প্রশাসন রঙ্গ
প্রশাসনে তৈল প্রদানের পর এবার প্রশাসন রঙ্গ। প্রশাসনের রঙ্গরসের কিছু বয়ান বি.স. বরাবর পাঠালাম, তিনি অনুমোদন করলেই পাঠকপাত্রে তা পরিবেশিত হবে। ছবি সমাচারএকজন বিভাগীয় কমিশনার একটি জেলা সদরে এসেছেন রাজস্ববিষয়ক একটি সভা করতে। আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত। কমিশনার মহোদয় সভাকক্ষে যাওয়ার জন্য উঠতে উদ্যত হতেই জেলা প্রশাসক বললেন, ‘স্যার, একটু অপেক্ষা করুন।’ ১০ মিনিট পর তিনি উঠতে উদ্যত হলে জেলা প্রশাসকের কাতর অনুরোধ, ‘স্যার, আর একটু অপেক্ষা করুন।’ আরও ১০ মিনিট পর কমিশনার উঠে দাঁড়ালেন। জেলা প্রশাসকের মুখ খোলার আগেই জিজ্ঞেস করলেন, ‘সমস্যাটা কী?’ ‘স্যার, আপনাকে দিয়ে একটা গাছ লাগাব।’ ‘ভালো কথা, চলুন, লাগানো যাক।’ ‘স্যার, ক্যামেরাম্যান এখনো আসেনি।’ ‘তাহলে গাছ লাগানো নয়, গুরুত্বপূর্ণ হলো ছবি তোলা।’ বলেই তিনি এগিয়ে যেতে থাকলেন সভাকক্ষের দিকে। অপ্রস্তুত জেলা প্রশাসকসহ আমরা তাঁর অনুগামী। কমিশনার রঙ্গএবার কমিশনার মহোদয় একটি নবগঠিত জেলায় নিয়মিত সফরে এসেছেন। উঠেছেন জেলা পরিষদের ডাকবাংলোতে। ডিসি-এসপি ব্যস্ত। এমন সময় এসে হাজির পৌরসভার এক কমিশনার। দরজায় দাঁড়ানো পিয়নকে জিজ্ঞেস করলেন, ‘কে এসেছে?’‘কমিশনার।’ ‘কোন কমিশনার, দেখি?’ বলেই তিনি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। সামান্য সময়ের ব্যবধানে তিনি ছুটে বেরিয়ে এলেন উত্তেজিতভাবে। আবার জিজ্ঞাসা, ‘ভেতরে কে?’ ‘বললাম তো, কমিশনার।’ ‘কমিশনার, তো ডিসি-এসপি এত খাতির করছে কেন?’ ‘করবে না, উনি তো বিভাগীয় কমিশনার!’ পৌর কমিশনার বুঝলেন, এই দুই কমিশনারে বিস্তর প্রভেদ। দ্রুত তিনি স্থান ত্যাগ করলেন। এক মুরগি বারবার জবাই একজন সামরিক শাসকের আগ্রহে তখন জেলায় জেলায় গুচ্ছগ্রাম নির্মাণ এবং তা উদ্বোধনের হিড়িক। ঘটনা একটি সীমান্তবর্তী জেলার। সেখানকার জেলা প্রশাসক গুচ্ছগ্রাম নির্মাণ এবং তা উদ্বোধনে বেশ আগ্রহী। সংবাদ এল, সপ্তাহখানেক পরে ভূমিসচিব আসবেন। জেলা প্রশাসক চাইলেন তাঁকে দিয়ে একটা গুচ্ছগ্রাম উদ্বোধন করাবেন। কিন্তু সেটা নির্মাণের পর তবেই তো তা উদ্বোধন। সে সময় কোথায়! ফলে কিছুদিন আগে কমিশনারকে দিয়ে উদ্বোধন করা গুচ্ছগ্রামই পুনরায় উদ্বোধনের ব্যবস্থা হলো। দৌড়ঝাঁপ করে আমাকেই প্রস্তরলিপি তৈরি করিয়ে আনতে হলো। নির্দিষ্ট দিনে সচিব মহোদয় এলেন। তাঁকে নিয়ে যাওয়া হলো গুচ্ছগ্রামে। সুসজ্জিত প্যান্ডেল, প্রস্তুত প্রস্তরফলক। তিনি উদ্বোধন করলেন, সুন্দর বক্তব্য দিলেন। গাড়িতে ওঠার সময় জেলা প্রশাসককে বললেন, ‘এক মুরগি কবার জবাই করবে?’ বোঝা গেল, গুচ্ছগ্রামটি যে নবনির্মিত নয়, তা তাঁর নজর এড়াতে পারেনি। স্বরেয়া সামাদ খিলগাঁও, ঢাকা।