প্রযুক্তি-পথিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা স্বপ্ন দেখেন সম্ভাবনাময় এক বাংলাদেশের, যেখানে প্রযুক্তির আলোয় আলোকিত হবে দেশ, বদলে যাবে দেশের মানুষের জীবনের গতিপ্রকৃতি। তাঁরা ইতিমধ্যেই বেশ কিছু কাজ করেছেন প্রযুক্তিকে ব্যবহার করে। হাঁটার রোবট ‘বাই প্যাডেল’ তাঁদেরই উদ্ভাবন। গড়ে তুলেছেন কণ্ঠস্বর-নিয়ন্ত্রিত রোবটিক আর্ম, টেক্সট টু স্পিচ সফটওয়্যার, মুঠোফোনের মাধ্যমে নিয়ন্ত্রিত প্রিপেইড গ্যাস মিটার ইত্যাদি।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এ রকম কজন প্রতিশ্রুতিশীল প্রযুক্তিসৈনিক মিলে গড়ে তোলেন রোবো মেকাট্রনিকস ক্লাব এবং রোবো মেকাট্রনিকস অ্যাসোসিয়েশন। প্রযুক্তি বিষয়ে নিজেদের চিন্তাচেতনার বিকাশ, গবেষণাকাজকে প্রাধান্য দিয়েই তাঁরা একত্র হয়েছেন এই ক্লাবে।রোবো মেকাট্রনিক্স ক্লাবের সদস্য চুয়েটের শিক্ষার্থী চিরঞ্জিত পাল, ফাহিম মাসুদ চৌধুরী, এখলাস উদ্দিন, শাহেদুল ইসলাম, সৌরভ পালিত, মেরিনা আকতার ও শেখ ফারাহ। ক্লাবের সূচনা, তাঁদের এগিয়ে চলা, প্রযুক্তিজগতে বিচরণ, সমস্যা-সম্ভাবনা আর ব্যক্তিগত স্বপ্ন নিয়ে কথা হয় তাঁদের সঙ্গে।ক্লাবের সদস্যদের উল্লেখযোগ্য কাজের সারিতে রয়েছে কণ্ঠস্বর-নিয়ন্ত্রিত রোবট আর্ম। ২০১০ সালের জানুয়ারিতে তৈরি করা হয় এটি।ক্লাব সদস্যদের প্রচেষ্টায় চালু হয়েছে ক্যাম্পাস রেডিও। এ বছরের ২৫ মে পরীক্ষামূলকভাবে চালু করা হয় এটি। এর প্রচার-এলাকা পাঁচ কিলোমিটার পর্যন্ত। টেক্সট টু স্পিচ সফটওয়্যারের মাধ্যমে ইউনিকোড-সমর্থিত বাংলা পিডিএফ ফাইল পড়ে শোনাবে রোবট।ক্লাবের সদস্য চিরঞ্জিতের উল্লেখযোগ্য কাজ, মুঠোফোন-নিয়ন্ত্রিত চালকবিহীন গাড়ি। ভবিষ্যতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে চান তিনি। স্বপ্ন দেখেন গুগলে কাজ করারও।ফাহিম মাসুদ কাজ করেছেন টেক্সট টু স্পিচ সফটওয়্যার নিয়ে। তাঁর ইচ্ছা প্রোগ্রামিংয়ের ওপর কাজ করা।প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে দেশের জন্য কিছু করার প্রবল আগ্রহ রয়েছে এখলাস উদ্দিনের। তাঁর কথা হলো, যেকোনো কাজের জন্য আমাদের দেশে বাইরে থেকে প্রকৌশলী আনা হয়। কিন্তু এর প্রয়োজন কী? আমরা কেন পারব না? এ চ্যালেঞ্জকে সামনে রেখে ভবিষ্যতে প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান গড়ার ইচ্ছার কথা জানান তিনি।শাহেদুল ইসলাম কাজ করেন সুপার সেনসেটিভ ইলেকট্রিক ফিল্ড ডিটেক্টর নিয়ে। এর মাধ্যমে অতিরিক্ত ভোল্টেজ নিয়ন্ত্রণ করা যাবে। শাহেদুল প্রযুক্তিবিষয়ক গবেষক হতে চান।হিসাববিজ্ঞানবিষয়ক সফটওয়্যারের উদ্ভাবক সৌরভ পালিত কম্পিউটার প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখেন।ভবিষ্যতে অটোমোবাইল নিয়ে কাজ করতে চান মেরিনা আকতার। পরিবেশবান্ধব গাড়ি তাঁর আগ্রহের ক্ষেত্র।শেখ ফারাহ দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে নিজের দক্ষতা বাড়াতে চান। কিন্তু এই স্বপ্নচারীরা তখন কষ্ট পায়, যখন তাঁদের উদ্ভাবনগুলো আলোর মুখ দেখে না। কারণ, এ জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। ‘আর্থিক কারণে আমাদের উদ্ভাবনগুলোর বাস্তব রূপ দেওয়া সম্ভব হয় না। এ জন্য অনেক খরচ লাগে। প্রাথমিক অবস্থায় আমরা সামান্য প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং নিজেদের পকেট থেকে গবেষণার কাজটা শুরু করেছি। কিন্তু এভাবে কাজ এগিয়ে নেওয়াটা কঠিন।’এ পরিস্থিতিতে তাই সবার চাওয়া, এ ধরনের গবেষণাকাজে প্রয়োজন যেমন সরকারের আর্থিক সহযোগিতা, তেমনি প্রয়োজন বহুজাতিক কোম্পানির বিনিয়োগ।রোবো মেকাট্রনিকস ক্লাব যেসব প্রযুক্তি সম্মিলন ও প্রতিযোগিতার আয়োজন করে, সেখানেও প্রাধান্য পায় রোবট। ২০১১ সালের ডিসেম্বরে চুয়েট ক্যাম্পাসে এ রকম আয়োজনে ছিল ‘রোবো রেস প্রতিযোগিতা’।ক্লাবের রয়েছে নিজস্ব ওয়েবসাইট। এর ঠিকানা: www.rmabd.com