প্রশাসনের 'অভয় বাণী', তবু শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে শেষ মুহূর্তের প্রচারণা। মাইকিংয়ে, গণসংযোগে মুখর পৌর এলাকা। প্রার্থীর পাশাপাশি সমর্থকদের চোখেও যেন ঘুম নেই। খাগড়াছড়ি পৌরসভার মহিলা কলেজ সড়ক ও মাটিরাঙ্গা পৌরসভার বাজার এলাকার গত বৃহস্পতিবারের চিত্র  l নীরব চৌধুরী
চলছে শেষ মুহূর্তের প্রচারণা। মাইকিংয়ে, গণসংযোগে মুখর পৌর এলাকা। প্রার্থীর পাশাপাশি সমর্থকদের চোখেও যেন ঘুম নেই। খাগড়াছড়ি পৌরসভার মহিলা কলেজ সড়ক ও মাটিরাঙ্গা পৌরসভার বাজার এলাকার গত বৃহস্পতিবারের চিত্র l নীরব চৌধুরী

প্রশাসন বরাবরই নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিচ্ছে। রিটার্নিং কর্মকর্তারা বলছেন, ‘ভোটাররা নির্বিঘ্নে ভোট িদতে পারবেন।’ কিন্তু প্রশাসনের ‘অভয় বাণী’তেও স্বস্তিতে নেই ভোটার ও প্রার্থীরা। সময় যত ঘনিয়ে আসছে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন নিয়ে বিএনপি প্রার্থী ও ভোটারদের মধ্যে শঙ্কা ততই বাড়ছে।
৫ জানুয়ারির একতরফা সংসদ নির্বাচন এবং ঢাকা ও চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচনের মতো কেন্দ্র দখলের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। চট্টগ্রাম জেলার ১০টি পৌরসভা—পটিয়া, চন্দনাইশ, রাঙ্গুনিয়া, রাউজান, মিরসরাই, বারইয়ারহাট, সীতাকুণ্ড, বাঁশখালী, সন্দ্বীপ ও সাতকানিয়ায় ১৩৩ কেন্দ্রের মধ্যে ১১৪টি ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে পুলিশ। ৩০ িডসেম্বর সারা দেশের ন্যায় এই ১০ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জানতে চাইলে চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছি। কোনো ধরনের বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানও গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে একই আশঙ্কার কথা জানিয়েছেন। বিএনপি নেতাদের অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে তাঁদের নেতা-কর্মীদের ধরপাকড় এবং হুমকি ধামকি দেওয়া হচ্ছে।
আমাদের প্রতিনিধিরা কথা বলেছেন বিভিন্ন এলাকার ভোটার ও প্রার্থীদের সঙ্গে।

এক নজরে পৌরনির্বাচন
এক নজরে পৌরনির্বাচন

পটিয়া : চট্টগ্রামের পটিয়া ৭ নম্বর ওয়ার্ডের ভোটার বৈলতলী সড়কের বাসিন্দা ব্যাংকার খলিলুর রহমান বলেন, আগে নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে হলেও গত কয়েক দিন ধরে বিভিন্ন নেতা-কর্মীদের বাড়িতে যখন পুলিশ যাচ্ছে এবং কাউকে নিয়ে যাচ্ছে, পরে ছেড়ে দিচ্ছে, এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে। একই আশঙ্কা ব্যক্ত করেছেন পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ ভোটার মোহাম্মদ আশেকও। তবে পটিয়া ৫ নম্বর ওয়ার্ডের ভোটার ব্যবসায়ী মনির আহমদ নির্বাচন নিরপেক্ষ হবে বলেই মনে করছেন।
পটিয়ায় ১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে পুলিশ প্রশাসন।
পৌর নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী তৌহিদুল আলম বলেন, আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা ভোটারদের হুমকি দিচ্ছে। পাশাপাশি প্রশাসনও নিরপেক্ষ আচরণ করছে না। নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও পটিয়ার রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ‘নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজিবি, পুলিশ, র্যাবের পাশাপাশি শান্তিপূর্ণ ভোট করার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।’
চন্দনাইশ : চন্দনাইশে ১৬ কেন্দ্রের ১৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোটার ও পটিয়া সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র আল মোরশেদ বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে প্রশাসন প্রভাব খাটিয়েছেন, এবারও তা হবে বলে মনে হচ্ছে। যদি সুষ্ঠু ভোট হয়, তাহলে চন্দনাইশে উৎসবমুখর পরিবেশে থাকবে।
চন্দনাইশে বিএনপির কোনো প্রার্থী নেই। এখানে ২০ দলীয় জোট প্রার্থী হিসেবে রয়েছেন এলডিপির মোহাম্মদ আইয়ুব। তাঁর পক্ষে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ গণসংযোগ করেছেন গত শুক্রবার।
নির্বাচন সুষ্ঠু হবে কিনা জানতে চাইলে অলি আহমদ বলেন, ‘প্রশাসন আমাকে কথা দিয়েছেন, নির্বাচন সুষ্ঠু হবে। পৌরসভা নির্বাচনের মাধ্যমে সরকারের পতন হয় না। আমি বিশ্বাস করি যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন, তাঁরা যদি বেইমানি করেন তাঁরা কাফের হবেন।’
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সনজীদা শরমিন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না।
সীতাকুণ্ড: সীতাকুণ্ডেও সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটার ও বিরোধী শিবিরে শঙ্কা রয়েছে। এখানকার ১৩টি কেন্দ্রের সবকটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র সফিউল আলম বলেন, নুনাছড়া (১ নম্বর) ও পন্থিছিলা ( ২ নম্বর) ওয়ার্ডের ভোটার ও আমার কর্মী সমর্থকদের বহিরাগত সন্ত্রাসীরা গিয়ে হুমকি ধামকি দিচ্ছে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য। সন্ত্রাসীরা ঘরে ঘরে গিয়ে বলেছে, নৌকায় ভোট দিতে হবে। না হলে কেন্দ্রেও যাওয়ার দরকার নেই।
গত শুক্রবার সকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জেসমিন আক্তার বলেন, ‘ভোটে গন্ডগোল হবে মনে হচ্ছে। ভয়ের মধ্যে আছি।’
ওই ওয়ার্ডের বেলাল উদ্দীন, অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা আফাজ উদ্দীন ও ফয়েজ আহমদও একই শঙ্কার কথা জানান।
তবে ভোটার ও ভোট কেন্দ্রে সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রয়োজনে বিশৃঙ্খল কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
দুই মেয়র প্রার্থী নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাঁরা হলেন, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী (স্বতন্ত্র) সিরাজ-উদ-দৌলা ও বিএনপি প্রার্থী সৈয়দ আবুল মনছুর। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সব প্রার্থীদের বৈঠকে তাঁরা এই শঙ্কা প্রকাশ করেন।
ওই বৈঠকে আওয়ামী লীগের প্রার্থী বদিউল আলম আশ্বস্ত করে বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী বিশৃঙ্খল করবে না।’ সুষ্ঠু ভোটে যা ফলাফল হয় তা তিনি মেনে নেবেন।
রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, নির্বাচনী পরিবেশ অবাধ ও সুষ্ঠু রাখতে সব ধরনের কার্যক্রম চালাচ্ছেন তারা। বিশেষ করে আচরণবিধি ভঙ্গ, প্রতিপক্ষের হামলা, হুমকির খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
সাতকানিয়া: চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। এখানে ১২ কেন্দ্রের আটটি ঝুঁকিপূর্ণ।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবদুল আওয়াল (৬০) বলেন, ‘মুখে মুখে শোনা যাচ্ছে ভোটকেন্দ্রে কাউকেও যেতে দেওয়া হবে না। তাঁরা কেন্দ্র দখল করে নেবে। এমন যদি হয় তবে আমরা ভোট দেব কীভাবে।’
একই ধরনের শঙ্কা প্রকাশ করেছেন ৭ নম্বর ওয়ার্ডের ভোটার পারভীন আক্তার (৩৬)। তিনি বলেন, ‘আমার ভোট আমি দেব এটাই নিয়ম। কিন্তু শোনা যাচ্ছে সকালের দিকেই সব ভোট নিয়ে নেবেন। ভয় হচ্ছে ভোটকেন্দ্রে কোনো গন্ডগোল হয় কি না।’
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বলেন, ‘সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা সবার সহযোগিতার মাধ্যমে একটি অবাধ ও সুন্দর নির্বাচন সম্পন্ন করতে চাই।’
এখানে নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ জোবায়ের, ধানের শীষ প্রতীক নিয়ে রফিকুল আলম ও লাঙ্গল প্রতীক নিয়ে মো. ইউসুপ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাউজান : রাউজানে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর শান্তিপূর্ণ ভোট হবে বলে আশা করছেন ভোটাররা। যদিও এখানকার ১৯ কেন্দ্রের সবকটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন।
রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভোটার পাভেল দাশগুপ্ত বলেন, এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত; যাতে ভোটারদের মধ্যে কোনো ধরনের ভয়ভীতি না থাকে।
৪ নম্বর ওয়ার্ডের ভোটার আশরাফুল আলমও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে ভোটকেন্দ্রে যাব।’
এদিকে মিরসরাই ও বারইয়ারহাটে ১৮টি কেন্দ্রের সবগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এ ছাড়া বাঁশখালীতে ১১টির মধ্যে ছয়টি, সন্দ্বীপে ১৫টির মধ্যে ১৪টি ও রাঙ্গুনিয়ায় ১১টির মধ্যে ৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।