প্রযুক্তিহীন একদিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসা বাড়ি, অফিস-আদালতে এমনকি রাস্তাঘাটে হাঁটাচলায় কানে মুঠোফোন গুঁজে কথা আমরা বলেই চলেছি। কথা বলে বলে ক্লান্ত হয়ে পড়লেও ক্ষান্ত হই না আমরা। ফোনটা হাতের তালুতে নিয়ে শুরু হয় খুদে বার্তা লেখার কসরত। আর ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে অভ্যস্ত এখনকার তরুণ-তরুণীদের প্রযুক্তি ছাড়া একদিনও চলে না। প্রযুক্তিনির্ভর মানুষ দিনের পর দিন আরও বেশি প্রযুক্তির দাসত্বে, শৃঙ্খলে জড়িয়ে পড়ছে। এতে মানবীয় গুণাবলি কি একটু একটু করে হারিয়ে যাচ্ছে না!প্রযুক্তি-আসক্ত মানুষকে রক্ষায় অভিনব এক উদ্যোগ নিয়েছে ইউরোপ-আমেরিকার কিছু মানুষ। সপ্তাহে একটা দিন লোকজনকে প্রযুক্তি ছাড়া থাকার আহ্বান জানিয়েছে তারা। এক দিনের জন্য সব প্রযুক্তিপণ্য দূরে ঠেলে প্রিয়জনের কাছে, আপনজনের কাছে, প্রকৃতির কাছাকাছি থাকার আহ্বান জানানো হয়েছে।‘প্রযুক্তিহীন এক দিন’—এই ধারণার প্রবক্তাদের একজন ডেন রোলম্যান। তিনি বলেন, ‘আমরা আমাদের মানবীয় দিকগুলো অবদমিত করে যত বেশি ডিজিটাল পণ্যনির্ভর হয়ে উঠব, সামাজিক সমস্যা ততই বাড়বে।’ সপ্তাহের ছয় দিন কাজ করুন, এক দিন বিশ্রাম নিন।বিশ্রামের সেই দিনটায় বেছে বেছে ১০টি কাজ করা যেতে পারে। প্রথম কথা হচ্ছে প্রযুক্তি থেকে দূরে থাকা, ভালোবাসার মানুষটির পাশে থাকা, নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া, কোথাও ঘুরে আসা, ব্যবসা-বাণিজ্য থেকে দূরে থাকা, রাতে বিজলি নয়, মোমবাতি জ্বালানো, হালকা কিছু পান করা, রুটি খাওয়া আর নীরবতা পালন করা। আরও কী করা যেতে পারে সে ব্যাপারে ইন্টারনেটে সারা পৃথিবীর মানুষের পরামর্শ চাওয়া হয়েছে। ডেন রোলম্যান বলছেন, এভাবে একটা দিন বা ২৪ ঘণ্টা কাটালে জাদুকরী কোনো পরিবর্তন হয়তো আপনার জীবনে ঘটবে না। কিন্তু এমন চর্চা ধীরে ধীরে আপনার ভেতর এমন পরিবর্তন এনে দেবে, যা থেকে আপনি পাবেন মানসিক প্রশান্তি।তবে সমালোচকেরা বলছেন, জীবনের চাকা সচল রাখতে গিয়ে ২৪ ঘণ্টার জন্য সারা দুনিয়া থেকে এভাবে বিচ্ছিন্ন হয়ে ক্ষতি বিনে লাভ নেই কোনো। প্রযুক্তিপণ্যে অভ্যস্ত মানুষের পক্ষে হুট করে এমন উল্টো আচরণ করা সম্ভব নয়। ধরুন, মার্কেটে কারও সঙ্গে দেখা করবেন আপনি। এখন দুজনের কাছেই যদি মুঠোফোন না থাকে, তাহলে অবস্থাটা কী হবে ভাবুন তো একবার—বলছিলেন আমান্দা নরম্যান নামের ২৬ বছরের এক মার্কিন তরুণী। পাল্টা যুক্তি এখানেও আছে। মুঠোফোন বের হওয়ার আগে লোকজন কি দেখা-সাক্ষাত্ করত না? তখন কীভাবে সম্ভব হতো? বেসরকারি একটি সংস্থায় মোটা অঙ্কের মাইনে পান ন্যানো পলিনো (২৭)। তাঁর ভাষ্য, বাড়ি ফেরার পর এক ঘণ্টার জন্যও ফোন বন্ধ রাখার কথা ভাবতে পারি না। কারণ বস যখন-তখন ফোন করে বসেন। পলিনোর বন্ধু আর্নল্ড ডিয়াজেরও একই কথা। সপ্তাহান্তে ফোন বন্ধ রাখার কথা ভাবতেই পারি না। ওই সময়টায় বন্ধুবান্ধব মিলে বেড়াতে যাই।কিন্তু লিসা কেলার (৪২) বললেন অন্য কথা—‘ইন্টারনেট আর সেলফোন ছাড়া একটা দিন, খারাপ কী!’ আত্মীয়, বন্ধুবান্ধব খোঁজবে না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফোন বন্ধ করার আগে ফেসবুকে আমি আমার স্ট্যাটাসে সেটা লিখে রাখব।’প্রযুক্তিহীন একটি দিন কাটানোর এই ভাবনাটা যুক্তরাষ্ট্রজুড়ে এখন বেশ সমাদৃত হয়ে উঠেছে। কেউ কেউ প্রস্তাব করেছেন, জাতীয়ভাবে দিনটি পালন করা হোক। কিন্তু সেখানে এন্তার সমস্যা রয়েছে। এক দিন কেন, এক ঘণ্টার জন্যও যদি সারা দেশের মানুষ প্রযুক্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, তাহলে অর্থনীতিতে বড়সড় ধস নামবে। নিন্দুকেরা বলছেন, যাঁরা এত প্রযুক্তি ছাড়া চলার কথা বলছেন, মানবতাবাদের বুলি আওড়াচ্ছেন, তাঁরা প্রচারণা কিন্তু প্রযুক্তির ওপর ভর করেই চালাচ্ছেন।