প্রশ্ন তো ফাঁস হবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ধর্ষণের পক্ষে যুক্তি দাঁড় করানোর লোকের অভাব নেই দেশে। পোশাকসহ নারীদের চলাফেরায় দোষ খুঁজে পায় অনেকেই। প্রশ্ন ফাঁসের পরও এর পক্ষে কারণ দেখানোর অভাব নেই কর্তৃপক্ষের। তাদের হয়ে অগ্রিম কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করলেন মো. মিকসেতু

* শিক্ষার্থীদের ভালোর জন্যই ফাঁস
শিক্ষার্থীরা এখন ছোট থেকেই প্রশ্ন ফাঁসে অভ্যস্ত। যাদের টাকা আর লিংক-লবিং আছে, তারা পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি এমনকি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও ফাঁস হওয়া প্রশ্ন দেখে পরীক্ষা দিতে অভ্যস্ত। এখন হুট করে চাকরির বাজারে প্রশ্ন ফাঁস না হলে সেসব শিক্ষার্থীর জীবনের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হবে। মূলত তাদের কথা ভেবে আর ফাঁসের প্রক্রিয়া চালু রাখতেই প্রশ্ন ফাঁস হয়েছে।
* সময় এখন ফাঁসের
আওয়ামী লীগের ভিশন-২০৪১-এর কিছু গোপন নেই। মানুষ সব জানে। কিছুদিন আগে বিএনপিরও ভিশন-২০৩০ ফাঁস হয়েছে। তথ্যপ্রযুক্তির এই যুগে কিছু গোপন রাখাই বরং অন্যায়! কারণ, তথ্য জানা আপনার নাগরিক অধিকার। তথ্যের স্বচ্ছতা আনতেই বিভিন্ন ভিশনের সঙ্গে মিল রেখে প্রশ্নের ভিশনও ফাঁস হয়েছে। এটাই স্বাভাবিক।
* লিংক বিমুখ করতে প্রশ্ন ফাঁস
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই অনেকের গোপন ভিডিওর লিংক ফাঁস হয়। এরপর ইনবক্সে কিংবা প্রকাশ্যে সবাই লিংক খুঁজে বেড়ায়। এটা একধরনের অসুস্থ, বিকৃতমনা চর্চা। এই অসুস্থ চর্চা রোধে কর্তৃপক্ষ প্রশ্ন ফাঁসকে বেছে নিয়েছে। অন্তত প্রশ্ন ফাঁস করে হলেও দু-চার দিন সবাই ইনবক্সে কিংবা সামনাসামনি অসুস্থ লিংক না খুঁজে প্রশ্ন খুঁজে বেরিয়েছে। এই সাফল্যকে হেয় করা ঠিক নয়।
* ওপেন কোয়েশ্চেন এক্সাম
বিদেশে অনেক প্রতিষ্ঠানেই ওপেন বুক এক্সাম চালু আছে। এই ওপেন বুক এক্সাম সিস্টেম দিয়েও একজন পরীক্ষার্থীর মেধা যাচাই করা যায়। এখন আমরাও যদি যুগের সঙ্গে তাল মিলিয়ে ওপেন বুক এক্সাম চালু করি, তাহলে কার্টেসি ছাড়া বিদেশিদের সিস্টেম কপি করার জন্য লোকে ‘হা হা রিঅ্যাক্ট’ করবে। সে জন্যই বুদ্ধি করে কর্তৃপক্ষ ওপেন বুক এক্সাম না করে ওপেন কোয়েশ্চেন এক্সাম করার কথা ভাবছে। অগ্রণী ব্যাংকের পরীক্ষাটা ছিল পরীক্ষামূলক সম্প্রচার। সামনে আরও বড় পরিসরে হওয়ার সম্ভাবনা আছে।
* নতুন ইস্যুর সন্ধান দিতে
ফেসবুকে দুই সপ্তাহ ধরে ধর্ষণ নিয়ে আলাপ-আলোচনা চলছে। নতুন ইস্যুর অভাবে অনেককেই হাঁসফাঁস করতে দেখা গেছে। ইস্যুখোরদের কথা চিন্তা করেই প্রশ্ন ফাঁস করতে হয়েছে। ফেসবুকবাসী নতুন ইস্যু পেয়েছে। তা ছাড়া বড় কথা হলো, প্রশ্ন ফাঁস হলে সমস্যা কী? উত্তরপত্র তো আর ফাঁস হচ্ছে না। সুতরাং আপাতত চিন্তার কোনো কারণ নেই।