প্রযুক্তির চমকে উজ্জ্বল মেলা
হেমন্তের সকালে মিষ্টি রোদের পরশ যান্ত্রিক জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেয়। এ সময় নানা উৎসবের আমেজ চারদিকে। ঢাকার আগারগাঁও সড়ক দিয়ে যাওয়ার পথে রাস্তার দুই পাশে চোখে পড়ে বর্ণিল ব্যানার আর ফেস্টুন। একটু নজর দিলেই বোঝা যায় আসলে উৎসবটা কোথায়!২১ নভেম্বর থেকে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চতুর্থবারের মতো শুরু হয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতির তথ্যপ্রযুক্তি মেলা বিসিএস আইসিটি ওয়ার্ল্ড-২০১১। জমজমাট এ মেলা শেষ হবে আজই। নানা আয়োজনের এ মেলাএবার নানা ধরনের আয়োজন করা হয়েছে মেলায়। ৪৬টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে প্রযুক্তিপণ্য নিয়ে। এবারই প্রথম মেলায় ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশ নিতে এসে ভিকারুননিসা নূন স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বুশরা বিনতে হারুন বলল, ‘আগেই শুনেছি এখানে ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে—তাই এসেছি।’ বুশরা ডিজিটাল কলম দিয়ে কম্পিউটারে আঁকছিল নদীতে পালতোলা নৌকা।মেলার এক প্রান্তে হঠাৎ দেখা গেল অনেক মানুষের সমাগম। সবার উৎসুক চোখ সামনের দিকে। কাছে গিয়ে দেখা গেল, মেলার একটি নির্দিষ্ট স্থান রাখা হয়েছে অনুষ্ঠান করার জন্য। এটি তৈরি করা হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি প্রদর্শনী তাইপের কম্পিউটেক্স মেলার আদলে। এখানে মেলা চলাকালে সারাক্ষণ নানা ধরনের প্রযুক্তিপণ্যের ফ্যাশন শো, তাদের নিয়ে আড্ডাসহ নাচ, গান, নাটক, কৌতুকসহ মজার মজার নানা আয়োজন লেগেই থাকে। প্রযুক্তিপণ্য কেনার ফাঁকে ফাঁকে আগত দর্শকদের বিনোদনেরও একটি ভালো মাধ্যম এটি!মেলায় প্রতিদিনই বিভিন্ন সেমিনার হচ্ছে।সেসবে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন বিশেষজ্ঞরা। রকমারি প্রযুক্তিপণ্য আর ছাড়!মেলায় নতুন জিনিস এবংছাড় ও উপহার থাকবেই।এ মেলাতেও আছে।বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপে এক থেকে দুই হাজার টাকা নগদ ছাড় দেওয়া হচ্ছে। কয়েকটি নতুন প্রিন্টারও এসেছে মেলায়।প্রিন্টার কিনলে মূল্যছাড়ের সঙ্গে মোবাইল ফোনসেটও দেওয়া হচ্ছে। মেলার স্টলে নানা ধরনের নেটবুক ও ল্যাপটপ কম্পিউটার প্রদর্শন করছে এইচপি। এ স্টলে প্রতিটি নেটবুক ও নোটবুকে এক হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। এর সঙ্গে গিফট ভাউচার দেওয়া হচ্ছে, যেখানে রয়েছে নিশ্চিত পুরস্কার। আসুসের নেটবুক ও নোটবুকেও দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। আসুসের বিক্রেতারা জানান, আসুসের নেটবুক ও নোটবুক কিনলে একটি টি-শার্ট ও প্যন্ডা অ্যান্টিভাইরাস দেওয়া হচ্ছে। এসারের স্টলে আছে বিভিন্ন সুবিধা। সেসব ল্যাপটপের সঙ্গেই।ফ্লোরা লিমিটেডের স্টলে এইচপি, ডেল ও ফ্লোরা পিসি মিলছে দুই থেকে তিন হাজার টাকা কমে। আই-সেন্টারে মিলছে অ্যাপলের ম্যাক মিনি, আই ম্যাক ও ম্যাক প্রো। এ ছাড়া আইপডসহ অ্যাপলের বিভিন্ন পণ্যও এখানে মিলছে।নেটবুক ও নোটবুক পাওয়া যাচ্ছে স্যামসাংয়ের স্টলেও। এখানে বিভিন্ন নেটবুক ও নোটবুকে নগদ মূল্যছাড়ের পাশাপাশি কুইক হিল অ্যান্টিভাইরাস বিনা মূল্যে দেওয়া হচ্ছে। ইকারাসের স্টলে ডিজিটাল ডিরেক্টরি নামের একটি সফটওয়্যার পাওয়া যাচ্ছে। এক হাজার ২০০ টাকা দামের এই সফটওয়্যারে বাংলাদেশের নানা ধরনের দরকারি তথ্য পাওয়া যাবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের স্টলে ওই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে ভর্তির তথ্য দেওয়া হচ্ছে, পাশাপাশি এখানে তাদের নিজস্ব ওয়েব পোর্টাল জবস বিডি ডটকমের নানা ধরনের কার্যক্রম দেখানো হচ্ছে। এ ছাড়া মেলায় বিভিন্ন ব্র্যান্ডের পেনড্রাইভ, গেমের অনুষঙ্গ এবং কম্পিউটারের ক্ষুদ্র যন্ত্র বিক্রি হচ্ছে। ফ্লোরার স্টলে পাওয়া যাচ্ছে ২৭ ইঞ্চি এইচডি, এলইডি ও থ্রিজি মনিটর। এ স্টলে আরও মিলছে ক্যানন ডকুমেন্ট স্ক্যানার। বেড়ানোর মৌসুম হওয়ার কারণে এবার মেলায় ক্যামেরার প্রতি দর্শকদের আগ্রহ লক্ষ করা গেছে। এবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তানিমা করিম। তিনি বলেন, অনেক দিন অপেক্ষায় ছিলাম, ভর্তি শেষ হলে ঘুরতে যাব। আর ঘুরতে গেলে সঙ্গে একটা ক্যামেরা তো চাই! তাই এই মেলায় ক্যামেরা কিনতে এসেছি। মেলায় জেএএন অ্যাসোসিয়েটসের স্টলে ক্যানন ক্যামেরায় বিশেষ ছাড় দেওয়ার পাশাপাশি ৪ গিগাবাইট মেমোরি কার্ড বিনা মূল্যে দেওয়া হচ্ছে। মেলার একটি নির্দিষ্ট স্থানে কম্পিউটার গেমের একটি জোন করা হয়েছে। আর উৎসুক মানুষের ভিড় এখানে লেগেই আছে সব সময়। এখানে ফিফা-২০১১ ও কটফোর খেলা হচ্ছে। এ খেলায় বিজয়ীদের পুরস্কারও দেওয়া হচ্ছে।আজ মেলার শেষ দিনপ্রদর্শনীর শেষ দিনে আজ সকাল ১০টায় শিশুদের জন্য থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বয়সভিত্তিক তিনটি বিভাগে স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।ওয়েবেও মেলা!এবারই প্রথমবারের মতো মেলায় অংশ নেওয়ার পাশাপাশি যে কেউ ওয়েবসাইটের মাধ্যমেও মেলায় অংশ নিতে পেরেছেন। মেলায় অংশ নেওয়া প্রতিটি প্রতিষ্ঠানের আলাদা পরিচিতি থেকে সেই প্রতিষ্ঠানের সব প্রযুক্তিপণ্যের মূল্যছাড়ের তথ্য পাওয়া যাবে এই সাইটে। ওয়েব ফেয়ারে অংশ নিয়ে প্রতিদিন জিতে নেওয়া যাবে ২০টির বেশি আকর্ষণীয় পুরস্কার। কতটি পুরস্কার চলে গেছে, আর কতটি অবশিষ্ট রয়েছে—তাও এই ওয়েবসাইটের মাধ্যমে দেখানো হচ্ছে। এ ছাড়া ওয়েব ফেয়ারে অংশ নিতে দর্শনার্থীদের যেতে হবে মেলার ওয়েবসাইটে (www.bcsictworld.com.bd)। বিসিএস আইসিটি ওয়ার্ল্ড-২০১১ মেলার আহ্বায়ক কাজী আশরাফুল আলম জানান, যেমন আশা করেছিলাম, তার চেয়ে অনেক বেশি দর্শক মেলায় এসেছে এবং বিক্রিও হয়েছে সন্তোষজনক। মেলার সব দিক বিবেচনা করে বলা যায়, এবারের মেলা যেমন নানা আয়োজনে ভরপুর ছিল, তেমনি এই মেলা সফলও হয়েছে। মেলা আজ সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। এবারের এই মেলায় যে প্রযুক্তিপ্রেমী আর তথ্যপ্রযুক্তির এক অপূর্ব সম্মিলন ঘটেছে এ কথা বলাই যায়। মেলার প্রধান পৃষ্ঠপোষক বাংলা লায়ন। অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হলো হিটাচি, মাইক্রোসফট, ইউসিসি, ডেল, ইকারাস ও মারকারি।