সড়ক থেকেই শোনা যাচ্ছিল ঢোল বাদনের তাক্দুম তাক্দুম বাজনা। এ যেন এক বিরাট আয়োজন। আসলেই তাই। গেট পেরিয়ে প্রবেশ করতেই দেখা গেল সবার মধ্যেই উচ্ছলতা। ঢোলের তালে তালে নাচছে-গাইছে সবাই।গত মঙ্গলবার ছিল প্রমার ২১তম বছর পূর্তি। শুদ্ধ উচ্চরণ ও আবৃত্তি সংগঠন প্রমা তার ২১ বছর পূর্তি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আয়োজন করে এক আনন্দঘন অনুষ্ঠানের। মিলনায়তনের এক কোণে বানানো হচ্ছে শীতের ভাপা পিঠা। আর মিলনায়তনের ভেতরে-বাইরে চলছে জমাট আড্ডা। সেই আড্ডায় যোগ দিয়েছেন চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের নানা ব্যক্তি। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় শুরুতেই। তারপর চলে সুনীল ও তাঁর দলের ঢোল বাদন। ঢোলের তালে নাচ শেষে মিলনায়তনে ঢুকতেই চোখে পড়ল ভেতরে থাকা আসনগুলো সরিয়ে সেখানে বিছানো হয়েছে কার্পেট। আর চারদিকে লাল, নীল, সবুজ, হলুদ বেলুনের মেলা। প্রমার অন্য রকম আয়োজনে সবাই সেই কার্পেটের ওপর বসেছে সারিবদ্ধভাবে। বাদ যাননি অতিথিরাও। তাঁদের জন্যও একই ব্যবস্থা। মিলনায়তনের ভেতরে-বাইরে প্রমার কর্মী-সংগঠক, সদস্য সবার চোখে-মুখে হাসির ঝিলিক দিচ্ছিল বারবার। শুরুতেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কিছু বলার জন্য আহ্বান করেন প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান। কৈশোর পেরিয়ে প্রমার যৌবনে পদার্পণ উপলক্ষে সংগঠনটিকে শুভেচ্ছা ও সর্বাঙ্গীন শুভ কামনা করে বক্তব্য দেন কবি অরুণ দাশ গুপ্ত, শহীদ জায়া বেগম মুশতারী শফি, লেখিকা ফাহমিদা আমীন, কবি ও সাংবাদিক আবুল মোমেন, নাট্যকার প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গাজী সালাহ উদ্দিন, অধ্যাপক হোসাইন কবীর, মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, কবি ফাউজুল কবীর, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, আবৃত্তিশিল্পী রণজিত রক্ষিত, নাট্যব্যক্তিত্ব শুভ্রা বিশ্বাস, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মো. মিজানুর রহমান চৌধুরী, উদীচীর সাধারণ সম্পাদক সুনীল ধর, চিত্রশিল্পী সুব্রত বড়ুয়া, আহমেদ নেওয়াজ, নাট্যশিল্পী জোবায়দুর রশিদ, জাহাঙ্গীর কবীর, নৃত্যশিল্পী শুভ্র সেন গুপ্তা প্রমুখ।অতিথিদের বক্তব্য দেওয়ার ফাঁকে ফাঁকে চলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ফুলেল শুভেচ্ছা। চলে কবিতা আবৃত্তি, গান আর যন্ত্রসংগীতের আসর। এই আড্ডার আসরে প্রমার সভাপতি রাশেদ মাহমুদকে উ ৎ সর্গ করে মীর মোস্তফার ‘বেদনার পদাবলি’ কবিতাটি পাঠ করেন আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী। ‘আমার গলার হার খুলে নে...’ এবং ‘আমি কূল হারা কলঙ্কিনী’ এই গান দুটিকে বাঁশির সুরে বাজিয়ে শোনান মো. আনোয়ারুল হক ও তাঁর দল। প্রমার কর্মী মাহফুজের নাচ এবং দর্শক-শ্রোতাদের হাততালি দেখেই বোঝা গিয়েছিল ব্যাপক সাড়া ফেলে দিয়েছে আসওয়াদ নামের যন্ত্রশিল্পী দলটি।এরপর গান পরিবেশন করেন শিল্পী শ্রেয়সী রায়। তিনি ‘ভালোবাসি ভালোবাসি’ এবং ‘তোমার খোলা হাওয়া’ গান দুটি গেয়ে শোনান।আরও গান গেয়ে শোনান শান্তনু বিশ্বাস, শাহরিয়ার খালেদ ও অরিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং প্রমার সদস্যদের অংশগ্রহণে প্রদীপ প্রজ্বালন ও কেক কাটা হয়। সবার মধ্যে বিতরণ করা হয় ভাপা পিঠা। রাত নয়টা পর্যন্ত চলে এই আনন্দ উ ৎ সব। অনুষ্ঠানের শেষ হয় সবার অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।