
সম্প্রতি জানা গেছে, ফেসবুকের সর্বোচ্চ দ্বিতীয় ব্যবহারকারীর শহর ঢাকা। আপনি-আমি-আমাদের পাশের মানুষও এখন ফেসবুকের জালে আটকে গিয়েছে। ইন্টারনেট ব্যবহার যেমন একদিকে ইতিবাচক, অন্যদিকে তা ‘প্রযুক্তিতে আসক্তি’ নামের নেতিবাচক সমস্যারও কারণও। যেকোনো বয়সের মানুষই প্রযুক্তির আসক্তিতে জড়িয়ে পড়তে পারে। এন্ট্রাপ্রেনিউর সাময়িকীর মার্চ ২০১৭ সংখ্যা জানাচ্ছে, প্রযুক্তিতে আসক্তির শুরুটা হয় মুঠোফোন দিয়ে। এমনকি এটা যে আসক্তি, সেটাও বুঝতে পারে না ব্যবহারকারীরা। নকিয়া ডিজিটাল আসক্তি নিয়ে একটি প্রতিবেদনে জানাচ্ছে, গড়পড়তায় মানুষ এখন প্রতি ছয় মিনিটে তার মুঠোফোনের পর্দায় একবার চোখ রাখে। এই অঙ্কে দিনে আমরা ১৫০ বার মুঠোফোনের পর্দায় নজর রাখছি। যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ জানাচ্ছে, গড়ে প্রতিজন মার্কিন কিশোর দিনে ১১০টি খুদে বার্তা পাঠায়। তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই সংখ্যা বেড়ে যায় ৫ গুণ পর্যন্ত!
বাড়ছে আসক্তি
মেরিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ১০টি দেশের জনসংখ্যার ওপর পরীক্ষা চালিয়ে প্রযুক্তিতে আসক্তির গভীরতা নিয়ে জানার চেষ্টা করেছেন। গবেষণায় দেখা যায়, কিশোরদের ২৪ ঘণ্টা মুঠোফোন ব্যবহারের সুযোগ না দিলে তারা চরম মাত্রায় বিরক্তি প্রকাশ করে। মুঠোফোন না পাওয়ার সময়টাকে ‘একাকী’, ‘হতাশা’ আর ‘মৃত্যু’ বলে জানাচ্ছে ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোর-তরুণেরা। সাইকোথেরাপিস্ট ন্যান্সি কোলিয়ের ভাষ্যে, ‘প্রযুক্তিতে আসক্তি মাদকাসক্তির মতোই। যে আসক্ত, সে কখনই টের পাবে না। প্রযুক্তিতে আসক্তির কারণে মানসিকভাবে অপুষ্ট মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) সহকারী অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। এই বিকাশকে আমরা ইতিবাচক হিসেবে দেখলেও অন্যদিকে প্রযুক্তিতে আসক্তি বাড়ছে জ্যামিতিক হারে। সাইবার ক্রাইমের মতোই অনলাইন প্রযুক্তি দুনিয়ার সাইবার স্বাস্থ্য নিয়ে ভাবনার সময় চলে এসেছে বলে মনে করেন বি এম মইনুল হোসেন।
বাড়ছে সাইবার বুলিং
কিশোরদের প্রযুক্তি ব্যবহারের নেতিবাচক চরিত্রের প্রকাশ ঘটছে সাইবার বুলিং, সাইবার টিজিংসহ নানা ধরনের সাইবার ক্রাইমে জড়িয়ে পড়ার ঘটনায়। স্বাস্থ্য খাতে সম্পৃক্ত কর্মজীবী মা সুফিয়া খান তাঁর উচ্চমাধ্যমিক পড়ুয়া সন্তান স্যাফায়ার হোসেনের প্রযুক্তিতে আসক্তি নিয়ে ভীষণ চিন্তিত। তিনি বলেন, প্রয়োজনে সন্তানের হাতে মুঠোফোন তুলে দিয়েছিলাম, সেই ফোন থেকেই ছেলের প্রযুক্তিতে আসক্তি। এখন মা আর সন্তানের মাঝখানে দাঁড়াচ্ছে প্রযুক্তি-ইন্টারনেট-ফেসবুক। সন্তানের অমনোযোগিতা, খিটখিটে মেজাজ, কথা না শোনার কারণ হিসেবে প্রযুক্তিতে আসক্তিকেই দায়ী করছেন সুফিয়া খান।
প্রযুক্তিতে আসক্তির কারণে নীরবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিশোরেরা। মানসিকভাবে কিশোরদের অস্থির ও অধৈর্য করে তোলে প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার।
ক্লাসে অমনোযোগিতা, ইভ টিজিংসহ বিভিন্ন অসামাজিক কাজে প্রযুক্তিতে আসক্ত কিশোরেরা যুক্ত হচ্ছে। দল বেঁধে নারী শিক্ষার্থীদের বিরক্ত করা, ফটোশপের মাধ্যমে ছবি পরিবর্তন করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ঘটনা ঘটছে।
সামাজিক অস্থিরতাও বাড়ছে
কিশোরদের প্রযুক্তিতে আসক্তির কারণে সামাজিক অস্থিরতা বাড়ছে, পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে, নীতি-সামাজিক দায়ের প্রতি বিরক্তি বাড়ছে তাদের। কিশোরদের মতোই তরুণ পেশাজীবীদের মধ্যেও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি বাড়ছে। এতে তাদের কর্মস্পৃহা কমছে, কাজে অমনোযোগিতা বাড়ছে।
যেভাবে কমাতে পারেন প্রযুক্তিতে আসক্তি
* রাতে ঘুমানোর আগে বিছানা থেকে মুঠোফোন ১০ হাত দূরে রাখুন।
* সকালে ঘুম থেকে উঠে দুই থেকে আড়াই ঘণ্টা আগে ফোন কিংবা ল্যাপটপের সামনে বসবেন না।
* ইন্টারনেট ব্রাউজারে মজিলা কিংবা ক্রোম এক্সটিংশন ব্যবহার করে ফেসবুক ব্যবহার সীমিত করতে পারেন।
* কাগজে পত্রিকা আর বই পড়ার পুরোনো অভ্যাসকে ফিরিয়ে আনুন।
* যেকোনো মিটিং কিংবা ক্লাসে মুঠোফোন এড়িয়ে চলুন।
* সন্তানকে ইন্টারনেটের প্রয়োজনের দিকটা বেশি করে জানাতে চেষ্টা করুন।
* সন্তান ফেসবুক ও প্রযুক্তিতে আসক্ত হলে তাকে অযথা গালমন্দ না করে বোঝানোর চেষ্টা করুন। খান একাডেমি, ইউটিউবসহ বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইট ও টুলস ব্যবহার করতে উদ্বুদ্ধ করুন সন্তানকে।