আগামী ৪ জুন লোহাগাড়ায় অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন। পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ২৬ মে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নির্বাচনী প্রচারণা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
লোহাগাড়ার পদুয়া আলী সিকদারপাড়ায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লোহাগাড়ার ছয়টি ইউনিয়নের বিএনপি দলীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির হয়ে চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারীর দায়িত্ব পালন করা মীর নাছির বলেন, ‘প্রশাসনের নিরপেক্ষতা ভোটের দিন পর্যন্ত থাকবে কি না, সন্দেহ।’
মীর নাসির আরও বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের ওপর আমাদের মোটেও আস্থা নেই। ইতিমধ্যে বিএনপির দলীয় প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, যাতে তাঁরা মাঠ ছেড়ে চলে যান।’ তিনি আরও বলেন, বিএনপি মূলত নির্বাচনে অংশ নিচ্ছে যাতে দেশের মানুষ বর্তমান সরকারের কর্মকাণ্ড বুঝতে পারে।