প্রশ্ন, গান ও কবিতায় উচ্ছ্বাস
বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বিভিন্ন বিদ্যালয়ে প্রথম আলো আয়োজন করে জানা-অজানার আনন্দ-আয়োজন। বন্ধুসভার সহযোগিতায় এ অনুষ্ঠান নিয়ে লিখেছেন শুভাশীষ পাল ও শিহাব জিশানসিলভার বেলস স্কুলবিশ্বকাপ ক্রিকেট দরজায় কড়া নাড়ছে। এ নিয়ে উৎসাহ-উদ্দীপনা থাকবে সেটাই স্বাভাবিক। সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়ে তার আঁচটা ভালোভাবেই পাওয়া গেল। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হলো প্রথম আলোর কুইজ প্রতিযোগিতা ‘জানা-অজানার আনন্দ-আয়োজন’। বন্ধুসভার আলাউদ্দিন খোকনের সঞ্চালনায় প্রতিযোগিতা শুরু হয় দুপুর ১২টায়। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. আনোয়ার অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। ‘আমার বিশ্ববিদ্যালয়-জীবনে আমি একবার ক্রিকেট খেলেছিলাম। সেই খেলায় আমি ৪ রান করেছিলাম।’ বললেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা হক। এরপর একের পর এক চলতে থাকে প্রশ্নবাণ। কোনো প্রশ্ন দিয়েই আটকানো যাচ্ছিল না মেয়েদের। ‘নিউজিল্যান্ডের অধিনায়কের নাম কী? মাশরাফির বাড়ি কোথায়? বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট কার?’ ইত্যাদি প্রশ্নের উত্তর দিয়ে লোপা, তাসনিয়া, আফসানা, মাধবীরা একের পর এক পুরস্কার জিতে নিয়েছে। মাঝের বিরতিতে ছিল আবৃত্তি ও চলচ্চিত্র প্রদর্শনী। পূর্ণা আবৃত্তি করে শোনায় নির্মলেন্দু গুণের কবিতা ‘শিশুপণ্ডিত’। এরপর প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পর শুরু হওয়া প্রশ্নোত্তর পর্বে তিনটি করে প্রশ্নের উত্তর দিয়ে ব্যাডমিন্টন র্যাকেট জিতে নেয় ফারিহা ও ফায়জুন্নাহার। সবশেষে ‘হারজিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে’ গানটি পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রীরা। পূর্ব মাদারবাড়ি বালিকা উচ্চবিদ্যালয়বাংলাদেশ কত সালে পাকিস্তানকে হারিয়েছিল? উত্তর এল ১৯৭১ সালে। সঞ্চালক বললেন, ‘আমরা কেবল মুক্তিযুদ্ধেই নয়, ক্রিকেটেও পাকিস্তানকে হারিয়েছিলাম।’ সেটা কত সালে? এর উত্তরও সবার জানা, ১৯৯৯ সালের বিশ্বকাপে। আরেকটি প্রশ্ন ছিল, ‘বাংলাদেশ কত সালে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পায়?’ এর উত্তরে একজন বলল, ১৮৮২ সালে। শুনে হাসির রোল পড়ে যায় সবার মধ্যে। এমনই সব মজাদার প্রশ্নোত্তরে ভরপুর ছিল পূর্ব মাদারবাড়ি বালিকা উচ্চবিদ্যালয়ের বিশ্বকাপ ক্রিকেট কুইজ আয়োজন। ‘জানা-অজানার আনন্দ-আয়োজন’ কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবী চৌধুরী। সঞ্চালনায় ছিলেন, বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন। বালিকা বিদ্যালয় বলেই হয়তো প্রথম প্রশ্নটি মহিলা ক্রিকেট নিয়ে করলেন সঞ্চালক। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক কে? এ প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতে নেয় তানজিনা। তারপর সঞ্চালককে অবাক করে দিয়ে একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতে নিতে থাকে সাদিয়া, তানজিনা, জেসমিন, নাসরিনেরা। ষষ্ঠ শ্রেণীর সাইমার ক্রিকেট-জ্ঞান মুগ্ধ করে সবাইকে। কঠিন কঠিন সব প্রশ্নের উত্তর দিয়ে সে একাই জিতে নেয় তিনটি পুরস্কার। জমজমাট কুইজ প্রশ্নোত্তরের পাশাপাশি ছিল গান, কবিতা আর বদলে যাওয়ার শপথ। এরপর একটু বিরতি। ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ সমবেতভাবে গেয়ে শোনায় শিক্ষার্থীরা। রেহেনা আক্তার সবাইকে জানায় তার স্বপ্নের কথা ‘আমাদের দেশে মা ও শিশুমৃত্যুর হার খুব বেশি। আমি বড় হয়ে ডাক্তার হয়ে মা ও শিশুমৃত্যুর হার কমানোর জন্য কাজ করতে চাই।’ টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি কার? কোন দেশের বিপক্ষে? কত সালে? এসব কঠিন প্রশ্নের উত্তর দিয়ে ব্যাট জিতে নেয় সানজিদা শারমিন। পুরো অনুষ্ঠানে সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষক শাহেদুর রশীদ চৌধুরী ও আরিফুজ্জামান।হাজী মুহম্মদ মুহসীন উচ্চবিদ্যালয়বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলে কতজন পেসার আছে? তাঁদের নাম কী? প্রশ্ন করেই সঞ্চালক বুঝতে পারলেন ভুল হয়ে গেছে। কারণ, প্রশ্নটা মাটিতে পড়ার আগেই উত্তর দেওয়ার জন্য মিলনায়তনের প্রতিটি ছাত্র হাত তুলে বসে আছে। কাকে রেখে কাকে সুযোগ দেবেন! ঝামেলা এড়াতে শেষপর্যন্ত সেই প্রশ্নটাই বাদ দিতে হয়েছে। পরের প্রশ্ন ছিল আইপিএল নিয়ে। একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা গেল যেন। উত্তর দেওয়ার জন্য হাত তুলে বসে আছে অর্ধেকের বেশি শিক্ষার্থী। গত ২৯ জানুয়ারি হাজী মুহম্মদ মুহসীন উচ্চবিদ্যালয়ে এমন কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে প্রথম আলোর বিশ্বকাপ কুইজ আয়োজকদের। দুরূহ থেকে দুরূহতর কোনো ধরনের প্রশ্ন করে আটকে রাখা যায়নি শিক্ষার্থীদের। উত্তর দেওয়ার জন্য সবাই ছিল প্রস্তুত। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান কে? শ্রীলঙ্কার কোচের নাম কী? সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি কার? এমনই সব প্রশ্নের উত্তর দিয়েছে সেদিন শিক্ষার্থীরা।বিদ্যালয়ের মিলনায়তনে ‘জানা-অজানার আনন্দ-আয়োজনে’ অনুষ্ঠান শুরু হয় দুপুর একটায়। বিদ্যালয় ছুটি হয়ে গেছে তখন। শিক্ষার্থীদের নিতে এসেও বাড়ি ফেরার তাড়া ছিল না অভিভাবকদের। অনুষ্ঠানের শেষপর্যন্ত ছিলেন সবাই। ক্রিকেটের আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভিজিৎ দাশগুপ্ত, মিনতি দত্ত, ইয়াসমিন আক্তার, ওসমান গনি, শর্মিষ্ঠা বড়ুয়া, বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ও বন্ধু রুবেল, শান্ত, শিহাব ও ওসমান।প্রতিটি প্রশ্ন নিয়ে সবার মধ্যে টান টান উত্তেজনা ছিল। বাংলাদেশের বোলিং কোচের নাম কী? ক্রিকেট বলের ওজন কত? এ দুই প্রশ্নের উত্তর দিয়ে ক্রিকেট বল জিতে নেয় প্রভাষ বড়ুয়া।প্রশ্নোত্তর পর্বের মাঝে বিরতি দিয়ে শুরু হয় গান আর কবিতা। ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানের সুরে সবাইকে মুগ্ধ করে সুচয়ন দাশ। সুন্দর আগামীর জন্য সবাইকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানায় সৌরভ দাশ। অণির্বান আবৃত্তি করে শোনায় কাজী নজরুল ইসলামের ‘লিচুচোর’।এরপর আবার প্রশ্নোত্তরের যুদ্ধ শুরু। একটি প্রশ্নের জন্য কোনো পুরস্কার ছিল না। এবারের বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হবে? প্রশ্নটি উচ্চারিত হতেই সবার সম্মিলিত কানফাটানো চিৎকার ‘বাংলাদেশ, বাংলাদেশ’।এরপর শুরু ব্যাটের লড়াই। সঞ্চালক বুঝতে পেরেছেন একটি বা দুটি প্রশ্ন দিয়ে কিছু হবে না। ব্যাট জিততে হলে উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি কার? কত রানের? বিশ্বকাপে মোট কয়টি ম্যাচ হবে? বাংলাদেশে কয়টি অনুষ্ঠিত হবে? ও বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়দের নাম কী? সবাইকে অবাক করে দিয়ে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ব্যাট জিতে নেয় তূর্য দে।