প্রযুক্তির উৎসবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়েটে প্রযুক্তি উৎসবের সমাপনী দিনে শোভাযাত্রা বের করে শিক্ষার্থীরা l প্রথম আলো
চুয়েটে প্রযুক্তি উৎসবের সমাপনী দিনে শোভাযাত্রা বের করে শিক্ষার্থীরা l প্রথম আলো

চলছে যুদ্ধ। একদিকে কার রেসিং, অন্যদিকে গোল পেতে মরিয়া খেলোয়াড়েরা। আবার চলছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধানের ক্লান্তিহীন প্রচেষ্টা। তবে সবকিছু হচ্ছে প্রযুক্তির পরশে। এবার একটু খোলাসা করা যাক। বলছিলাম প্রযুক্তি উৎসবের কম্পিউটার গেমিং ও প্রোগ্রামিং প্রতিযোগিতার টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্তের চিত্র। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১৯ থেকে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রযুক্তি উৎসবে চলে এসব প্রতিযোগিতা। টেলিটক-সিএসই ফেস্ট ২০১৪ শিরোনামের এ উৎসব আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল (সিএসই) বিভাগ।
উৎসবের প্রথম দিনের আয়োজনে ছিল কম্পিউটার গেমিং প্রতিযোগিতা। ফিফা-১৪, এনএফএস মোস্ট ওয়ান্টেড ও কাউন্টার স্ট্রাইক সোর্স নামের কম্পিউটার গেম নিয়ে ভার্চুয়াল জগতে মেতে ওঠেন প্রতিযোগীরা। এতে অংশ নেয় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী।
দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। এতে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা তিন সদস্যের করে ৩০টি দল। প্রোগ্রামিং প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল চুয়েট আল্ট্রাভায়োলেট ও রানার্সআপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল সিইউ হোয়াইল। তৃতীয় দিন বিকেলে উৎসব উপলক্ষে চুয়েটের বাস্কেটবল ময়দানে আয়োজন করা হয় ফ্ল্যাশমব ও বর্ণিল আতশবাজির খেলা।
উৎসবের সমাপনী দিনের আয়োজনও ছিল চোখধাঁধানো। সকাল ১০টায় বের করা হয় শোভাযাত্রা। এতে শিক্ষার্থীদের হাতে শোভা পায় গুগল, মাইক্রোসফট, ফেসবুক, টুইটার, অ্যাপলসহ প্রযুক্তি বিশ্বের বিভিন্ন উল্লেখযোগ্য ব্র্যান্ডের প্রতীকসংবলিত পোস্টার ও ফেস্টুন। দিনের অন্যান্য কর্মসূচিতে ছিল আলোচনা সভা, প্রযুক্তিবিষয়ক সেমিনার, প্রকল্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সহ–উপাচার্য রফিকুল আলম। উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মীর মো. সাক্বী কাওসার ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সমন্বয়ক ছিলেন কামরুজ্জামান।