মিরসরাইয়ের ১৬ ইউনিয়নের মধ্যে ১৫ ইউনিয়নে আজ মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ১৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব ভোটকেন্দ্রে থাকবে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। উপজেলা বিএনপি নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা প্রকাশ করলেও প্রশাসন সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলে নিশ্চিত করেছে।এদিকে নির্বাচন সুষ্ঠু হবে না—এমন আশঙ্কা প্রকাশ করে ৪ জুন সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। বিএনপির অভিযোগে বলা হয়, বিভিন্ন ইউনিয়নে সরকারদলীয় সমর্থক প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন ও প্রতিপক্ষের ওপর হামলা করছেন। কিন্তু এসব বিষয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। পাশাপাশি ওসমানপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত করারও দাবি তুলেছে দলটি।মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৫, সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) পদে ১১৬ এবং সাধারণ সদস্য পদে ৫০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার দুই লাখ ১৪ হাজার ২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৭ ও মহিলা ভোটার এক লাখ ১৩ হাজার ৯৫৫ জন। নির্বাচনে ১৩৫টি ভোটকেন্দ্রে ১৩৫ জন প্রিসাইডিং, ৫৪৯ জন সহপ্রিসাইডিং ও এক হাজার ৯৮ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। আজ ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না বলে আশা করছে প্রশাসন। তবে ওসমানপুর ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাবিয়ে তুলেছে সব পক্ষকে। সবচেয়ে বেশি লিখিত অভিযোগ জমা পড়েছে এ ইউনিয়নে। এখানকার ভোটার সংখ্যা নয় হাজার ৭২১ জন। ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. জসিম উদ্দীন প্রার্থীদের কাছ থেকে নানা অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হাসান এ প্রসঙ্গে বলেন, ‘উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ওসমানপুর নিয়েই পুলিশ প্রশাসনকে বেশি ব্যতিব্যস্ত থাকতে হচ্ছে। প্রতিদিনই প্রায় পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে তদন্ত করতে হচ্ছে।’ সর্বশেষ গত রোববার (৫ জুন) বিকেলে ওসমানপুর ইউনিয়নের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন রিটার্নিং কর্মকর্তার কাছে ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করার লিখিত অনুরোধ জানান। অবশ্য রিটার্নিং কর্মকর্তা মো. জসিম উদ্দীন নির্বাচন সুষ্ঠু হবে বলে জানান।এ প্রসঙ্গে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হাসান জানান, ‘৫ জুন হরতাল কেন্দ্র করে মহিউদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তিনি নির্বাচন সুষ্ঠু করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।’ পুলিশ প্রসাশন জানিয়েছে, ভোটকেন্দ্রগুলোতে প্রায় এক হাজার ২০০ পুলিশ, র্যাব, বিজিবি ও দুই হাজার ৮০০ আনসার সদস্য দায়িত্ব পালন করবে।