
শর্তটা ছিল এমন—দুটি রোবট থাকবে; একটা স্বয়ংক্রিয় আরেকটা রিমোট কন্ট্রোল-চালিত। দুটি রোবটের কাজই পরস্পরের ওপর নির্ভরশীল। স্বয়ংক্রিয় রোবটকে এমনভাবে তৈরি করতে হবে, যেটা নিজেই স্ক্যান করে গ্রিডটানা লাইনের ওপর দিয়ে চলতে পারে, লক্ষ্যে পৌঁছাতে পারে সর্বনিম্ন দূরত্ব পেরিয়ে। যাওয়ার পথে পড়বে বড় বড় ঘনক আকৃতির গর্ত। আর গর্ত ভরাট করার জন্যই প্রয়োজন রিমোট কন্ট্রোল-চালিত আরেকটি রোবট। তার কাজ হলো গর্তের আকৃতির সমান ঘনক জায়গামতো বসিয়ে দিয়ে তার সঙ্গীর চলার পথ মসৃণ করা। বিপত্তি আছে আরও। চলার সময় এক জায়গায় থাকবে ভেঙে যাওয়া একটা সেতু। সব চ্যালেঞ্জ সামলে গন্তব্যে পৌঁছে যে রোবট ভেজা মাটিতে গেঁথে দিতে পারবে পতাকা, তারই হবে জয়!

বলছিলাম ভারতের আইআইটি মুম্বাইতে গত ২৭-২৮ ডিসেম্বর হয়ে যাওয়া ‘টেকফেস্ট ২০১৫’-এর ইন্টারন্যাশনাল রোবটিকস চ্যালেঞ্জের (আইআরসি) কথা, যেখানে এতসব শর্ত মেনে যথাক্রমে রানারআপ ও চতুর্থ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুটি দল—বুয়েট রেজোন্যান্স ও ফায়ার ফ্লাইস।
মূল পর্বে অংশগ্রহণের আগে ১৭ ও ১৮ ডিসেম্বর, দুই দিনব্যাপী বুয়েটে অনুষ্ঠিত বাংলাদেশ পর্বে মোট পাঁচটি দল ভারতে যাওয়ার সুযোগ পেয়েছিল। ভিসা জটিলতা এবং সময় সংক্ষিপ্ত থাকায় মাত্র দুটি দল মুম্বাই যেতে পেরেছে। সেখানে আন্তর্জাতিক পর্বে এই প্রতিযোগিতায় বুয়েটকে সামান্য ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীলঙ্কার মোরাতুয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‘রোবটিকসে দেশের অন্যতম সেরা দুটি দল অংশ নেওয়ায় আমাদের বিশ্বাস ছিল, অবশ্যই আমরা এবার ভালো কিছু উপহার দিতে পারব।’ বলছিলেন বুয়েট রেজোন্যান্স দলের কম্পিউটার কৌশল বিভাগের নাইম রেজা। এই দলের অন্য সদস্যরা হলেন তড়িৎকৌশল বিভাগের মো. তাসনিমুল হাসান এবং যন্ত্রকৌশল বিভাগের রাহাত মাহমুদ খান, মুনতাসির মুহাম্মদ ও সাজ্জাদ হোসেন। এছাড়া চতুর্থ হওয়া দল ফায়ার ফ্লাইসের সদস্যরা হলেন শামস উজ জামান, আরাফাত মাহমুদ ও সাখাওয়াত হোসেন।
নিজেদের সাফল্যের পেছনের গল্পটা শোনাচ্ছিলেন নাইম। ‘প্রতিযোগিতার কথা মাথায় রেখে আমরা প্রায় মাস দুয়েক আগে থেকে সফটওয়্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কন্ট্রোল সিস্টেম ও কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সেকশন, হার্ডওয়্যারের কাজ, ক্যাড ডিজাইন প্রভৃতি কাজ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলাম। আর আমাদের কাজে বিশ্ববিদ্যালয় থেকে তেমন সাহায্য না পেলেও সব সময় অনুপ্রেরণা আর প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন বিভিন্ন সময়ে রোবটিকসে বাংলাদেশের হয়ে সাফল্য বয়ে আনা সিনিয়র ভাইয়ারা।’
বলা হয়, প্রতিবছর আয়োজিত টেকফেস্ট দক্ষিণ এশিয়ার অন্যতম বড় প্রযুক্তির উৎসব। তরুণ রোবট নির্মাতাদের নিয়ে এবারের প্রতিযোগিতায় শ্রীলঙ্কা, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, মিসরসহ মোট ১২টি দেশের দল প্রাথমিক পর্বে অংশ নেয়। প্রাথমিক পর্ব শেষে নির্বাচিত ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব, যেখানে বাংলাদেশ থেকে অংশ নেওয়া দুটি দলই জায়গা করে নিয়েছিল। অংশ নেওয়া প্রতিযোগীদের কণ্ঠে শোনা গেল আফসোসের সুর, ‘ইশ্! বাংলাদেশ থেকে সবগুলো দল অংশ নিতে পারলে আমাদের ফল আরও ভালো হতো!’