
বেশ কিছুদিন আগে আমাকে ভুল করে একটা দেশের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে ডাকা হয়েছিল। অনেক বড় বড় মানুষ ছিলেন। অনেক কথা বলেছিলেন। আমি বেশি কিছু বলার সাহস পাইনি। শুনেছি। বাংলাদেশের ভবিষ্যৎ এবং উন্নয়ন নিয়ে যেহেতু বৈঠক, স্বভাবতই প্রযুক্তি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। একজন বললেন যে ভবিষ্যতে আর কোনো ফ্যাক্টরিতে মানুষ থাকবে না, শুধু যন্ত্র৷ ব্যাপারটা অদ্ভুত কিন্তু যিনি বলেছেন, তাঁর কথাও ফেলে েদওয়া যায় না। তবে সবাই একমত যে আমাদের শ্রমভিত্তিক অর্থনীতিতে মনোনিবেশ না করে ধীরে ধীরে প্রাযুক্তিক অর্থনীতির দিকে যাওয়া উচিত৷ কথা এগিয়ে গেল শিক্ষার দিকে। ওখানেও সবাই একমত যে বাংলাদেশে আরও বেশি করে কারিগরি শিক্ষার ব্যবস্থা রাখা উচিত৷ এতেও সবাই সায় দিলেন। আপত্তির কিছুই নেই। এসবের মধ্যে একজন বলে বসলেন যে আমরা আসলেই স্কুল-কলেজে খুব ফালতু জিনিস শিখি। এতে কারও কোনো লাভ হয় না। যেমন তাঁর স্কুলে শেক্সপিয়ার পড়তে হয়েছিল। তিনি জানেন না, এতে তাঁর কী লাভ হয়েছে৷ এ প্রসঙ্গে বলা উচিত, ওই ভদ্রলোক একজন শিক্ষাবিদ। দেশ-বিদেশে অনেক সুনাম কুড়িয়েছেন শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করার জন্য৷ তাঁর কথা শুনে আমি মনে মনে বললাম, সর্বনাশ। কিন্তু বাকি কেউ সর্বনাশী কিছু দেখল না তাঁর মন্তব্যের মধ্যে৷ কেউ কেউ বুঝদার হাসি হাসলেন। আমি চেপে গেলাম৷
ওই বৈঠক নিয়ে আমি বিশেষ ভাবি না। কিন্তু শেক্সপিয়ার নিয়ে মন্তব্য মনে করলে আমি এখনো ভয় পাই। এমনিতেই আমাদের বইয়ের দোকানের পরিসর কমতে কমতে এখন নিউ মার্কেটের বুক সার্কেলে গিয়ে ঠেকেছে। যেন ওটা বই দোকানের রিফিউজি ক্যাম্প। বাকি শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে হাতে গোনা আর কয়েকটা দোকান। আত্মঘাতী গেরিলা যোদ্ধাদের মতো লড়াই করে যাচ্ছে। এই মরে মরে বলে৷ যা বইয়ের দোকান হৃষ্টপুষ্টভাবে বেঁচে আছে, সেগুলো সব পাঠ্যবইয়ের দোকান। কারগরি বইয়ে ভরপুর। প্রাযুক্তিক স্বপ্নপুরীর দিকে আমাদের উদ্দামযাত্রা ঠেকাবে, শেক্সপিয়ার, মার্কেস, জীবনানন্দ, বঙ্কিমের মতো বোহেমিয়ানদের এমন কোনো অবকাশই নেই। অন্যদের কথা জানি না। আমার কাছে বিষয়টা বেশ ভয়ংকর। আর এ অবস্থায় আমাদের দেশের শিক্ষাবিদেরা যদি অপ্রাযুক্তিক শিক্ষাকে নিন্দা করেন, তাহলে আমার স্বল্পবিদ্যা বলে যে আমাদের ভবিষ্যৎমুখী রাডারে গড়বড় আছে। এখানে বলাই বাহুল্য, আমার চেনাজানা বেশির ভাগ যে তরুণেরা প্রাযুক্তিক বিষয়ে দক্ষ, তারাই আবার এই বইয়ের দোকানের উদ্গ্রীব পৃষ্ঠপোষক। আমরা প্রবীণেরা প্রযুক্তির ঢেউয়ে অসাবধানভাবে গা ভাসালেও নবীনেরা তাদের জায়গায় বেশির ভাগ ক্ষেত্রে ঠিকই আছে।
আমি প্রযুক্তির শত্রু নই। প্রযুক্তি আমি ভালোবাসি। প্রযুক্তির কারণে আমাদের সমাজে যে উন্নতি হচ্ছে, সেটাকে ছোট করে দেখার কোনো কারণই নেই। তবে আমি এটাও বিশ্বাস করি, প্রযুক্তি আমাদের জীবন বিকাশের অনেকগুলো হাতিয়ারের মধ্যে একটি৷ প্রযুক্তিকে যাতে মানবিকভাবে ব্যবহার করতে পারি, সে জন্যই আমাদের জীবনে সাহিত্য-শিল্প-সংস্কৃতির প্রয়োজন৷ শেক্সপিয়ার আমাকে হয়তো প্রোগ্রামিং শেখাবে না, কিন্তু মানবতা শেখাবে। যেই মানবতা দিয়ে আমি প্রযুক্তি ধ্বংসের কাজে ব্যবহার না করে মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করব। সাহিত্য-সংস্কৃতি ছাড়া একটি সমাজ সত্তাহীন সমাজে পরিণত হয়। সমাজের রূপ বিকট হয়ে দাঁড়ায়৷
আমরা একটি দরিদ্র দেশ। জাতীয় ও ব্যক্তিগত অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা উদ্গ্রীব। এ অবস্থায় যেই জিনিসটা আমাদের তাড়াতাড়ি উন্নয়ন এনে দেবে, সেটার পেছনেই আমরা ছুটব। এখন উন্নয়নের সবচেয়ে সহজ উপায় প্রযুক্তি। রুটিরুজির তাগিদেই আজকে আমরা কোনো সাংস্কৃতিক শিক্ষার চেয়ে প্রাযুক্তিক শিক্ষার ব্যাপারে অনেক বেশি আগ্রহী৷ হাজার হাজার কম্পিউটারের দোকানের ভিড়ে একটা গল্পের বইয়ের দোকান খুঁজে পাওয়া দুষ্কর৷ এটাই সময়ের দাবি এবং খানিকাংশে স্বাভাবিক৷ কিন্তু তাই বলে আমাদের দেশের বড়জনেরা যাতে আমাদের সত্তাকে ভুলে না যান৷ এটা আমার একান্ত কামনা।
বাকি সবকিছুর মতোই অন্ধ হয়ে প্রযুক্তির পেছনে দৌড়ানোর বিপদের ব্যাপারে আমাদের চেয়ে আমাদের তরুণেরা অনেক বেশি সচেতন৷ এ জন্যই চারদিকে দেখি নানা সাহিত্য-সংস্কৃতিকে প্রাযুক্তিক বিশ্বে প্রাসঙ্গিক করার অসাধারণ নানা প্রচেষ্টা। শেক্সপিয়ার পড়ে কোনো লাভ নেই, এই মনোভাব নিয়ে যাতে আমরা তাদের এই চেষ্টাকে বাগড়া না দিই—এটাও আমার জোর দাবি।
লেখক: অভিনয়শিল্পী