প্রশাসক নিয়োগ: মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক এম এ সালামের ভাবমূর্তি নিয়ে কোনো প্রশ্ন নেই। তাঁকে গত বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই মনোনয়নে জটিলতা বাড়বে বলে বিরোধী রাজনৈতিক নেতারা মনে করছেন এবং এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন বিএনপির এক নেতা। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, এম এ সালাম আজ রোববার বা আগামীকাল দায়িত্ব নিতে পারেন। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন আজ জারি হতে পারে। প্রজ্ঞাপন জারি সাপেক্ষে নতুন প্রশাসক কার্যালয়ে যাবেন বলে পরিষদের কর্মকর্তাদের জানিয়েছেন। এদিকে নির্বাচন না দিয়ে দলীয় বিবেচনায় জেলা পরিষদের প্রশাসক নিয়োগ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এ নিয়োগ সংবিধানের লঙ্ঘন বলে বিরোধীদলীয় নেতারা অভিযোগ করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, সরকার গণতান্ত্রিক রীতিনীতিকে পদদলিত করে স্বৈরাচারী কায়দায় সংবিধানের ৫২ অনুচ্ছেদ লঙ্ঘন করে এই নিয়োগ দিয়েছে। এই নিয়োগ হাইকোর্টের দেওয়া রায়ের লঙ্ঘন। যেখানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে পরিচালনার বাধ্যবাধকতা আছে, সেখানে এ ধরনের নিয়োগ বাকশাল আমলের জেলা গভর্নর নিয়োগের কথাই স্মরণ করিয়ে দেয়। এতে জটিলতা বাড়বে।দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বিএনপির সমালোচনার জবাবে বলেন, ‘ওরা সংবিধানের কী বোঝে? সংবিধান মেনেই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। জাতিকে বিভ্রান্ত করতে এসব বলা হচ্ছে। যারা আজ ‘সংবিধান’ ‘সংবিধান’ বলে মুখে ফেনা তুলছে, তাদের নেতা জিয়াউর রহমানই তছনছ করেছেন সংবিধান। আসলে জেলা পরিষদের এই মনোনয়ন সাময়িক। নির্বাচন কমিশন অচিরেই তফসিল ঘোষণা করবে।’বিএনপির নেতারা জেলা পরিষদের প্রশাসক মনোনয়নের সমালোচনা করলেও ব্যক্তি এম এ সালামের যোগ্যতা ও সততা নিয়ে কেউ প্রশ্ন তোলেননি। নাম প্রকাশ না করে বিএনপির একাধিক নেতা বলেন, ‘সালাম রাজনীতির মানুষ। গণতন্ত্রের রীতিনীতি মেনে চলে তিনি ভিন্নমতকে শ্রদ্ধা করেন।’কক্সবাজার থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, কক্সবাজার জেলা পরিষদের জন্য নিযুক্ত মোস্তাক আহমদেরও গ্রহণযোগ্যতা সব মহলে। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু ছিদ্দিক ওসমানী জানান, মোস্তাক মিয়া ভালো মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন হবে কি না, তা নিয়ে সন্দেহ থাকলেও কোনো মানুষের ক্ষতি হবে না—এটা নিশ্চিত। তাঁর অতীত কর্মকাণ্ড তা-ই বলে। একই কথা বললেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল শুক্কুর, জেলা জাতীয় পার্টির সহসভাপতি মুফিজুর রহমান।ফেনী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, নবনিযুক্ত প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী সম্পর্কে বিভিন্ন দল ও মতের মানুষ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।ফেনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন ওরফে মিস্টার বলেন, ‘সরকার অগণতান্ত্রিক পন্থায় জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে। তবে আজিজ আহম্মদ চৌধুরী একজন ভদ্রলোক। তাঁর অতীত রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড ভালো।’ফেনী জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কে বি এম জাহাঙ্গীর আলম বলেন, ‘যদিও পন্থা অগণতান্ত্রিক। কিন্তু সরকার যাঁকে নিয়োগ দিয়েছে, তিনি একজন ভালো লোক।’জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রশাসক নিয়োগের ব্যাপারে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘ফেনীতে যাঁকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তিনি ২০০৩ সাল থেকে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় রয়েছেন। গত সব কটি নির্বাচনে তাঁর ভূমিকা ছিল রহস্যজনক। তবে দলীয়ভাবে তিনি এখন নির্বাচিত হয়েছেন। আমরা আশা করব, এবার থেকে তিনি দলে সক্রিয় থাকবেন এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।’