প্রযুক্তিপণ্যে ঈদের বিশেষ ছাড়
এবার ঈদকে সামনে রেখে নগরের বিভিন্ন প্রযুক্তি পণ্য বিপণন প্রতিষ্ঠানে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। আবার কেউ কেউ ল্যাপটপ ও ডেস্কটপের সঙ্গে বিনা মূল্যে পেনড্রাইভ, মাউস, টি-শার্ট, গিফট ভাউচার ইত্যাদি উপহারের ব্যবস্থা রেখেছে। এ প্রসঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘প্রযুক্তি এখন আমাদের জীবনের অনুষঙ্গ হয়ে গেছে। একে এড়িয়ে চলার কোনো উপায় নেই। তাই ঈদ উপলক্ষে বিশেষ ছাড়সহ বিভিন্ন উপহার দেওয়া হচ্ছে গ্রাহকদের।’কম্পিউটার সোর্সের ব্যবসায় ব্যবস্থাপক দেবাশিস মজুমদার বলেন, ‘আমাদের চৌমুহনী, চকবাজার, সিডিএ এভিনিউ ও ইউনুস্কো সিটি সেন্টার বিক্রয়কেন্দ্রে প্রতিটি পণ্যের বিশেষ ছাড় থাকছে। এ ছাড়াও উপহার হিসেবে রয়েছে গিফট ভাউচার, টি-শার্ট ও নরটন অ্যান্টিভাইরাসের সঙ্গে আট জিবি পেনড্রাইভ।’ জননী কম্পিউটারের স্বত্বাধিকারী আবদুল মতিন বলেন, ‘আমরা ল্যাপটপের সঙ্গে আট গিগাবাইট পেনড্রাইভ ও মাউসপ্যাড দিচ্ছি বিনা মূল্যে। এ ছাড়া আমাদের নিজস্ব আইপিএসে ১৫ শতাংশ ছাড় দিচ্ছি। আমাদের পাহাড়তলী সিডিএ মার্কেট, ইউনুস্কো সিটি সেন্টার শো-রুমেও এ সুবিধা পাওয়া যাচ্ছে।’ সিটি সেন্টারের আদুরী ইন্টারসেলে মুঠোফোনের সঙ্গে দুই থেকে চার গিগাবাইটের মেমোরি কার্ড বিনা মূল্যে দেওয়া হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানের মালিক লুৎফুর রহমান। নিজস্ব প্রতিবেদক