প্রশাসনের আশ্বাসেও শঙ্কা কাটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটার ও প্রার্থীদের ভীতি দূর করতে কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। সভায় বারবার আশ্বস্ত করা হয়েছে, ‘ভোটের পরিবেশ হবে নির্বিঘ্ন, অবাধ ও সুষ্ঠু।’ কিন্তু প্রশাসনের আশ্বাসেও ভোটার ও প্রার্থীদের ভীতি কাটছে না। ভোটের দিনের পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার পেকুয়ার সাত ইউনিয়ন পরিষদ (ইউপি)— শীলখালী, সদর, রাজাখালী, মগনামা, উজনটিয়া, টৈটং ও বারবাকিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে সাত ইউনিয়নের ৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৭টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। এসব কেন্দ্রের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।
পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সাত ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১ লাখ ১ হাজার ১১১ জন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৭ জন আনসার ও সাতজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া সাত ইউনিয়নে র্যাবের সাতটি টিম ও তিন প্লাটুন বিজিবি নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবে। তাদের নেতৃত্বে থাকবেন চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভোটারদের সঙ্গে আলাপে জানা যায়, কক্সবাজার জেলায় প্রথম দফায় টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভোটের দিন ব্যাপক সহিংসতা ঘটে। ফলে পেকুয়ার ভোটারদের মধ্যে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
শিলখালী ইউনিয়নের কাছারী মোড়ার এক ভোটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রশাসন যত কথাই বলুক, শঙ্কা কাটছে না। কিছু মানুষ প্রকাশ্যে ভোটকেন্দ্র দখল, জাল ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে বিজয়ী করবে বলে হুমকি দিচ্ছে। রাতের আঁধারে ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে।
শিলখালী ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুরুল হোছাইন বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাঁচটি ভোটকেন্দ্র দখল করার হুমকি দিচ্ছেন। এজেন্ট ও ভোটারদের ভয় দেখাচ্ছেন।
ওই ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী কাজিউল ইনসান এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ভোটাররা ১৩ বছরের দুঃশাসনের জবাব দেবেন ব্যালটের মাধ্যমে। নিজের পরাজয় বুঝতে পেরে তিনি (বিএনপির প্রার্থী) আগে থেকেই নির্বাচন নিয়ে অভিযোগ করা শুরু করে দিয়েছেন। মূলত ভোটাররা পরিবর্তন চাইছেন।
শঙ্কার কথা জানিয়েছেন রাজাখালী ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আজমগীরও। তিনি বলেন, দুজন প্রার্থী সাগর থেকে দুই শতাধিক জলদস্যু নিয়ে এসেছেন। তাঁরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। ভয়ভীতি দেখাচ্ছেন।
মগনামা ইউপির বিএনপি–মনোনীত প্রার্থী শরাফত উল্লাহ বলেন, আওয়ামী লীগের প্রার্থী বিভিন্ন জনসভায় প্রকাশ্যে সকাল ১০টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে —এমন হুংকার ছাড়ছেন। বিএনপির কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের ওপর হামলা করছেন। এতে আতঙ্ক তৈরি হয়েছে। তবে আওয়ামী লীগের প্রার্থী খাইরুল এনাম এসব অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া সাত ইউনিয়নে মতবিনিময় সভা করে ভোটার ও প্রার্থীদের ভীতি দূর করার চেষ্টা করেছেন। ওসি বলেন, উপজেলা ও থানা যৌথ উদ্যোগে সভা করে ভোটারদের অভয় দেওয়া হয়েছে। তাঁরা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। প্রশাসন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। এ কারণে প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ইউএনও প্রথম আলোকে বলেন, প্রশাসন নির্বাচনের সব প্রস্তুতি নিয়ে রেখেছে। ভোটাররা অবাধে নিজের ভোট দিতে পারবেন। তাঁদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে।