প্রমিত বাংলা উচ্চারণে সচেতনতা বৃদ্ধিতে প্রমার কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলা আমাদের গর্ব। তাই বাংলা ভাষার প্রমিত উচ্চারণের চর্চা করার দায়িত্বও আমাদের। ভাষার জন্য শহীদ মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের বাংলা ভাষা ব্যবহারে সচেতন হওয়া উচিত।’ আবৃত্তি সংগঠন প্রমার বিদ্যালয়ভিত্তিক কর্মসূচির শুরুতে গত ১০ অক্টোবর এয়াকুব আলী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিনা ফখরুল নেছা তাঁর বক্তব্যে এ কথা বলেন।প্রমিত উচ্চারণে ভাষাচর্চার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রমা এ কর্মসূচি চালু করেছে। বেলা সাড়ে ১১টায় এয়াকুব আলী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে এ কর্মসূচির প্রথম সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা বখতে আরা বেগম। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, সহসভাপতি কঙ্কন দাশ, শিক্ষক সুলতান আরা ও লুলু বিলকিস। দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই প্রমা প্রমিত উচ্চারণের সচেতনতা বৃদ্ধির এ কর্মসূচি হাতে নিয়েছে বলে মন্তব্য করেন কঙ্কন দাশ। তিনি শিক্ষার্থীদের অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পরিচয়’ কবিতাটি আবৃত্তি করে শোনান। রাশেদ হাসান বলেন, ‘ভাষার জন্য আমাদের এত দুঃখ, কষ্ট, ত্যাগের পরও বর্তমানে ভাষার ওপর বিদেশি আগ্রাসন দেখা যাচ্ছে। এর একমাত্র কারণ আমরা নিজেদের ভাষার পরিশীলিত বা প্রমিত উচ্চারণের চর্চা করছি না। আমাদের এই প্রাণের ভাষার বিকৃতি রোধ করতে শিক্ষার্থীদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।’ বক্তব্য শেষে তিনি প্রায় দুই ঘণ্টাব্যাপী প্রমিত উচ্চারণ, ব্যাকরণের নিয়ম-কানুন এবং প্রমিত উচ্চারণে কথা বলার বিভিন্ন কলাকৌশল নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনামূলক ক্লাস নেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাজমুল আলিম সাদেকী।