চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের আওতাধীন প্রায় তিন শ স্বেচ্ছাসেবী (ভলান্টিয়ার) এখনো তাঁদের প্রশিক্ষণ সনদ পাননি। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তাঁরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীরা। গত ২৩ অক্টোবর তাঁদের ওই প্রশিক্ষণ শেষ হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর নগরের নন্দনকানন, কালুরঘাট, চন্দনপুরা ও বায়েজিদ ফায়ার স্টেশনের আওতাধীন ২৯৮ জন স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণ শুরু হয়। এর মধ্যে নন্দনকাননের ৯৯ জন, কালুরঘাটের ৫০ জন, চন্দনপুরার ৫০ জন এবং বায়েজিদের ৯৯ জন প্রশিক্ষণার্থী রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশিক্ষণার্থী বলেন, ‘আমরা ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিয়েছি প্রায় এক মাস হতে চলল। কিন্তু এখনো এর স্বীকৃতিস্বরূপ কোনো সনদ দেওয়া হয়নি। এ ব্যাপারে নন্দনকানন ফায়ার স্টেশনে খোঁজ নিতে গেলে কিছু দিন পরে যোগাযোগ করতে বলা হয়। তবে কোনো কারণ বলা হয়নি। মনে হয় বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ উদাসীন।’এ ব্যাপারে জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সভাপতি ও উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের ঢাকা ও সিলেট ফায়ার স্টেশনেও একই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। তাই তিনটি কেন্দ্রের মধ্যে সমন্বয় করে সনদ তৈরি করতে কিছুটা সময় লাগছে।’ জানা যায়, অগ্নিদুর্ঘটনা, ভূমিকম্প, পাহাড়ধসের সময়ে দ্রুত উদ্ধারকাজ চালানো ও এ সবের ভয়াবহতা সম্পর্কে প্রচার-প্রচারণার জন্য স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ প্রকল্প হাতে নেওয়া হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আওতায় সিডিএমপি (কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম) কার্যক্রমের অংশ হিসেবে ফায়ার সার্ভিসের উদ্যোগে চট্টগ্রামে গত বছরে চার হাজার ৯১১ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরে আট হাজার ২০০ জন স্বেচ্ছাসেবক তৈরির পরিকল্পনা রয়েছে। এ জন্য সিটি করপোরেশন এলাকার প্রত্যেক ওয়ার্ড থেকে ২০০ জন করে প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে। সূত্র মতে, প্রতিটি ওয়ার্ড থেকে ৪০ বছরের কম বয়সী শিক্ষিত, সচেতন নাগরিকদের স্বেচ্ছাসেবক হিসেবে বাছাই করা হয়। তাঁদের জন্য নিজ নিজ ওয়ার্ডে তিন দিনের একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। এতে প্রশিক্ষণ দেন ফায়ার সার্ভিসের অভিজ্ঞ কর্মকর্তারা। কর্মশালায় অগ্নিকাণ্ডের কারণ ও প্রতিকার, ভূমিকম্প ও পাহাড়ধসের সম্ভাব্য ক্ষতি ও উদ্ধার অভিযান সম্পর্কে ধারণা দেওয়া হয়। কর্মশালায় প্রশিক্ষণার্থীদের বিনা মূল্যে খাবার এবং যাতায়াতভাতাসহ নির্দিষ্ট হারে সম্মানী দেওয়া হয়।