প্রমার বর্ণাঢ্য স্বাধীনতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বাধীনতার ৪০ বছরে আমাদের ব্যর্থতা যেমন আছে, তেমনি আছে অনেক অর্জনও। সেসব অর্জনকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে ভূমিহীন কৃষক, খেতমজুরসহ সমাজের নিচতলার মানুষদেরও ওপরে নিয়ে আসতে হবে। আর এ জন্য প্রয়োজন অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিকল্পনা।’ নগরের ডিসি হিলে প্রমা আবৃত্তি সংগঠন আয়োজিত স্বাধীনতা উৎসবে বক্তারা এসব কথা বলেন। গান, নাচ, আবৃত্তি ও মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনার মধ্য দিয়ে গতকাল দুদিনের এ উৎসব শেষ হয়। সমাপনী দিনে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা-গবেষক মাহফুজুর রহমান, ইদ্রিস আলী ও ফেরদৌস আরা আলীম। একক গান করেন স্বাধীন বাংলা বিপ্লবী বেতারকেন্দ্রের শিল্পী কিরণচন্দ্র রায়, মৃণাল ভট্টাচার্য ও কল্পনা লালা।কক্সবাজারের ওঁয়া ওঁয়া রাখাইন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে রাখাইন নাচ। এরপর দলীয় নৃত্য নিয়ে আসে ঘুঙুর নৃত্যকলা কেন্দ্রের সদস্যরা। উদীচী শিল্পীগোষ্ঠী পরিবেশন করে গণসংগীত। এ ছাড়া বৃন্দ আবৃত্তিতে অংশ নেয় প্রমা আবৃত্তি সংগঠন, বোধন আবৃত্তি পরিষদ, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, উচ্চারক আবৃত্তি কুঞ্জ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ। একক আবৃত্তি করেন রণজিৎ রক্ষিত ও বেলায়েত হোসেন। প্রমার স্বাধীনতা উৎসব শুরু হয় গত শুক্রবার। ‘রুদ্ধ দ্বারে আঘাত করে মুক্ত করো প্রাণ’ স্লোগানে এ উৎসবের উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি নির্মলেন্দু গুণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, গবেষক ও লেখক মাহবুবুল হক, আবৃত্তিকার হাসান আরিফ, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সাইদুর রহমান প্রমুখ। এদিন কবি নির্মলেন্দু গুণ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব হাসানকে সম্মাননা দেওয়া হয়। উদ্বোধনী দিনের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল মাহমুদুজ্জামান বাবু, সুজিত রায় ও শ্রেয়সী রায়ের কণ্ঠে একক গান এবং বাবুল জলদাস ও তাঁর দলের ঢোলবাদন। আদিবাসী নাচ করেন রাঙামাটির জুম ঈসথেটিকস কাউন্সিলের সদস্যরা। দলীয় নাচে অংশ নেয় স্কুল অব ওরিয়েন্টাল ডান্স। দলীয় গানে ছিলেন সংগীত ভবনের শিক্ষার্থীরা। একক আবৃত্তি করেন হাসান আরিফ ও রবিশংকর মৈত্রী। বৃন্দ আবৃত্তিতে অংশ নিয়েছে প্রমার শিশু বিভাগের সদস্যরা। এ ছাড়া যন্ত্রসংগীতে ছিলেন প্রিয়তোষ বড়ুয়া ও তাঁর দল।