প্রলোভনে পড়ে ভেস্তে যাচ্ছে চাষির অঙ্গীকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার মুষকুম এলাকায় ফসলি জমিতে চলছে তামাকের চাষ l প্রথম আলো
কক্সবাজারের রামু উপজেলার মুষকুম এলাকায় ফসলি জমিতে চলছে তামাকের চাষ l প্রথম আলো

তামাক চাষ না করতে কক্সবাজার ও বান্দরবানে চাষিদের নিয়ে সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করে কৃষি বিভাগ ও পরিবেশবাদীরা। এসব সমাবেশে তামাক চাষে নিয়োজিত ব্যক্তিদের জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাসহ ভয়াবহতা তুলে ধরা হয়। চাষিরাও এসব জেনে অঙ্গীকার করেন তামাক চাষ না করার। কিন্তু বেসরকারি তামাক কোম্পানির প্রলোভনে পড়ে ভেস্তে যাচ্ছে অঙ্গীকার। আবার তামাক চাষে নেমেছেন তাঁরা।
কৃষি বিভাগের কর্মকর্তাদের আশঙ্কা, এবার চাষ গতবারের চেয়ে বাড়তে পারে।
কৃষি বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, আলীকদম ও লামা উপজেলার এখন প্রায় ১৬ হাজার একর জমিতে তামাক চাষ হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার বলেন, ‘তামাক চাষ নিরুৎসাহিত করার জন্য আমরা চাষিদের নিয়ে সভা-সমাবেশ করছি। ফসলের জন্য বরাদ্দ সার, কীটনাশক যেন তামাকে ব্যবহার না হয়—সেদিকেও খেয়াল রাখছি। তারপরও তামাক চাষ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অথচ সমাবেশে চাষিরা তামাক চাষ না করার অঙ্গীকার করেন। কিন্তু বিভিন্ন কোম্পানির প্রলোভনে পড়ে চাষিরা এসব অঙ্গীকার ভুলে যাচ্ছেন। ফসলি জমির বাইরে সরকারি খাস ও বনভূমিতে তামাক চাষ বেশি হচ্ছে। এর হিসাব কৃষি বিভাগে নেই।’
নাইক্ষ্যংছড়ি উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল আলম বলেন, নাইক্ষ্যংছড়িতে গত বছর চার হাজার একর জমিতে তামাকের চাষ হয়েছিল। এবার আরও বাড়তে পারে। নানা চেষ্টা করেও তামাক চাষ কমানো যাচ্ছে না।
৪ জানুয়ারি সকালে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মুষকুম গ্রামে দেখা গেছে, গ্রামের মূল সড়কের দুপাশে বিপুল পরিমাণ ফসলি জমিতে তামাকের চাষ হচ্ছে। পাশের ডাক্তারকাটা গ্রামের অবস্থাও একই। নারী-পুরুষের পাশাপাশি শিশুরা জমিতে তামাক চারার পরিচর্যা করছে।
মুষকুম গ্রামের চাষি সৈয়দ নুর (৪৫) বলেন, ‘তামাক চাষ করলে নগদ টাকা, বীজ ও কীটনাশক পাওয়া যায়। তামাকপাতাও চড়া মূল্যে বিক্রি হয়। তাই সবজি বাদ দিয়ে ছয় বছর ধরে তামাক চাষ করছি।’ তামাক চাষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা জেনেও কেন করছেন? এমন প্রশ্নের উত্তরে ৈসয়দ নূর বলেন, ‘ক্ষতি একটু আছে, কিন্তু টাকাও তো দরকার।’
ডাক্তারকাটা গ্রামে তামাকখেতে নিয়োজিত শিশু উজ্জ্বল আহমদ বলে, বাবার মৃত্যুর পর তার লেখাপড়া বন্ধ হয়। আয়–রোজগারের জন্য তামাকখেতে কাজ করছে।
আরেক শিশু সাইফুল বলে, সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত তারা তামাক চারার পরিচর্যা করে বেতন পায় ১৪০ টাকা। অথচ একজন পুরুষ সমপরিমাণ কাজ করে বেতন নিচ্ছেন ৩০০ থেকে ৪০০ টাকা। এলাকায় অন্য কোনো কাজ নেই বলে তামাকখেতে তাদের কাজ করতে হচ্ছে।
কচ্ছপিয়ার পাশের ইউনিয়ন গর্জনিয়া। একসময় গর্জনিয়ার মাঠঘাট সবুজ ফসলে ভরপুর ছিল। আর এখন সেসব ফসলি জমি গ্রাস করে নিয়েছে বিষাক্ত তামাক।
ইউনিয়নের বোমাংখিল গ্রামের চাষি সুলতান আহমদ জানান, এক কানি জমিতে তামাক চাষ করলে ৭০ থেকে ৮০ হাজার টাকা পাওয়া যায়। আর ধান চাষ করলে লোকসান গুনতে হয়। তাই গ্রামের সবাই লাভের আশায় তামাক চাষ করছেন।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, নানা চেষ্টা করেও তামাক চাষ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাস দুয়েক পর বনাঞ্চলের কাঠ পুড়িয়ে তামাকপাতা ঘরে তোলা হবে। এতে বনাঞ্চল উজাড়ের পাশাপাশি বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ দূষণও হবে।
পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, কক্সবাজার ও বান্দরবানে প্রায় ১২ হাজার একর জমিতে তামাকের চাষ হচ্ছে। এর বাইরে দুই জেলার বাঁকখালী ও মাতামুহুরী নদীর দুই তীরের প্রায় দুই হাজার ও বনভূমিতে তিন হাজার একর জমিতে রোপণ করা হয়েছে তামাকের চারা। প্রশাসন মাঝেমধ্যে কিছু তামাক চারা উচ্ছেদ করলেও চাষিদের সবজি চাষে আগ্রহী করে তোলা সম্ভব হচ্ছে না।
কক্সবাজারের সিভিল সার্জন মো. কমর উদ্দিন বলেন, তামাক চাষ কিংবা প্রক্রিয়াজাতকরণে জড়িত যে কেউ ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝঁুকি থাকে। এ ছাড়াও ক্রনিক ব্রংকাইটিস, হাঁপানিসহ নানা রোগ হতে পারে। তামাক আয়ু কমানোর পাশাপাশি হৃদ্রোগের ঝঁুকিও বাড়ায়।