মুঠোফোন, কম্পিউটার ও স্মার্টফোনে প্রযুক্তির হরেক রকম ব্যবহার এখন আমাদের জীবন যাপনের অবিচ্ছেদ্য অংশ। এসব মাধ্যমে নতুন নতুন উপাদান যুক্ত হয়ে মানুষের পারস্পরিক আবেগ বিনিময়ের ভাষা বদলে দিয়েছে। এই পরিবর্তনের মাত্রা ও ব্যাপ্তি অনেক।প্রিয়জনকে ই-মেইল বা মুঠোফোনের খুদে বার্তায় (এসএমএস) ব্যবহূত হচ্ছে বিভিন্ন প্রতীক। টুকরো ছবি থেকে শুরু করে হাস্যমুখ, মনোরম প্রাণী, প্রিয় খাবার, হূদয়চিহ্ন, লাজরাঙা নারীর মুখ, দ্বিখণ্ডিত ডিম থেকে বেরোনো মুরগির বাচ্চাও বাদ নেই। এসব প্রতীক সব সময় যে স্থির তা নয়, কখনো কখনো চলমানও (জিআইএফ) হয়ে থাকে। তরুণ প্রজন্মের দাবি, শব্দ বা পূর্ণ বাক্যের চেয়েও এসব প্রতীকের আবেদন অনেক বেশি। স্মাইলি, ইমোটিকন, ইমোজি প্রভৃতি নামে পরিচিত প্রতীকগুলোর রয়েছে যোগাযোগের আকর্ষণ। রয়েছে শক্তি বাড়ানোর এবং সময় ও শ্রম বাঁচানোর কার্যকর ক্ষমতা। যেমন: লেখার পাশাপাশি জুড়ে দেওয়া হচ্ছে মানচিত্র বা পথনির্দেশ। আবার, অসুস্থতার খবরের জবাবে বন্ধুকে পাঠানো হচ্ছে বিশেষ ব্যঙ্গচিত্র (কার্টুন) ও বাটিভর্তি স্যুপের ছবি। এটিই বন্ধুর দ্রুত আরোগ্য চেয়ে শুভেচ্ছা প্রকাশের এ যুগের ধরন। প্রযুক্তির এ যুগে তারুণ্যের আনন্দ-উল্লাস ও খুনসুটি প্রকাশেও এসেছে নতুন মাত্রা। কয়েকটি শব্দকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করতে গিয়ে তৈরি হচ্ছে অদ্ভুত নতুন শব্দ বা পরিভাষা। যেমন: এলওএল মানে অট্টহাসি। ব্লগ, ফেসবুক ও ই-মেইল আড্ডায় (চ্যাটিং) এসব নতুন শব্দের বহুল ব্যবহার হচ্ছে।স্কাইপির ভিডিও চ্যাটিংয়ের পাশাপাশি বিভিন্ন পণ্যের বিপণনজগতেও এসব সংক্ষিপ্ত, গতিশীল ও কার্যকর শব্দের প্রয়োগ হচ্ছে। মূলত তরুণদের কাছে টানতে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তাদের অনলাইনভিত্তিক বিজ্ঞাপনের ভাষায় ব্যবহার করছে এসব নতুন শব্দ।ডিজিটাল গণমাধ্যম ও সংস্কৃতি গবেষকেরা বলছেন, স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে নতুন এই সংস্কৃতিতে একই শব্দ বা পরিভাষা অবিকৃতরূপে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা ও এশিয়াজুড়ে একই ভাষায় কথা বলছে তারুণ্য। নিউইয়র্ক টাইমস।