প্রযুক্তির লেওনার্দো দ্য ভিঞ্চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমেই পরিষ্কার করে নেওয়া ভালো, এই লেখা স্টিভ জবসকে নিয়েই। কিন্তু তার আগে এ এন উইলসনের সংক্ষিপ্ত পরিচয় না দিলেই নয়। ব্রিটিশ এই ভদ্রলোক লেখক ও কলামিস্ট। জন্ম ১৯৫০ সালে। বিশ্বের বেশ কয়েকটি বাঘা বাঘা দৈনিক ও ট্যাবলয়েডে নিয়মিত কলাম লেখেন তিনি। স্টিভ জবসের মৃত্যুর পর, গত ৭ অক্টোবর ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলে উইলসন একটি কলাম লিখেছিলেন। তার সংক্ষিপ্তসার হলো, স্টিভ জবস প্রযুক্তি দুনিয়ায় অনেক কিছু সংযোজন করেছেন, ঠিক আছে। কিন্তু তিনি আইনস্টাইনের মতো প্রতিভাবান কেউ নন। তিনি ভালো ব্যবসা বুঝতেন, কিন্তু তাই বলে তাঁকে নিয়ে এত মাতামাতির কিছু নেই। বিশ্বের প্রচারমাধ্যমগুলো তাঁকে নিয়ে যা করছে, তা বাড়াবাড়ি। তারই প্রতি-উত্তরে একই দৈনিকে আরেকটি লেখা লিখেছিলেন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকর্মী শার্লি উলফ। যুক্তরাজ্যভিত্তিকআমেরিকান রেডিও টক শোর সঞ্চালক হিসেবে কাজ করছেন শার্লি। পড়ুন তিনি কী লিখেছেন—তথ্যপ্রবাহের এই জগতে স্টিভ জবস অবশ্যই একজন রূপান্তরের কারিগর। এই রূপান্তর কম্পিউটার শিল্প এবং প্রযুক্তি ব্যবহারকারী মানুষের। চার্লস ব্যাবেজের গণনা করার ওই কম্পিউটার এখন কেবল হিসাবই করে না। মানুষ এর সঙ্গে নানাভাবে জড়িয়ে পড়েছে। নিত্যদিনের কত কাজই এই যন্ত্রটা করে দিচ্ছে, তা বোধ করি বিস্তারিত না বললেও চলে। অনেকেই আমার সঙ্গে একমত হবেন, আদিমানব সেই আপেলটিতে কামড় না বসালে হয়তো অনেক কিছুই হতো না। ঠিক তেমনই জবসের অ্যাপলে ‘কামড়’ না বসালেও প্রযুক্তি দুনিয়ার অনেক কিছুই আমাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যেত। মুদ্রণযন্ত্রের জনক জোহান গুটেনবার্গের কথাই ধরি। তিনি যদি ওই যন্ত্রটি আবিষ্কার না করতেন, তাহলে হয়তো এত দ্রুত ছাপার হরফে বইপত্র হাতে পেতাম না আমরা। আর জবস কী করেছেন? তিনি বিশ্বের ছোট-বড়-মাঝারি—সব আকারের বইকেই একটা ছোট্ট মুঠোর ভেতর রাখা যায়, এমন যন্ত্রের ভেতর পুরে ফেলেছেন। এই তুলনা খানিকটা খাপছাড়া মনে হলেও অমূলক নয়।হেনরি ফোর্ড গাড়ি নির্মাতা ছিলেন না, ছিলেন শিল্পপতি। তিনিই প্রথম ‘মধ্যবিত্তের গাড়িরোগের’ উপশম দিয়েছিলেন ফোর্ড গাড়ি সহজলভ্য করে। এখন প্রতিটি ঘরে আর কিছু না থাক, একটা কম্পিউটার তো আছে, অবশ্যই অনস্বীকার্য, এটা জবসেরই স্বপ্নের ফসল। জবস আলো ছড়িয়েছেন অ্যাপলের কম্পিউটার দিয়ে। আর আইফোন, আইপ্যাড, আইপড—এই যন্ত্রগুলোতে একাধারে গান শোনা ও ছবি তোলার যে সুবিধাগুলো তিনি এনেছিলেন, তা ছিল অভূতপূর্ব। সিডি ও রেকর্ডিংয়ের জায়গায় আইটিউনসও এক বিপ্লবের নাম। আর অ্যানিমেশন ছবির কারখানা পিক্সারের কথাই বা বাদ যাবে কেন! জবস স্বপ্ন দেখেছিলেন বলেই আজ অ্যানিমেশন ছবির দুনিয়া এত রং ছড়াচ্ছে।বড় বড় রাজনীতিবিদের সঙ্গেও তুলনা চলে স্টিভ জবসের। কেন? অ্যাপল ইনকরপোরেটেড, পিক্সার কিংবা জবসের অন্য প্রতিষ্ঠানগুলোর সহকর্মীদের কথায় বোঝা যায়, জবস স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। বিশেষ করে সহকর্মী, উদ্ভাবক, বিজ্ঞানী ও গবেষকদের অর্থনৈতিকভাবে সমর্থন দিয়ে গেছেন তিনি শুরু থেকেই। এত কিছু বাদ দিন, অ্যাপলের পণ্যগুলো নেড়েচেড়ে দেখুন। এদের গ্রাফিক ইন্টারফেসের কথা ভাবুন একবার। তাঁর আগে কি কেউ এভাবে কম্পিউটারের চেহারায় নতুনত্ব এনেছিল? বলতে দ্বিধা নেই, আজ অনেক প্রতিষ্ঠানই অ্যাপলের গ্রাফিক ইন্টারফেস দেখে শিখেছে কী করে কম্পিউটারকে আরও সহজে ব্যবহারযোগ্য করা যায়। নান্দনিক দৃষ্টিকোণ থেকে অ্যাপলের প্রতিটি পণ্যই ‘ইউনিক’। গুরুত্বপূর্ণ তথ্য হলো, জবস তাঁর ‘নোটবুকে’ অ্যাপলের জন্য আগামী চার বছরের কর্মপরিকল্পনা রেখে গেছেন। যেমনটা রেখে গিয়েছিলেন মহান চিত্রশিল্পী লেওনার্দো দ্য ভিঞ্চি! ভিঞ্চি অনেক স্বপ্নই দেখেছিলেন, এঁকে ও লিখে রেখে গিয়েছিলেন তাঁর খেরোখাতায়। জবসও ঠিক তেমনটাই করেছেন। তাই এ এন উইলসনকে বলতে পারি, জবস প্রযুক্তি দুনিয়ার আইনস্টাইন নন, লেওনার্দো দ্য ভিঞ্চি!  মাহফুজ রহমানসূত্র: ডেইলি মেইল