২ জানুয়ারি ছিল বিজ্ঞান কল্পকাহিনি দিবস। এ সুবাদে জেনে নেওয়া যাক বিজ্ঞান কল্পকাহিনি কীভাবে প্রভাবিত করেছে প্রযুক্তিকে

বিজ্ঞানমনস্কতা, দূরদৃষ্টি আর কল্পনাশক্তির সমন্বয়ে সাহিত্যিকেরা লেখেন বৈজ্ঞানিক কল্পকাহিনি (সায়েন্স ফিকশন)। আর সেই সাহিত্য থেকে প্রেরণা নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষকেরা উদ্ভাবন করেন যুগান্তকারী সব জিনিস। লেখকের কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার এ রকম দৃষ্টান্ত অনেক। এই তো ২ জানুয়ারি চলে গেল বিজ্ঞান কল্পকাহিনি দিবস। সেই সূত্রে চলুন জেনে নিই বৈজ্ঞানিক কল্পকাহিনি কীভাবে প্রভাবিত করেছে প্রযুক্তিবিদদের।
ফরাসি লেখক জুল ভার্নের টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম ডুবোজাহাজটি তৈরি করেছিলেন মার্কিন নৌবাহিনীর স্থপতি সাইমন লেক। আর আধুনিক হেলিকপ্টারের উদ্ভাবক ইগর সিকোরস্কিও ছিলেন ভার্নের ক্লিপার অব দ্য ক্লাউডস বইটির মুগ্ধ পাঠক।
আজকাল অবশ্য যুগান্তকারী উদ্ভাবনের চেয়ে প্রচলিত প্রযুক্তিগুলোর আধুনিকায়নই হচ্ছে বেশি। মার্কিন প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা পিটার থিয়েল মনে করেন, মানুষের জীবনযাত্রা ও ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো আবিষ্কারের চেয়ে এখনকার গবেষকেরা ছোট পরিসরের উদ্ভাবন নিয়ে বেশি ব্যস্ত থাকেন। কার্যকর সায়েন্স ফিকশনের অভাব হয়তো এর একটা বড় কারণ।
১৯৫০ ও ৬০-এর দশক থেকে বিজ্ঞান গবেষণায় সায়েন্স ফিকশনের প্রভাব কমে আসতে শুরু করে। এর আগ পর্যন্ত পৃথিবীর সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে উল্লেখযোগ্য অনেক বিজ্ঞান-কল্পকাহিনি রচিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির জগতে বাস্তব পরিবর্তনও ঘটেছে অনেকটা সে আদলেই।

প্রযুক্তিবিষয়ক মূলধারার অধিকাংশ সায়েন্স ফিকশনের বিরুদ্ধে অভিযোগ, বাস্তব থেকে অনেক দূরে এগুলোর অবস্থান। তাই গবেষকেরা এগুলোর প্রতি খুব কমই আকর্ষণ বোধ করেন। তবে সায়েন্স ফিকশন নিয়ে এখনো বিস্তর কাজকর্ম হচ্ছে। আধুনিক মুঠোফোনের অগ্রদূত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মটোরোলার গবেষণা পরিচালক মার্টিন কুপার মনে করেন, ১৯৭০-এর দশকে আধুনিক মুঠোফোন উদ্ভাবনের নেপথ্যে মূল কৃতিত্বের দাবিদার হচ্ছে মার্কিন টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্র স্টার ট্র্যাক-এ প্রদর্শিত যন্ত্র ‘কমিউনিকেটর’।
এ যুগে গবেষকদের উচ্চাকাঙ্ক্ষার ঘাটতি নিয়ে সবাই যে অভিযোগ করেন, তা নয়। যুক্তরাষ্ট্রের সিংগুলারিটি বিশ্ববিদ্যালয়ের সহ-প্রতিষ্ঠাতা পিটার ডায়াম্যান্ডিস বলেন, উড়ন্ত মোটরগাড়ি (ফ্লাইং কার) আসছে। আর অসুস্থতা শনাক্তকারী যন্ত্র ‘ট্রাইকোডার’ শিগগিরই মানুষের নাগালে চলে আসবে। সিলিকন ভ্যালির অনেক উদ্ভাবক সায়েন্স ফিকশন থেকে ধারণা নিয়ে কাজ করে যাচ্ছেন। যেমন গুগল এক্স ল্যাবের গবেষকেরা কাজ করছেন গুগল গ্লাস ও ফ্লাইং কার নিয়ে। আর মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা শুরু করেছে এলন মাস্কের স্পেস এক্স।
আবার প্রযুক্তি খাতে বিনিয়োগকারী জন টেইসম মনে করেন, সায়েন্স ফিকশনের প্রেরণায় খুব কম প্রযুক্তিপণ্যই উদ্ভাবন করা হয়েছে। তবে নতুন প্রযুক্তির ভবিষ্যৎ সম্পর্কে একটি ধারণা তৈরি করে দিতে সামর্থ হয়েছে এ ধরনের সাহিত্যকর্ম। তা ছাড়া প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা বজায় রাখার ব্যাপারটি নিশ্চিত করতেও সায়েন্স ফিকশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ, এটি একটি পণ্য ব্যবহারের ভালো ও মন্দ দিকগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করে।
প্রযুক্তির সম্ভাব্য পরিণাম নিয়ে চিন্তা করার পরিবর্তে উদ্ভাবনেই সাধারণত বেশি মনোযোগী হন বিজ্ঞানীরা। বিশ্বের রাজনৈতিক ও নৈতিক বিবর্তনের ক্ষেত্রে এসব আবিষ্কার কতটুকু বাস্তব প্রভাব ফেলতে পারে, সে ব্যাপারে সাহিত্যিকদের ভাবনা ও দূরদর্শিতা বিজ্ঞানীদের জন্য সহায়ক হয়ে থাকে। কম্পিউটার বিজ্ঞানী ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রযুক্তি কর্মকর্তা জিম ওয়াল্ডোর কোনো উদ্ভাবনে অবশ্য সায়েন্স ফিকশনের মূল ভূমিকা কখনো ছিল না। তবে নিজ উদ্ভাবনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে নানামুখী ধারণা যাচাই করতে তিনি কল্পবিজ্ঞানের সহায়তা নিয়েছেন।
প্রযুক্তির দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে সায়েন্স ফিকশন সুগভীর ধারণা দিতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলো প্রযুক্তির সহায়তায় আমাদের আচার-আচরণ ও জীবনযাত্রায় অনেকটা প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছে। মার্কিন স্নায়ুবিজ্ঞানী সুসান গ্রিনফিল্ড মনে করেন, ফেসবুকসহ যোগাযোগের নতুন মাধ্যমগুলো মানুষের মস্তিষ্কে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।
মানুষ যেকোনো কাহিনির প্রতি সহজাত আকর্ষণ বোধ করে। বিজ্ঞান কল্পকাহিনিকে ভবিষ্যতের কাহিনি বা সম্ভাব্য ইতিহাসও বলা চলে। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইমাজিনেশনের উদ্যোগে হায়ারোগ্লিফ নামের একটি প্রকল্প শুরু করা হয়েছে। এতে মানুষের সামর্থ্য ও ভবিষ্যৎ নিয়ে যৌথভাবে কাজ করছেন বিজ্ঞানী ও কল্পবিজ্ঞানের লেখকেরা। প্রতিষ্ঠানটির পরিচালক এড ফিন বলেন, ভবিষ্যতে মানুষকে আরও সৃজনশীল ও আরও উচ্চাভিলাষী করে সম্ভাবনার দিককে পরিপূর্ণভাবে উন্মোচন করাই তাঁদের লক্ষ্য।
আশিস আচার্য, সূত্র: ইন্টারনেট