রশ্ন’, ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’; সুভাষ মুখোপাধ্যায়ের ‘জননী জন্মভূমি’, আবু জাফর ‘ওবায়দুল্লাহর কোনো এক মাকে’, পূর্ণেন্দু পত্রীর ‘সেই গল্পটা’, নির্মলেন্দু গুণের ‘মানুষ’, আহসান হাবিবের ‘আমি কোন আগন্তুক নই’, হেলাল হাফিজের ‘বাম হাত তোমাকে দিলাম’, জয় গোস্বামীর ‘মালতী বালা বালিকা বিদ্যালয়’, রাশেদ রউফের ‘আমার স্পর্ধা আমার অহংকার’, কামরুল হাসান বাদলের ‘ভালবাসা আসবে নেমে’, ফাউজুল কবিরের ‘তোমার বিশ্বাস হয়’, শুভ দাশগুপ্তের ‘আমিই সেই মেয়ে’সহ বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করেন প্রশিক্ষণার্থীরা। ‘সাবাস বাংলাদেশ’ শিরোনামে বৃন্দ পরিবেশনার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।