প্রশ্ন দেখার পর সব অঙ্ক অপরিচিত লাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম।
মেহতাব খানম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা
আমার মেয়ে এসএসসি পরীক্ষার্থী। সে পড়াশোনায় মোটামুটি। তার সমস্যা হলো পরীক্ষার হলে অঙ্ক প্রশ্ন দেখার পর সব অঙ্ক তার কাছে অপরিচিত লাগে।
এ কারণে অঙ্কে আশানুরূপ ফল হয় না। অথচ ওই প্রশ্ন সে বাসায় একাই সমাধান করতে পারে।
সমস্যা দিন দিন বাড়ছে। ইদানীং পদার্থবিদ্যা ও রসায়নে একই সমস্যা দেখা যাচ্ছে।
মাহবুবা বেগম, ঢাকা।
পরামর্শ
মনে হচ্ছে অঙ্ক বিষয়টি এবং সেই সঙ্গে পরীক্ষার পরিবেশ ওর মধ্যে অতীতের কোনো এক সময়ে তীব্র ভীতি সৃষ্টি করেছিল। হয়তো সে কারণে প্রশ্নপত্র পাওয়ার পর অবচেতন মনে লুকিয়ে থাকা স্মৃতিটি তার ওপরে একটি চাপ সৃষ্টি করছে। আবার, এমনও হতে পারে, ছেলেবেলা থেকে অনেকের মতোই ওর অঙ্কের প্রতি বিশেষ ভীতি রয়েছে। জানি না, ঠিক কত দিন ধরে এ ঘটনাটি ঘটছে। দেখা যায়, যদি এ ধরনের ব্যাপার বারবার ঘটতে থাকে, তখন ভয়ের পরিমাণও দিনে দিনে বাড়তে থাকে। এই পরিস্থিতিতে পরিবারের সবার দায়িত্ব হচ্ছে, তাদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হলেও সেটি মেয়েটির সামনে একেবারেই প্রকাশ না করা। বিশেষ করে তুমি যেহেতু ওর পড়াশোনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তোমাকে অবশ্যই এ ব্যাপারে নিজের দুশ্চিন্তা সরিয়ে মেয়েটিকে উত্সাহ ও সাহস দিতে হবে।
যেদিন ও কিছুটা হলেও সাহস এবং আত্মবিশ্বাসের সঙ্গে অঙ্ক পরীক্ষা দিতে পারবে, সেদিন বারবার ওর প্রশংসা করতে হবে। ছোটবেলা থেকেই পরীক্ষায় ভালো ফল করার জন্য ওর প্রতি চাপ সৃষ্টি করা হয়েছে কি? তাহলে সেই মনোভাবটি ত্যাগ করে এখন তাকে বলতে হবে, সে যেন ভবিষ্যতে ফলাফলের কথা না ভেবে বর্তমানের প্রতি মনোযোগী হয়। বর্তমানের মুহূর্তগুলোকে সামর্থ্য অনুযায়ী সঠিকভাবে কাজে লাগালে ভবিষ্যৎ স্বতঃস্ফূর্তভাবেই ইতিবাচক হবে, সেই বিশ্বাসটি তাকে দিতে হবে। অঙ্ক বিষয়টি রপ্ত করার জন্য ওর মেধার কোনো কমতি নেই। এটি তাকে সবাই মিলে বলার সঙ্গে সঙ্গে বিষয়টিকে আরও হালকাভাবে নেওয়ার জন্য উত্সাহ দিলে ভালো হয়।
এ ছাড়া পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার আগেই কয়েকবার দীর্ঘভাবে শ্বাস নেওয়ার ব্যায়ামটি করার অভ্যাস করা খুব প্রয়োজন। যদি এরপরও ওর ভীতিটি বাড়তে থাকে, তাহলে বিশেষজ্ঞের কাছে মানসিক স্বাস্থ্যসেবার জন্য অবশ্যই যেতে হবে।