
সকালে ঘুম থেকে উঠে শুরু হয় দৌড়। ঝটপট তৈরি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়া। পথে পেরোতে হয় যানজটের ঝক্কি। এরপর অফিসে নানা ধরনের কাজের চাপ। সব মিলিয়ে মনে হয়, দূর, কিছুই ভালো লাগে না। একটু যদি প্রশান্তি পাওয়া যেত কোথাও।
শহুরে জীবনে যান্ত্রিকতা, চাপ ও ব্যস্ততা এখন জীবনেরই অংশ। এসব দূর করতে আপনি যেতে পারেন ঢাকার বনানীর ১৮ নম্বর রাস্তার ‘আয়ুর্ভেদা ওয়েলনেস সেন্টার’-এ।
লেকের পাশে নিরিবিলি এই সেন্টারে ঢুকেই মনে হবে কিছুটা ক্লান্তি যেন কেটে গেল। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করুন, কোন ধরনের মালিশ করাবেন।
যেমন এখানকার অভয়াঙ্গম মালিশের কথাই ধরা যাক। ক্লান্ত-পরিশ্রান্ত আপনাকে এটি এনে দেবে প্রশান্তি। প্রথমে চুলে তেল দিয়ে ভালোভাবে মালিশ করা হবে। এরপর তেল দিয়ে পুরো শরীরে মালিশ করা হবে। তারপর ১০ থেকে ১৫ মিনিট দেওয়া হবে স্টিম। এরপর স্ক্রাবার দিয়ে গোসল। দোলনায় বসে চুল শুকানোর সময়ই অনুভব করবেন কতটা ফুরফুরে লাগছে।
আয়ুর্ভেদা ওয়েলনেস সেন্টারের অন্যতম স্বত্বাধিকারী সারওয়াত আবেদ বলেন, ‘তিন বছর ধরে আমরা আয়ুর্বেদের ওপরে গবেষণা করেছি। এরপর আমি ও জাহিদা ইস্পাহানি মিলে বছর খানেক আগে এটি চালু করি। ফ্রোজেন শোল্ডার, আর্থ্রারাইটিস, পিঠে কাঁধে ব্যথা—এমন নানা ধরনের সমস্যা আজকাল অনেকের হচ্ছে। সেসব সমস্যার সমাধান পাচ্ছিলেন না অনেকেই। তখন ভারতের গোয়া ও কেরালায় গিয়ে দেখলাম আয়ুর্বেদিক পদ্ধতিতে এসব সমস্যার সমাধান করা হচ্ছে। নিজেও পড়াশোনা করলাম। আমাদের এখানে যাঁরা কাজ করেন, তাঁরা কেরালা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। আর নারী-পুরুষ উভয়কেই সেবা দেওয়া হয়। অসুস্থ হয়ে চিকিৎসকের কাছে যাওয়ার চাইতে তার আগেই সুস্থ জীবনযাপন করা ভাল।’
রাতে ঘুমের সমস্যা, মাইগ্রেন বা সাইনাসের সমস্যা কিংবা ত্বকের সমস্যা—সেসবও দূর করা যায় এখানকার আয়ুর্বেদিক মালিশের দ্বারা। আগে যোগাযোগ করে সময় নির্ধারণ করতে হবে। তারপর নির্ধারিত সময়ে আপনি সেখানকার চিকিৎসকের সঙ্গে বিনামূল্যে পরামর্শ করে সেবা নিতে পারবেন। এই সেন্টারের চিকিৎসক আতিকুজ্জামান বলেন, ‘আমাদের এখানে মালিশের জন্য যেসব উপকরণ ব্যবহার করা হয়, তা শতভাগ প্রাকৃতিক। মালিশ, ফেসিয়াল বা চুলের যত্নই নয়, কীভাবে সুস্থ জীবন যাপন করবেন, সেই নির্দেশনাও দিই আমরা। আর আয়ুর্বেদ তো শুধু বাইরের দিকে কাজ করে তা নয়, শরীরের ভেতরের টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেওয়া, সঠিক রক্ত সঞ্চালনের জন্য কাজ করে।’
এখানে নানারকম ম্যাসাজের পাশাপাশি শরীরের নির্দিষ্ট অংশের মেদ কমানোর জন্যও আছে বিশেষ মালিশ। ত্বকের ধরন দেখে নিয়ে চিকিৎসক পরামর্শ দেবেন, কোন ধরনের ফেসিয়াল আপনি করতে পারবেন। চুলের যত্নের ব্যবস্থাও আছে।
সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন। ফোন করে সময় ঠিক করে আসা ভাল। সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে থাকছে বিশেষ ছাড়।
যোগাযোগ: ১৭৩৩২৩৯৬৭৪, ০১৬৮৬১১১২২২।