
ধবধবে সাদা টি-শার্ট গায়ে তারুণ্যে উদ্দীপ্ত একদল তরুণ ঢোলের তালে হাঁটছেন। হাতে ফেসবুক, গুগল, ইয়াহু, মাইক্রোসফট, অ্যাঙ্গরি বার্ডস আর অ্যাপেলের ফেস্টুন-প্ল্যাকার্ড। তাঁদের চোখে-মুখে দেশকে প্রযুক্তিতে সবার ওপরে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রযুক্তিবিষয়ক উৎসব ‘সিএসই ফেস্টিভ্যাল ২০১৩’-এর শুরুটা এ রকম আনন্দ শোভাযাত্রার মাধ্যমেই হয়েছে। জমজমাট এই শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে যখন কেন্দ্রীয় মিলনায়তনের সামনে এসে শেষ হয়, তখন প্রস্তুতি চলছিল উৎসবের প্রথম সেমিনারের। বাংলা মোবাইল সফটওয়্যার অ্যাপ্লিকেশনের পর সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন চুয়েটর উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। ইএটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিযাম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানসহ কম্পিউটার কৌশল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এই সেমিনারে অংশ নেন। সেমিনারের শেষভাগে ছিল উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। বেলা একটা থেকে শুরু হয় আন্ত বিশ্ববিদ্যালয় গেমিং প্রতিযোগিতার জমজমাট প্রথম পর্ব। এতে বিশ্ববিদ্যালয় ও কলেজের ১০৬ জন গেমার অংশ নেন। উদ্বোধনী দিনের বিশেষ আকর্ষণ ছিল বাস্কেটবল মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর স্ট্রিট ড্যান্স। আকর্ষণীয় এ নাচে অংশ নেন দুই শতাধিক শিক্ষার্থী।
ডোটা, ফিফা ১৩, নিড ফর স্পিড—এ রকম মজার মজার গেমের টান টান উত্তেজনা দিয়ে শুরু হয় উৎসবের দ্বিতীয় দিন। পাশাপাশি চলতে থাকে আলোকচিত্র প্রদর্শনী। আর বিকেলে শিক্ষার্থীসহ দর্শনার্থীদের ঢল নামে অডিটরিয়ামের বারান্দায়। আধুনিক প্রযুক্তির এত সব মজার প্রকল্প দেখতে কার না ভালো লাগে! চমকপ্রদ প্রকল্পগুলোর মধ্যে সফটওয়্যার শাখায় চুয়েট রুম এবং হার্ডওয়ার শাখায় হ্যান্ড থেরাপি ইউজিং বায়োইনফরমেটিক নামে চুয়েটের দুটি প্রকল্প বিচারকদের রায়ে প্রথম হয়।
সব কটি চোখ অপলক দৃষ্টিতে আটকে আছে মনিটরের দিকে, মস্তিষ্কের নিউরনগুলোয় প্রতিনিয়ত খেলে যাচ্ছে বুদ্ধির খেলা, সবাই গভীর চিন্তামগ্ন। উৎসবের তৃতীয় দিন মাল্টিমিডিয়া ল্যাবে গিয়ে পাওয়া গেল এমন দৃশ্য। সবাই তখন প্রোগ্রামিং প্রতিযোগিতায় ব্যস্ত। এ প্রতিযোগিতায় অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩১টি দলের ৯৩ জন প্রতিযোগী। ভবিষ্যৎ প্রকৌশলীদের কর্মজীবন নিয়ে এরপর শুরু হয় ক্যারিয়ার আড্ডা। এতে আমন্ত্রিত অথিতিরা আড্ডার ফাঁকে ফাঁকে শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনা দেন।
উৎসবের শেষ দিন ছিল শুধুই সাংস্কৃতিক আয়োজন। সমগ্র আয়োজনকে ব্যতিক্রমী আর চমকপ্রদ করতেই এ রকম করা হয়েছে বলে আয়োজকেরা জানান। নাচ, গান, কবিতা, ফ্যাশন শো, ভিডিওচিত্র আর কনসার্ট মধ্যরাত পর্যন্ত মাতিয়ে রাখে সবাইকে। তার ওপর দিনটি ছিল চুয়েটের ১১তম বিশ্ববিদ্যালয় দিবস। ফলে, প্রযুক্তি উৎসব, সাংস্কৃতিক সন্ধ্যার বিনোদন আর বিশ্ববিদ্যালয় দিবসের আমেজ মিলে একাকার হয়ে যায় দিন-রাত।