প্রশান্তি আছে শান্তিপুর অরণ্য কুটিরে
খাগড়াছড়িতে বেড়াতে এসে রিছাং ঝরনা, আলুটিলা পর্যটনকেন্দ্র, দেবতাপুকুর, দীঘিনালা ও তৈদুছড়ার ঝরনাসহ বিভিন দর্শনীয় স্থান দেখতে যান দর্শনার্থীরা। তবু খাগড়াছড়ি বেড়ানো অপূর্ণ থেকে যাবে যদি পানছড়ির শান্তিপুর অরণ্য কুটির ভ্রমণের তালিকা থেকে বাদ পড়ে। কারণ, পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে এলে দেখা মিলবে দেশের সর্ববৃহৎ বুদ্ধমূর্তির।সিদ্ধার্থকে সুজাতার পায়েস দান, বুদ্ধকে বানরের মধু দান, হাতির কলা দান ও বুদ্ধের শিষ্যদের ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে। পাহাড় আর অরণ্যশোভিত এই স্থান ভ্রমণপিয়াসীদের মনকে শান্ত সৌন্দর্যে ভরিয়ে তোলে।কীভাবে আসবেন পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে: খাগড়াছড়ি পার্বত্য জেলা চেংগী স্কয়ারের পাশে খাগড়াছড়ি-পানছড়ি বাসস্ট্যান্ড থেকে বাস, জিপ (চাঁদের গাড়ি), পিকআপ, সিএনজিচালিত অটোরিকশায় করে পানছড়ি বাজারে এসে নামতে হবে। পানছড়ি বাজার বঙ্গবন্ধু স্কয়ার থেকে জিপ (চাঁদের গাড়ি), পিকআপ, সিএনজিচালিত অটোরিকশায় উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে ইট বিছানো রাস্তা দিয়ে শান্তিপুর অরণ্য কুটিরে যাওয়া যায়।বাংলাদেশের সর্ববৃহৎ বুদ্ধমূর্তি: শান্তিপুর অরণ্য কুটিরের প্রধান আকর্ষণ ৫০ ফুট দীর্ঘ বুদ্ধমূর্তি। অরণ্য কুটিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখা যাবে উত্তরমুখী অবস্থায় রয়েছে ছয় ফুট উঁচু আসনের ওপর বসা ৫০ ফুট দীর্ঘ বুদ্ধমূর্তি। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ও উঁচু বুদ্ধমূর্তি। এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ২০০২ সালে মূর্তিটি তৈরি হয়েছে। এটি নির্মাণে সময় লাগে দুই বছর। ভাস্কর্যটি নির্মাণ করেছেন শিল্পী পুঁঞা রাখাইন।আকর্ষণীয় আরও কয়েকটি মূর্তি: সিদ্ধার্থ বুদ্ধত্ব লাভের পর সর্বপ্রথম ধর্মীয় দেশনারত অবস্থায় পঞ্চবর্গীয় শিষ্যদের ভাস্কর্য আছে এখানে। এ ছাড়া সুজাতা কর্তৃক সিদ্ধার্থকে পায়েস দানের প্রতিমূর্তি, কাঠের তৈরি তথাগত, মোগ্গলায়ন মহাস্থবিরের প্রতিমূর্তিও এখানে আছে।ছোট-বড় ১৩টি কুটির: অরণ্য কুটিরে মৈত্রী ভবন, করুণা ভবন ও বৌদ্ধভিক্ষুদের থাকার জন্য ছোট ছোট ১৩ কুটিরের দেখা মিলবে। এসব ছোট ছোট কুটিরে দুই থেকে একজন করে বৌদ্ধভিক্ষু ধ্যান-সাধনা করেন। শ্রমণদের থাকার জন্য রয়েছে একটি শ্রমণশালা। এ ছাড়া রয়েছে ৮০ ফুট দীর্ঘ একটি ভোজনশালা, ৬০ ফুট দীর্ঘ দেশনাঘর।তা ছাড়া সারি সারি মেহগনি, গর্জন, আগর, চাঁপা ও দেবদারুগাছের বাগান রয়েছে এখানে। আর নাম না জানা অসংখ্য বৃক্ষলতার সবুজ শ্যামল পত্রপল্লবের আনন্দনৃত্য দেখে পরিতৃপ্ত হবে ভ্রমণপিয়াসীদের মন।কখন এলে বেশি সুবিধা পাবেন: প্রতিবছর মহা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৌদ্ধদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান, প্রবারণা পূর্ণিমা, মধু পূর্ণিমা ও আষাঢ়ী পূর্ণিমা অনুষ্ঠিত হয়। কঠিন চীবর দানে প্রতিবছর অর্ধ লক্ষাধিক পুণ্যার্থী আসেন এখানে। ২১ ও ২২ অক্টোবর এ কুটিরে দানশ্রেষ্ঠ কঠিন চীবর দানোৎসব হবে। এ সময় এখানে এলে উপলব্ধি করা যাবে বুদ্ধের দর্শন ও বৌদ্ধসংস্কৃতি।