উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে নানা কর্মসূচি নিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। গত দুই বছরে এক হাজার ৮০ জন নারীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নারী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ বিষয়ের মধ্যে রয়েছে সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপন, সেলাই ও কাটিং, বুটিকস, ব্লক-বাটিক, এমব্রয়ডারি ও কম্পিউটার। প্রশিক্ষণপ্রাপ্ত অনেককে দেওয়া হয়েছে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় সামগ্রীও। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা সরওয়ার জাহান বলেন, ‘আমরা প্রশিক্ষণপ্রাপ্তদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে নারীদের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করছি।’ তিনি জানান, ইতিমধ্যে ২৫৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে কর্মসংস্থান সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১০০ জনকে সেলাই যন্ত্র, ৬০ জনকে এমব্রয়ডারি সামগ্রী, ৪০ জনকে বুটিকস, ৪০ জনকে ব্লক-বাটিক ও ১৩ জনকে সৌরবিদ্যুৎ স্থাপনের টুলবক্স দেওয়া হয়েছে। এ খাতে প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে।আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণ ও সনদ বিতরণ উপলক্ষে ১৭ এপ্রিল জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈয়দা সরওয়ার জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী। তিনি নারীদের উন্নয়নে চট্টগ্রাম জেলা পরিষদের নেওয়া বিভিন্ন কর্মসূচির প্রশংসা করে তা অনুসরণের জন্য দেশের অন্য জেলা পরিষদগুলোর প্রতি আহ্বান জানান। পরিষদের সচিব রবীন্দ্র শ্রীবড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসানে এলাহী, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান মো. আবদুল মোনাফ, মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।