সরকারি পরিপত্র অনুসরণ না করার অভিযোগ
প্রশাসনিক সমন্বয়হীনতায় চলছে তিন পার্বত্য জেলার কর্মকাণ্ড
পার্বত্য চুক্তির আলোকে গঠিত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদ আইন আছে। এই আইন তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য প্রযোজ্য। কিন্তু এই আইনের সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের প্রচলিত আইনের সমন্বয় হচ্ছে না বলে অভিযোগ আছে। এই অবস্থা চলছে ১৩ বছর ধরে। সব সংস্থার মধ্যে সমন্বয়ের জন্য সরকার ১০ বছর আগে এ বিষয়ে একটি পরিপত্র জারি করে। সেটাও সঠিকভাবে অনুসরণ না করার অভিযোগ উঠেছে।জানা যায়, এই সমন্বয়হীনতার কারণে এখানে প্রশাসনিক জটিলতা সৃষ্টির পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। একইসঙ্গে নিয়োগসহ অনেক স্পর্শকাতর বিষয়ে বিভিন্ন সংস্থা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে। এতে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে। এসব কারণে সংশ্লিষ্ট লোকজনের মধ্যে ক্ষোভেরও সৃষ্টি হচ্ছে বলে জানা যায়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের অভিযোগ, ২০০০ সালে রাঙামাটি পৌরসভায় কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠে। এরপর পরিষদ থেকে বিষয়টি সমন্বয় করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আঞ্চলিক পরিষদের নির্দেশনা না মেনে রাঙামাটি পৌরসভা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিধি মোতাবেক একতরফাভাবে নিয়োগ সম্পন্ন করে। এ নিয়ে আঞ্চলিক পরিষদের সঙ্গে রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষের বিরোধ দেখা দেয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা জানান, আইনগত কিছু সমস্যা রয়েছে এটা সত্য। তবে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের বদলি এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালনা করা হয়। সূত্র মতে, ২০০৫ সালে বান্দরবান জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়ম, বহিরাগতদের নিয়োগ, সংরক্ষিত কোটা অনুসরণ না করা ইত্যাদি বিষয়ে ব্যাপক অভিযোগ উঠলে আঞ্চলিক পরিষদ বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। কিন্তু বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এ বিষয়ে আঞ্চলিক পরিষদকে প্রয়োজনীয় তথ্য দেয়নি বলে জানা যায়। পরে জেলা প্রশাসন তাদের প্রচলিত বিধি অনুসরণের কথা বলে ওই নিয়োগই বহাল রাখে। ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে বলা হয়, পার্বত্য জেলা পরিষদের কোনো বিষয়ের ওপর তদন্ত বা তত্ত্বাবধান করার কোনো এখতিয়ার আঞ্চলিক পরিষদের নেই। এ ধরনের পত্র জারি পার্বত্য চুক্তির পরিপন্থী বলে সংশ্লিষ্ট লোকজন মনে করেন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমার অভিযোগ, পার্বত্য চুক্তি বাস্তবায়নে পার্বত্য জেলা পরিষদসহ স্থানীয় কর্তৃপক্ষগুলোর আন্তরিকতার অভাবে প্রশাসনিক জটিলতার সৃষ্টি হচ্ছে। প্রথম আলোকে তিনি বলেন, আঞ্চলিক পরিষদের ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উদাসীনতা ও পরিপত্রের নির্দেশ মেনে চলার বিষয়ে প্রয়াজনীয় নির্দেশনা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গৌতম চাকমা জানান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যবিধিমালা প্রণয়ন করা হলে প্রশাসন ও উন্নয়ন কার্যক্রম সমন্বয় করা যেত। ২০০০ সালে কার্যবিধিমালার খসড়ার ওপর পরিষদের মতামত নেওয়া হলেও সরকার তা চূড়ান্ত করেনি। তবে আন্তরিকতা থাকলে ২০০১ সালে জারি করা পরিপত্রই প্রশাসনিক সমন্বয়ের জন্য যথেষ্ট। জানা যায়, গত ২৪-২৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু তিন পার্বত্য জেলা সফর করে আইনশৃঙ্খলাবিষয়ক সভা করেন। এ অনুষ্ঠানের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আঞ্চলিক পরিষদকে জানানো হয়নি। একইভাবে এ বছরের ৩১ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী থেগামুখে স্থলবন্দর স্থাপনের কাজ পরিদর্শনে যান। এটিও আঞ্চলিক পরিষদকে অবহিত করা হয়নি। এসব ছোটখাটো বিষয় থেকেও আঞ্চলিক পরিষদের সঙ্গে জেলা পরিষদের বিরোধ সৃষ্টি হয়।আরও অভিযোগ রয়েছে, মে মাসে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) কার্যক্রম পরিবীক্ষণের দায়িত্ব তিন পার্বত্য জেলার জেলা প্রশাসনকে দেওয়ার সুপারিশ করা হয়েছে। অথচ এত দিন এই কাজ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে চলত বলে জানা যায়। পার্বত্যাঞ্চলের এনজিওগুলোর নিবন্ধন (রেজিস্ট্রেশন) দেওয়ার প্রক্রিয়ায় আঞ্চলিক পরিষদকে সম্পৃক্ত না করার অভিযোগ আছে। তিন পার্বত্য জেলা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পরিষদের সভাপতি রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুসা এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘উপজেলা পরিষদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন এবং পার্বত্য জেলা পরিষদ পার্বত্য মন্ত্রণালয়ের অধীন। এতে নানা প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়। মো. মুছা বলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সঙ্গে সমন্বয় বা তাদের তত্ত্বাবধানের বিষয়ে উপজেলা পরিষদের কাছে কোনো নির্দেশনা নেই। এমনকি পার্বত্য জেলা পরিষদের সঙ্গেও তাদের আইনের সমন্বয়হীনতা রয়েছে। উপজেলা পরিষদের অধীন সরকারি বিভিন্ন বিভাগ পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত হয়েছে। প্রসঙ্গত পার্বত্যচুক্তির ৯ নম্বর ধারার (গ) উপধারা অনুযায়ী আঞ্চলিক পরিষদ কর্তৃক তিন পার্বত্য জেলার সাধারণ প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়নের ব্যাপারে সমন্বয় সাধন ও তত্ত্বাবধানের বিধান আঞ্চলিক পরিষদের আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই আলোকে ২০০১ সালের ১০ এপ্রিল তিন পার্বত্য জেলার সাধারণ প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়নের ব্যাপারে আঞ্চলিক পরিষদ সমন্বয় সাধন ও তত্ত্বাবধান করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়। কিন্তু ওই পরিপত্র আমলে না এনে পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ নিজ নিজ সংস্থার আইন ও বিধি অনুসরণের কারণে সামগ্রিক সমন্বয়হীনতার সৃষ্টি হয়েছে।