প্রশিক্ষক ছাড়াই চলছে প্রশিক্ষণ ইনস্টিটিউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পার্বত্য জেলার একমাত্র কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট চলছে প্রশিক্ষকবিহীন অবস্থায়। ইনস্টিটিউটে ১৪ জন প্রশিক্ষকের সবগুলো পদই শূন্য। নেই উপাধ্যক্ষও। এ অবস্থায় কার্যত পাঠদান ও প্রশিক্ষণ কার্যক্রম থমকে আছে। এতে হতাশ হয়ে পড়েছেন ছাত্রছাত্রীরা।
রাঙামাটি শহর থেকে ১৩ কিলোমিটার দূরে খাগড়াছড়ি সড়কের সাপছড়ি ইউনিয়নের শুকরছড়িতে ২৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পাঠদান শুরু হয় ২০০৬ সালে। এই প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি কৃষিবিষয়ক ডিপ্লোমা দেওয়া হয়। ইনস্টিটিউটে ৪৮০ জন ছাত্রছাত্রী থাকার কথা থাকলেও এখন আছেন মাত্র ১৬১ জন। নিয়মিত পাঠদান না হওয়ায় শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে চাইছেন না।
এ বিষয়ে কথা বলতে গিয়ে হতাশা প্রকাশ করেন নবনিযুক্ত অধ্যক্ষ মো. শাহ আলম। তিনি প্রথম আলোকে বলেন, জরুরিভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন। একটা ইনস্টিটিউট এভাবে চলতে পারে না।
ইনস্টিটিউটের সদ্য সাবেক অধ্যক্ষ ও কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক রমণী কান্তি চাকমা জানান, ইনস্টিটিউটে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং পাঁচজন মুখ্য প্রশিক্ষক, একজন ঊর্ধ্বতন প্রশিক্ষক ও আটজন প্রশিক্ষকের পদ রয়েছে। কিন্তু বর্তমানে শিক্ষকদের মধ্যে অধ্যক্ষ ছাড়া আর কেউ নেই। এর আগে মোহাম্মদ মামুন ইয়াকুব নামের একজন প্রশিক্ষক কর্মরত ছিলেন। কিন্তু তাঁকে বান্দরবানের রুমা উপজেলার কৃষি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। সম্প্রতি তিনি নতুন কর্মস্থলে যোগদানও করেছেন। এ ছাড়া ইনস্টিটিউটে ল্যাব সহকারীসহ ১৩টি কর্মচারী পদের সবগুলোই শূন্য।
সরেজমিনে দেখা গেছে, একটি চারতলা একাডেমিক ও প্রশাসনিক ভবন, অধ্যক্ষ-উপাধ্যক্ষের বাসভবন, কর্মচারী ও প্রশিক্ষকদের বাসভবন এবং ছাত্রাবাসসহ ইনস্টিটিউটে ছয়টি ভবন রয়েছে। কথা হয় খেয়াং উশৈচিং, তুলনা চাকমা ও মো. ফারুক হোসেনসহ ইনস্টিটিউটের ষষ্ঠ পর্বের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। তাঁরা জানান, শুরুর দিকে সব পর্বে নির্ধারিত আসনের সমান শিক্ষার্থী ছিল। কিন্তু নানা সমস্যা এবং নিয়মিত পাঠদান না হওয়ায় এখন ছাত্রছাত্রীরা ভর্তি হতে আসছেন না।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক রমণী কান্তি চাকমা জানান, ছাত্রছাত্রীদের ভর্তির সময় বিভিন্ন খাতে যে টাকা আদায় করা হয়, সেই টাকা অনিয়মিত প্রশিক্ষকদের সম্মানী হিসেবে দেওয়া হয়। কিন্তু বর্তমানে ছাত্রছাত্রী আসনের চেয়ে অনেক কম ভর্তি হওয়ায় সম্মানীও ঠিকমতো দেওয়া যাচ্ছে না। এ ছাড়া জেলায় বর্তমানে কৃষি কর্মকর্তার স্বল্পতার কারণে কাজের চাপ বেড়েছে। এ কারণে তাঁরা ইনস্টিটিউটে গিয়ে পাঠদান করতে পারছেন না।