প্রযুক্তির নতুন অভিজ্ঞতা
চট্টগ্রাম টু ঢাকা। দীর্ঘ এক যাত্রা বটে। তবে একটুও ক্লান্তিকর নয়, বরং আনন্দযজ্ঞেই সময় পার! আর হবেই বা না কেন? ১৬ জন বন্ধু যে একই সঙ্গে একই বাসে ঢাকায় আসছেন! বলছি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রামের কম্পিউটার সায়েন্স বিভাগের ১৬ জন বন্ধুর কথা। তাঁরা সম্প্রতি শেষ হওয়া ই-এশিয়া তথ্যপ্রযুক্তি সম্মেলনে যোগ দিতেই ঢাকায় এসেছিলেন। ১৬ সদস্যের এই দলে কেবল বাংলাদেশি বন্ধুরাই ছিলেন না, ছিলেন ভারতের নিতিয়া পাজমালা চিত্তরঞ্জন, এ শিবালক্ষ্মী, সৌমিয়া সামুয়েল, বিন্নি কাইমোত্তিল বাবু, শ্রীলঙ্কার থুসানথিনি জেগিথিসমা এবং কম্বোডিয়ার নে সুমেতা। আর বাংলাদেশি বন্ধুরা হলেন রোখসানা পারভিন, নিশাত-ই মওলা, ফারিয়া কবির, রাবেয়া তাবাসসুম, ফাতেমা জান্নাত, ফারজানা ইয়াসমিন মিথিলা, স্বর্ণা সুমনা শারমিন, লুৎফুন নাহান, নুজহাত নিশি, সারা সামিন ইশা ও দোলা নওরিন। এ ছাড়া এই দলে আরও ছিলেন কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক হরিশংকর গুপ্ত এবং সহকারী অধ্যাপক আমিনা আখতার।ই-এশিয়ার সম্মেলনটি শুরু হয় ১ ডিসেম্বর। কিন্তু তাঁরা সম্মেলনে যোগ দেন ২ ডিসেম্বর। ‘কারণ, ক্লাস যাতে ব্যাহত না হয়, সেদিকেও নজর ছিল আমাদের।’ বলছিলেন ইউমনা বাসরি হুদা।তো সারা রাতের দীর্ঘ ভ্রমণ শেষে পরদিন সকাল নয়টার মধ্যেই সবাই উপস্থিত হন সম্মেলনকেন্দ্রে। তারপর প্রত্যেকে নিজ নিজ আগ্রহের বৈচিত্র্য অনুযায়ী ভিন্ন ভিন্ন আলোচনা সভায় যোগ দেন। বিশ্বের বড় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা এই আলোচনায় বলে দেন, কীভাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে তথ্যপ্রযুক্তিকে সম্পৃক্ত করা যায়। সব আলোচনার মূল বিষয়বস্তু ছিল তথ্যপ্রযুক্তিকে সাধারণ মানুষের বিভিন্ন চাহিদা মেটানোর কাজে ব্যবহার করা।ফারিয়া কবির বলেন, ‘তথ্যপ্রযুক্তি সম্মেলনের এই অভিজ্ঞতা নিঃসন্দেহে চমৎকার।’ তাঁর কথারই প্রতিধ্বনি স্বর্ণা সুমনা শারমিনের কণ্ঠে, ‘এই মহাসম্মেলন আমাদের অনুপ্রেরণাকে আরও উজ্জীবিত করে তুলেছে।’ সম্মেলনের শেষ দিন ৩ ডিসেম্বর তাঁরা ডিজিটাল বাংলাদেশ গড়ার নতুন স্বপ্ন ও উদ্দীপনা নিয়ে বিকেল চারটায় রাজধানী ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।