তথ্যপ্রযুক্তির যুগে পিছিয়ে থাকার জো নেই। সময় এসেছে মস্ত বিশ্বটাকে জানিয়ে দেওয়ার—তৈরি হচ্ছে বাংলাদেশ, তৈরি এখন বাংলাদেশের তরুণেরা।‘জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১১’ চ্যাম্পিয়ন হয়ে সে কথাই জোরেশোরে জানান দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ। এ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসনাইন হেইকেল, শিপলু হাওলাদার ও আনা ফারিহাকে নিয়ে গঠিত ‘ডিইউ রেজোনেন্স’ নামের দলটি এবার চ্যাম্পিয়ন হয়েছে।এবার জানা যাক এ জয়ীদের পেছনের ইতিহাস। হাসনাইন হেইকেলের শৈশব কেটেছে চট্টগ্রামে। শৈশব থেকেই কম্পিউটারের প্রতি দারুণ আগ্রহ তাঁর। চারকোনা এ আজব যন্ত্রের মোহে পড়ে প্রায়ই নাওয়া-খাওয়া ভুলে যাওয়ার জোগাড় হতো হাসনাইনের। কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন এ সময়ই বাসা বাঁধে মনে। সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার নিয়ে পড়ার স্বপ্নটা সত্যি হয় একসময়। অনার্সে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে। এরপর শুধুই এগিয়ে যাওয়ার গল্প। নিজ বিভাগের অগ্রজদের কাছে প্রোগ্রামিংয়ের খুঁটিনাটি বিষয়ে জানতে পেরে এ আগ্রহ বেড়ে যায় আরও কয়েকগুণ। অনলাইনেই বিভিন্ন প্রোগ্রামের সমাধান করে চলতে লাগল দক্ষ হওয়ার চেষ্টা। আরেক বন্ধু শিপলু হাওলাদারের প্রোগ্রামিংয়ে আসা হাসনাইনের হাত ধরে। বন্ধুর কাছ থেকে তিনি জানতে পারেন অনলাইন প্রোগ্রামিংয়ের বিস্তারিত সব ব্যাপার। দলে যোগ হয় আরেক বন্ধু আনা ফারিহা। দলের নাম রাখা হয় ‘ডিইউ রেজোনেন্স’। কোচ মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে চলে এ দলের প্রশিক্ষণ।প্রতিযোগিতায় প্রতিটি দলকে কম্পিউটারের প্রোগ্রাম-সম্পর্কিত ১০টি সমস্যার সমাধান করতে দেওয়া হয়। সমাধানের জন্য পাঁচ ঘণ্টা সময় পান প্রতিযোগীরা। কম সময়ে ছয়টি সমস্যার নির্ভুল সমাধান করে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ রেজোনেন্স’। আর দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘বুয়েট ডুব ডুব’ ও ‘বুয়েট ডিনামাইটস’। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ২৪ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট।জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথমবারের মতো এবার মেয়েদের জন্য ছিল আলাদা বিভাগ। মেয়েদের বিভাগে ‘বুয়েট হাইপেরিওন’ দলকে হারিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ ফেলিসিটি’ প্রথম স্থান লাভ করে। ‘ডিইউ ফেলিসিটি’ দলের সদস্যরা হলেন ফারজানা শারমিন ফারাহ, আনা ফারিহা ও কায়নাত কাইয়ুম।৩ ও ৪ জুন অনুষ্ঠিত এ প্রোগ্রামিং প্রতিযোগিতায় ৪০টি বিশ্ববিদ্যালয়ের ৮০টি দল অংশ নেয়। এ আয়োজনে জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য লুৎফর রহমান। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতার এবারের আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ।