প্রযুক্তির ভিড়েও ঈদকার্ড
চট্টগ্রাম সেনানিবাসে চাকরি করেন মো. নাসিম। বাড়ি মেহেরপুর। ট্রেনের টিকিট পাননি। সুতরাং এবারের ঈদের ছুটিতে বাড়ি যাওয়া হচ্ছে না। তাই বলে কি প্রিয়জনকে শুভেচ্ছা জানাবেন না? বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ঈদকার্ড দেখছেন যাতে অন্তত মনের কথাটি প্রিয় মানুষের কাছে পৌঁছানো যায়। এখন যুগটাই প্রযুক্তির। হাতের কাছেই আছে মুঠোফোন, ইন্টারনেট আর ফেইসবুক। খুব সহজেই মানুষ একে অন্যের কাছাকাছি যেতে পারছেন। তবু ঈদের শুভেচ্ছা জানাতে ঈদকার্ডের জুড়ি নেই। বিপণিবিতানের হলমার্কসে দেখা হলো চট্টগ্রাম কলেজের গণিত বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্রী শারমিন রিমার সঙ্গে। বান্ধবীকে সঙ্গে নিয়ে কার্ড দেখছিলেন। তিনি বলেন, ‘মুঠোফোন ফেইসবুকের যুগেও অনেকে পুরোনো ঐতিহ্য ধরে রাখেন। ঈদকার্ড সে রকমই ঐতিহ্যের অংশ।’ দোকানের মালিক জ্যাকসন দে বলেন, ‘প্রযুক্তির যতই উন্নতি হোক ঈদকার্ড চলবে।’ঈদ সামনে রেখে ব্যবসায়ীরা তৈরি করছেন নতুন নতুন ডিজাইনের কার্ড, মিউজিক কার্ড। দামও হাতের নাগালে। ইউনুস্কো সেন্টারের আর্চিসে ঈদকার্ড ৪৫-২০০ টাকায় ও মিউজিক কার্ড ৭০-৯০ টাকায় পাওয়া যাচ্ছে। অধিকাংশ ক্রেতা ভেতরে লেখা ছাড়া কার্ড পছন্দ করেন বলে জানান বিক্রয়কর্মী সুমি শীল। তিনি বলেন, ‘একেকজন একেক রকমের কার্ড চান। অনেক সময় তাদের চাহিদা অনুযায়ী কার্ড দিতেও পারি না।’শুধু হলমার্কস বা আর্চিস নয়, কার্ডের পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন প্রোডাক্টস হাউসগুলো। আইডিয়াল প্রোডাক্টসে মিউজিক কার্ডের খোঁজ করছিলেন মো. হাবিবুল ইসলাম। একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করেন তিনি। পছন্দমতো মিউজিক কার্ড না পেয়ে জানালেন, ‘ব্যতিক্রম কিছু কার্ড চাইছি। অধিকাংশ ক্ষেত্রে মুঠোফোনে বার্তা পাঠাই। তবে কিছু কিছু ক্ষেত্রে কার্ড দিতে হয়।’ বিক্রয়কর্মী মিজানুর রহমান জানান, ‘মিউজিক কার্ড চীন থেকে আমদানি হয়। দুই-একবার ব্যবহারের পর নষ্ট হয়ে যায়। তবু সবাই মিউজিক কার্ড খোঁজেন। এখন ফোনে সব কথা হয়ে যায়। তবু নতুন ডিজাইনের কার্ডের প্রতি আগ্রহের কমতি নেই।’