প্রমার ২৪ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৪ বছরে পদার্পণ উপলক্ষে প্রমা আবৃত্তি সংগঠনের শোভাযাত্রা
২৪ বছরে পদার্পণ উপলক্ষে প্রমা আবৃত্তি সংগঠনের শোভাযাত্রা

কবিতাকে সঙ্গে করেই ২৪ বছর কাটিয়ে দিল প্রমা আবৃত্তি সংগঠন। দেশের দুর্যোগ কিংবা আনন্দ উদ্যাপনের দিনে কবিতাই ছিল এই সংগঠনের প্রধান অস্ত্র। ২৪ বছরে পদার্পন উপলক্ষে গত ২৯ ও ৩০ নভেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে প্রমা আবৃত্তি সংগঠন আয়োজন করে আনন্দমেলার।
প্রমার জন্মদিনে সম্মাননা জানানো হয় দুই গুণী ব্যক্তিকে। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য অধ্যাপক অনুপম সেন ও অধ্যাপক মাহবুবুল হককে প্রমা আবৃত্তি সংগঠন সম্মাননা পদক ২০১৩ প্রদান করা হয়।
২৯ নভেম্বর বেলা সাড়ে ১১টায় ঢাক-ঢোল বাজিয়ে নেচে-গেয়ে পতাকা, ফেস্টুন, ব্যানারসহ বিভিন্ন উপকরণে সজ্জিত হয়ে প্রমার সদস্যরা শোভাযাত্রায় অংশ নেন। পরদিন বিকেলে ঢোল বাজিয়ে, ফানুস উড়িয়ে ও আলোক-উৎসবের মাধ্যমে উদ্যাপন করার হয় প্রমার জন্মদিন।
৩০ নভেম্বর সন্ধ্যা ছয়টায় শিল্পকলার মিলনায়তনে প্রমার সভাপতি রাশেদ হাসানের সঞ্চালনায় শুরু হয় আনন্দ অনুষ্ঠান। এই আয়োজনে ছিল শুভেচ্ছা বক্তব্য, আবৃত্তি, গান ও কবিতা পাঠ।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসাইন কবীর, কবি খালিদ আহসান, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, জিন্নাহ চৌধুরী, এজাজ ইউসুফী, উইমেন চেম্বারের সহসভাপতি ও পোশাক ডিজাইনার আইভি হাসান, প্রকৌশলী দেলওয়ার মজুমদার, নাট্যজন জাহাঙ্গীর কবির, নারীনেত্রী জেসমিন সুলতানা ও নুরজাহান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাজীব মীর, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, ফারুক তাহের, প্রণব চৌধুরী, দেবাশীষ রুদ্র ও মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শ্রেয়সী রায়, কাবেরী সেনগুপ্তা এবং স্যাক্সোফোন বাজিয়ে শোনান আসওয়াদ ব্যান্ডের আনোরুল হক চৌধুরী। অতিথিরা প্রদীপ জ্বেলে ও কেক কেটে প্রমাকে শুভেচ্ছা জানান। শেষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।