শুরুটা ছিল বেশ অনিশ্চিত! কীভাবে ক্লাস নেব? মূল্যায়নের জন্য পরীক্ষা নাকি অ্যাসাইনমেন্ট?—এ রকম নানা দ্বিধায় ছিলাম। চলতি বছরের মার্চ মাসের শেষের দিকের কথা বলছি। করোনাভাইরাস–আতঙ্কে ক্যাম্পাস বন্ধ হয়ে গেল। এর কিছুদিন পর থেকেই আমার বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত এল। শিক্ষার্থীরাও ওই সময় নানা দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় পার করেছে। এরপর থেকে প্রায় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানেই অনলাইনে পাঠদান শুরু হয়েছে।
করোনা মহামারিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ আছে। তবে পড়াশোনা থেমে নেই। সংকটের এই সময়ে এটাই কম কিসের? শুরুর দিকের সেই দ্বিধা এখন আর নেই। শিক্ষক কিংবা ছাত্র—উভয় পক্ষই এখন অনলাইন পাঠদানের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে। প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষেত্রে আমাদের চেয়ে শিক্ষার্থীরা সব সময়ই এগিয়ে। তবে এবার শিক্ষকদের অনলাইন ক্লাসের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছি। শুধু ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিবেচনায় এই কথা বলছি না। মাসখানেক আগে হঠাৎ ফেসবুকে দেখলাম আমার স্কুল অর্থাৎ চট্টগ্রামের রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের অনলাইন ক্লাসের ভিডিও। আমি ওই স্কুলের ছাত্র থাকা অবস্থায় যে শিক্ষকদের পেয়েছি, তাঁদের মধ্যে অনেকে এখনো সেখানে পড়ান। তাঁদের অনলাইনে ক্লাস নেওয়া দেখে সত্যিই খুব অবাক হয়েছি। কী চমৎকারভাবে বোর্ডে লিখে লিখে পড়া বোঝাচ্ছেন! তাঁদের কাছে হয়তো পাওয়ার পয়েন্ট স্লাইড বা ডিজিটাল বোর্ডের মতো প্রযুক্তিগত সুবিধা নেই। কিন্তু তাঁদের আগ্রহ আর চেষ্টার কোনো কমতি নেই।
দেশের প্রতিটি অঞ্চলের শিক্ষকেরাই নিজেদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন যেন শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত না হয়। এই মহামারির কারণে আমরা কিন্তু প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে গেলাম। ক্লাস, লেকচার, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা—অনলাইনেই এত কিছু সম্ভব, সেটা হয়তো অনেকের ধারণার বাইরে ছিল। অনলাইন ক্লাসের প্রযুক্তি তো বেশ কয়েক বছর আগে থেকেই ছিল। তবে হয়তো আমরা সেভাবে ব্যবহার করিনি। কিন্তু এখন দেশের প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই অনলাইন ক্লাসের ব্যাপারে জানেন, বোঝেন। গ্রামেগঞ্জে বিদ্যুৎ সুবিধা, ইন্টারনেটের ব্যাপক ব্যাপ্তির কল্যাণে আমরা খুব দ্রুতই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছি।
তবে অনলাইন পাঠদান থেকে শিক্ষার্থীরা কতটুকু গ্রহণ করতে পারছে কিংবা কতটা লাভবান হচ্ছে—সেই প্রশ্নের উত্তর পেতে হয়তো আরও অপেক্ষা করতে হবে। মাত্র ৭-৮ মাসের মধ্যেই একটি নতুন পদ্ধতির কার্যকারিতা বলে দেওয়া বেশ কঠিন। দিন শেষে অনলাইনে পাঠদান একটি বিকল্প পাঠদান পদ্ধতি। ক্লাসরুমের চিরায়ত পড়াশোনার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। আর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু তো পড়াশোনাই হয় না। শিক্ষক-বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়। খেলাধুলা, আড্ডার মাধ্যমে মানসিক বিকাশ হয়। এই বছর শিক্ষার্থীরা পড়াশোনার বাইরের এসব বিষয় থেকে বঞ্চিত হলো। বিশেষ করে, প্রাথমিক আর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই সময়টা আরও কঠিন। আমরা শিক্ষকেরাও ক্লাসরুমের পরিবেশ মিস করছি। কম্পিউটারের ওয়েবক্যামের সামনে বসে তো আর ক্লাসরুমের দাঁড়িয়ে লেকচার দেওয়ার রোমাঞ্চ পাওয়া যায় না।
তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবেই চালিয়ে যেতে হবে। চলমান মহামারির কারণে ছেলেমেয়েদের পড়াশোনায় অনেক ঘাটতি পড়েছে, এটা মানছি। তবে হুট করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। ইউরোপের বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পর করোনা পরিস্থিতি আবারও ব্যাপকতা লাভ করেছে। এসব ঘটনা থেকে আমাদের অবশ্যই শিক্ষা নিতে হবে।
সবকিছুর মাঝেই ২০২০ সাল শেষ হয়ে এল। বিদায়ী বছরে মহামারির কারণে শিক্ষাব্যবস্থায় যে ক্ষতিগুলো হয়েছে, সেগুলো নতুন বছরে কীভাবে পুষিয়ে নেওয়া যায়—তা নিয়ে নীতিনির্ধারক, শিক্ষাবিদদের এখন থেকেই ভাবতে হবে। প্রতিটি শ্রেণিতেই এমন কিছু বিষয় থাকে, যা আগের শ্রেণির সঙ্গে সম্পর্কিত। সপ্তম শ্রেণির একটা ছেলে আগামী বছর পরের শ্রেণিতে উঠবে। কিন্তু স্কুল বন্ধ থাকায় অষ্টম শ্রেণির জন্য তাঁর ভিত সেভাবে মজবুত হয়নি। ওই শ্রেণিতে কোন কোন বিষয়গুলো তাঁর জানা একান্ত প্রয়োজন, সেগুলো শিক্ষকদের বের করতে হবে। পরবর্তী সময়ে ওই শ্রেণির নিয়মিত পাঠ্যক্রমের সঙ্গে ওই বিষয়গুলো যুক্ত করে দেওয়া যেতে পারে। প্রয়োজনে বাড়তি ক্লাসের ব্যবস্থা করা যেতে পারে। তাহলে হয়তো বিদায়ী বছরে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার ঘাটতি অনেকাংশেই পুষিয়ে নেওয়া যাবে।