প্রমার ‘সোজন বাদিয়ার ঘাট’
গ্রামের মানুষের জীবন, তাঁদের সুখ-দুঃখ, ভালোবাসা প্রকৃতির মতোই অকৃত্রিম। ভালোবাসা সর্বজনীন, নেই কোনো জাতি-বর্ণ ভেদ। আর সেই জাতি-ধর্মকে উপেক্ষা করে গড়ে ওঠে সোজন-দুলির প্রেম। তাঁদের অমর প্রেম কাহিনি নিয়ে পল্লিকবি জসীম উদ্দীন লিখেছেন অমর গাথা সোজন বদিয়ার ঘাট। এর শ্রুতি প্রযোজনা অনুষ্ঠিত হলো ১১ ফেব্রুয়ারি সন্ধ্যে সাতটায় নগরের জেলা শিল্পকলা একাডেমীতে। প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে এ প্রযোজনা গ্রন্থনা করেছেন শর্মিষ্ঠা বড়ুয়া। নির্দেশনা দিয়েছেন কংকন দাশ। এক ঘণ্টাব্যাপী প্রযোজনা ছিল গ্রামীণ পটভূমিতে গড়া। মঞ্চেও এর ছোঁয়া ছিল স্পষ্ট। তবে একক ও সমবেত পরিবেশনার সময় শিল্পীদের সমন্বয়ে দীনতা চোখে পড়েছে। অবশ্য আবহ সংগীত আর বাঁশির ব্যবহার ছিল দারুণ। সোজন ও দুলি চরিত্রে দারুণ অভিনয় করেছেন তাজুল ইসলাম ও কাঁকন। দর্শকদের অভিব্যক্তিতে ফুটে উঠেছে ভালোলাগা। এ নিয়ে ষষ্ঠবারের মতো ‘সোজন বাদিয়ার ঘাট’ মঞ্চস্থ করলো প্রমা।