প্রযুক্তিবাজারেও ঈদের ভিড়
ঈদ সামনে রেখে নানা ধরনের কেনাকাটায় ব্যস্ত সবাই। শুধু পছন্দসই পোশাক কেনাই নয়, অনেকেরই কেনাকাটার ফর্দেএখন থাকে নানা রকম প্রযুক্তিপণ্য। টেলিভিশন, ফ্রিজের মতো গেরস্থালি যন্ত্রপাতি কেনাকাটার চলটা ছিল আগে থেকেই, ইদানীং এ ধারায় যোগ হয়েছে কম্পিউটার, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, এমপিথ্রি প্লেয়ারের মতো প্রযুক্তিপণ্য।আর ঈদের আগে মোবাইল ফোনের দোকানে ভিড়টাও দেখার মতো।বাজার ঘুরে দেখা গেছে, ঈদ সামনে রেখে পছন্দসই প্রযুক্তিপণ্য কিনে নিচ্ছেন অনেকেই। অনেকে ঈদের উপহার হিসেবেও বেছে নিচ্ছেন প্রযুক্তিপণ্য।ঈদে নতুন কম্পিউটারঈদ সামনে রেখে বেশি বিক্রি হচ্ছে ল্যাপটপ কম্পিউটার। ঢাকার বাজারগুলো ঘুরে দেখা গেছে, অনেকেই কিনে নিচ্ছেন পছন্দের বা প্রয়োজনের ল্যাপটপ। ঈদ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থাও। ইন্টেলের অ্যাটম প্রসেসর, এক গিগাবাইট র্যাম, ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক আর ১০ ইঞ্চি পর্দার ল্যাপটপ পাওয়া যাচ্ছে ২০ হাজার ৫০০ টাকায়। দেশের সবচেয়ে বড় প্রযুক্তিবাজার বিসিএস কম্পিউটার সিটিতে ছেলেকে নিয়ে ল্যাপটপ কিনতে আসা বেসরকারি চাকরিজীবী মাহমুদ হাসান জানান, ছেলে বায়না ধরেছে ল্যাপটপ কিনবে। তাই ঈদ উপলক্ষে সে ল্যাপটপ পাবে। বাজার ঘুরে কোর আই৩ প্রসেসর, দুই গিগাবাইট ডিডিআর ৩ র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ এবং ১৪ ইঞ্চি পর্দার ল্যাপটপ কিনে দিয়েছেন ছেলেকে। ঈদকে সামনে রেখে বাজারে পাওয়া যাচ্ছে ২৩ হাজার টাকায় অ্যাটম প্রসেসরের মিনি ল্যাপটপ। এ ছাড়া রয়েছে বিভিন্ন দামের নানা বৈশিষ্ট্যের ল্যাপটপ। পূর্ণাঙ্গ আকারের ল্যাপটপ পাওয়া যাবে ৪০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার টাকার মধ্যে।তবে শুধু ল্যাপটপই নয়, রয়েছে ডেস্কটপ কম্পিউটারের চাহিদাও। সেলেরন প্রসেসর, এক গিগাবাইট র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক, ১৫.৬ ইঞ্চি মনিটর-সুবিধার কম্পিউটার পাওয়া যাচ্ছে ২২ হাজার ৯০০ টাকায়। নিজের বাসায় গ্রাফিক্সসহ মাল্টিমিডিয়ার নানা কাজের জন্য কম্পিউটার কিনতে আসা পারভীন সুলতানা জানান, মাল্টিমিডিয়ার কাজ করতে সর্বশেষ প্রযুক্তির শক্তিশালী কম্পিউটার প্রয়োজন। আর তাই ঈদের বোনাস আর জমানো কিছু টাকা নিয়ে কম্পিউটার কিনতে এসেছি। সর্বশেষ প্রযুক্তির প্রসেসর কোর আই ৭, ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, এক টেরাবাইট হার্ডডিস্ক, ২১.৫ ইঞ্চির মনিটরসুবিধাসহ কম্পিউটার কিনেছেন এক লাখ ১৪ হাজার টাকায়। সাধারণ ডেস্কটপ কম্পিউটারের দাম ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে।মোবাইল, ক্যামেরা ও অন্যান্য কম্পিউটারেই সীমাবদ্ধ নয় ঈদ বাজারের প্রযুক্তি পণ্য।অ্যাপলের জনপ্রিয় আইপ্যাড (ট্যাবলেট কম্পিউটার) বাজারে আসার পর থেকেই কেনার কথা ভাবছেন ব্যবসায়ী কাজী আশরাফ উদ্দিন আহমেদ। তিনি জানান, অনেক দিন ধরেই ভাবছি আইপ্যাড কিনব। আইফোন ব্যবহার করি আমি। তাই ঈদ উপলক্ষে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে তারহীন ওয়াইফাই সুবিধাসহ ১৬ গিগাবাইটের আইপ্যাড কিনেছি ৫৫ হাজার টাকায়। অনেককেই স্পিকার, ডিজিটাল ফটোফ্রেম, টিভিকার্ড, এমপি থ্রি বা এমপি ফোর প্লেয়ার কিনতে দেখা যাচ্ছে।তবে ঈদ উপলক্ষে বাজারে ছোট ছোট প্রযুক্তিপণ্য—ক্যামেরা, মোবাইল ফোন, এমপি থ্রি প্লেয়ার ইত্যাদির চাহিদাই বেশি বলে জানালেন বিক্রেতারা। বাজারে এক হাজার ৯০০ টাকায় টিভিকার্ড, চার থেকে আট হাজার টাকায় ডিজিটাল ফটোফ্রেম, দুই হাজার ৫০০ থেকে ছয় হাজার টাকায় এমপি থ্রি, এমপি ফোর পাওয়া যাচ্ছে। ডিজিটাল ক্যামেরায় বিশেষ ছাড় থাকায় আগ্রহী অনেকেই ক্যামেরাও কিনে নিচ্ছেন। বাজারে ন্যূনতম ছয় হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে ৩.১ মেগাপিক্সেলের ডিজিটাল ক্যামেরা। এ ছাড়া ১০ মেগাপিক্সেলের ডিজিটাল ক্যামেরা পাওয়া যাবে ১১ হাজার ৫০০ টাকায়। অনেকেই আবার কিনছেন ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াইম্যাক্স মডেম। কেনাকাটার তালিকায় ওপরের দিকেই রয়েছে মোবাইল ফোনও। বাজারে আসা সর্বশেষ প্রযুক্তির বেশ কিছু মোবাইল ফোন কিনছেন অনেকেই। মোবাইল কেনার ক্ষেত্রে সর্বশেষ প্রযুক্তির ইন্টারনেট ব্যবহারের সুবিধাসহ অনেক কিছুই দেখে নিচ্ছেন ক্রেতারা। বাজারে অত্যাধুনিক মোবাইল ফোনের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের কম দামের মোবাইল ফোনও পাওয়া যাচ্ছে। বাজারে আইফোন ৪ পাওয়া যাচ্ছে ৬৭ হাজার টাকায়। এ ছাড়া রয়েছে স্যামসাংয়ের নতুন স্পর্শকাতর পর্দার গ্যালাক্সি এস ফোন, যা পাওয়া যাচ্ছে ৪৬ হাজার ৯০০ টাকায়। নকিয়ার নতুন দুই সিম ব্যবহারের সুবিধাসহ সি ১০০ মডেলের মোবাইল ফোন পাওয়া যাচ্ছে দুই হাজার ৭৯০ টাকায়। বসুন্ধরা সিটিতে মোবাইল ফোন কিনতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আশফাক জানান, ঈদে নতুন মোবাইল ফোন নিয়ে দেশের বাড়ি যাব, আর তাই পছন্দসই মোবাইল ফোন খুঁজছি। গান শোনার ৪ ও ১৬ গিগাবাইটের আইপড পাওয়া যাচ্ছে যথাক্রমে নয় হাজার ও ১৮ হাজার টাকায়। এ ছাড়া আইপড টাচ ১৮ হাজার টাকায়, মোবাইল স্পিকার ৮০০ থেকে নয় হাজার টাকায় পাওয়া যাবে। অনেকেই কিনে নিচ্ছেন বাংলা কারাওকে, যা পাওয়া যাচ্ছে ৩২ হাজার টাকায়। ২৫০ গিগাবাইটের বহনযোগ্য হার্ডডিস্ক চার হাজার ৮০০ টাকায় এবং এক টেরাবাইটের হার্ডডিস্ক ২১ হাজার টাকায় পাওয়া যাবে।