চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ১২ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এসব কার্যালয়ে স্থায়ীভাবে কর্মকর্তার পদ না থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কার্যালয়ে কাজে আসা লোকজনকে পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। অনুসন্ধানে জানা যায়, বর্তমানে লোহাগাড়া উপজেলার কমিশনার (ভূমি), সমাজসেবা, কৃষি, মহিলাবিষয়ক, আনসার ভিডিপি, মৎস্য, পরিসংখ্যান, বিআরডিবি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), জনস্বাস্থ্য প্রকৌশলী, খাদ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) পদ শূন্য রয়েছে। এ ছাড়া এ সব দপ্তরের অধিকাংশ সহকারী কর্মকর্তার পদও শূন্য রয়েছে। স্থানীয় কৃষকেরা জানান, লোহাগাড়ার অধিকাংশ লোক কৃষিনির্ভর। কিন্তু কৃষি কর্মকর্তা না থাকায় সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় পরামর্শ পাওয়া যাচ্ছে না। লোহাগাড়া উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোজাফ্ফর আহমদ জানান, উপজেলা কৃষি কর্মকর্তা এ বছর আগস্ট মাসে বদলি হন। বর্তমানে কৃষি কার্যালয়ে কৃষি কর্মকর্তাসহ ১০টি পদ শূন্য রয়েছে। কর্মকর্তা না থাকায় বর্তমান আমন মৌসুমে বিভিন্ন ইউনিয়নে কৃষকদের সমস্যার সমাধান করা যাচ্ছে না। ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা আবু মুছা জানান, ২০০৬ সাল থেকে তিনি একা এ কার্যালয়ে ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করে আসছেন। অথচ এখানে আরও তিন কর্মকর্তার পদ শূন্য রয়েছে। তিনি বলেন, আগামী আদমশুমারিতে নির্ভুলভাবে কাজের জন্য অবশ্যই শূন্য পদে নিয়োগ জরুরি। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমদ জানান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার চারটি পদের মধ্যে দুটি পদ গত ছয় মাস ধরে শূন্য থাকায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনায় ও পরিদর্শনে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব জানান, তাঁর কার্যালয়ে একাডেমিক সুপারভাইজার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও হিসাবরক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর জানান, বিআরডিবি কর্মকর্তার পদ শূন্য হওয়ার কারণে সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফজলে আজিম বদলি হয়েছেন ২০০৯ সালের নভেম্বরে। এখনো এ পদে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইউএনও কার্যালয় ও ভূমি কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীর ৮-১০টি পদ শূন্য। এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ প্রথম আলোকে জানান, অধিকাংশ কর্মকর্তার পদ শূন্য হওয়ার কারণে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পাশাপাশি সরকারের বিভিন্ন প্রকল্প, ঋণ কার্যক্রম, কৃষি ও খাদ্যসহ বিভিন্ন কর্মসূচি শতভাগ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, জনভোগান্তি দূর করে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে দ্রুত শূন্য পদে নিয়োগ দেওয়া দরকার।