প্রশ্ন ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ সংজ্ঞা: বিশেষ কোনো পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা গ্রহণের পূর্বেই ছাত্রদের নিকট পৌঁছে গেলে তাকে প্রশ্ন ফাঁস বলা হয়। যেমন প্রেমিকার বাবা আপনাকে বিকেলে চায়ের দাওয়াতে ডেকেছেন। আপনি প্রেমিকার বাসায় পৌঁছানোর আগেই প্রেমিকা কর্তৃক জেনে গেলেন, বাবা আপনাকে প্রশ্ন করবেন, কত টাকা বেতন পাও? এই ফাঁস হওয়া প্রশ্ন নিয়ে দাওয়াতের নামে এক কেলেঙ্কারির পরীক্ষায় আপনি বসবেন কি বসবেন না, বিবেচনা আপনার!

বর্তমান সংজ্ঞা: রাষ্ট্রীয় যেকোনো পরীক্ষার পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকের হাতে হাতে প্রশ্ন পৌঁছে যাওয়ার প্রক্রিয়াটি হলো প্রশ্ন ফাঁস। তবে বর্তমান এ সংজ্ঞাও ঈষৎ পরিবর্তনের দিকে এগোচ্ছে। এই প্রশ্ন ফাঁস কারও জন্য নিতান্তই এক ফাঁসে পরিণত হচ্ছে। যেমন শিক্ষামন্ত্রী বলেছেন... (আচ্ছা, কী বলেছেন তা আর এখানে ফাঁস করে লাভ নেই!)

অবস্থান: প্রশ্ন ফাঁসের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান অত্যন্ত জটিল। তারা প্রথমে বুঝতেই পারেনি প্রশ্ন ফাঁস হচ্ছে। পরে বুঝতে পেরেছে কিন্তু মানতে পারেনি। মানতে মানতে দেশ যখন প্রশ্ন ফাঁস দরিয়ায় ভেসে গেছে, তখন তারা কতিপয় দুষ্কৃতকারীর কথা উল্লেখ করেছে। তবে এখন আবার তারা অস্বীকারও করছে। এই তো কদিন আগেই শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এসএসসি পরীক্ষায় কোনো প্রশ্ন পত্র ফাঁস হয়নি। পরীক্ষার্থীরা আশা করছে, শিক্ষা মন্ত্রণালয় আশু তাদের এই জটিল অবস্থান থেকে সরে আসবে এবং প্রশ্ন ফাঁসরোধে পরীক্ষা নামের অসহ্য নিয়মটাই উঠিয়ে দেবে।

উপকারিতা: প্রশ্ন ফাঁস অত্যন্ত উপকারী একটা বিষয়। তবে নিশ্চিত করতে হবে, সব পরীক্ষার্থী যেন সঠিক সময়ে সঠিক প্রশ্নপত্রটি পায়। কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না! পরীক্ষার আগে একটি নির্দিষ্ট দিনে সব প্রশ্ন ফাঁস করে দিতে হবে। সবাই ফাঁস হওয়া প্রশ্ন নিয়ে পরীক্ষা দিতে যাবে, সবাই জানবে পরীক্ষায় কী আসতে যাচ্ছে। এর চেয়ে আনন্দময় ঘটনা পরীক্ষার্থীর জীবনে আর কী হতে পারে? পরীক্ষার প্রতি, পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ এতে বাড়বে। এমনিতেই ইদানীং পরীক্ষা আগের চেয়ে অনেক বেশি রহস্যময় ও রোমহর্ষক হয়ে উঠেছে। পরীক্ষার প্রশ্ন ফাঁস হলো কি না, হলে আসলটা হাতে এল কি না, এলে তা সবটা পড়া সম্ভব কি না—এ রকম উৎকণ্ঠা নিয়ে একজন পরীক্ষার্থীর পরীক্ষা এক থ্রিলারে রূপান্তর হয়েছে। এটাকে এবার একটা চূড়ান্ত অবস্থানে নিয়ে যেতে সবাইকে হাতে হাত ধরে কাজ করতে হবে।

অপকারিতা: এমনিতে বিশেষ বিপর্যয়কর কোনো অপকারিতা না থাকলেও মাঝেমধ্যে হঠকারিতার কারণে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে। ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহের গফরগাঁওয়ে এ রকম একটা ঘটনা ঘটেছে। ভুয়া প্রশ্নপত্র পেয়ে অভিভাবকেরা তাঁদের সন্তানদের উত্তর নিজেরাই দেওয়ার পর জানতে পারেন, ফাঁস হওয়া প্রশ্ন ভুয়া ছিল। এটা যদিও একটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু এগুলো রোধ করা না গেলে ফাঁস হওয়া প্রশ্নের ওপর কোমলমতি শিক্ষার্থীর আস্থা উঠে যাবে! এবং এ রকম একটি আনন্দময় উৎসবে তারা বঞ্চিত থেকে যাবে।

পরিশিষ্ট: কবি বলেছেন, ‘আনন্দধারা বহিছে ভুবনে...।’ তো আনন্দধারা তো এমনি এমনি বহমান থাকবে না! প্রশ্ন ফাঁস যদি টিকিয়ে রাখা না যায়, তাহলে না আনন্দ থাকবে, না ধারা থাকবে! বওয়া তো দূরের কথা! অতএব কোমলপ্রাণ সব শিক্ষার্থী ও তাদের শান্তিপ্রিয় অভিভাবকদের কথা মাথায় রেখে প্রশ্ন ফাঁসকে আরও একধাপ এগিয়ে নেওয়ার এখনই সময়!

পুনশ্চ: এই লেখা লেখক লিখে প্রকাশ করতে চাননি। কিন্তু রস+আলোর সম্পাদক এটি পেয়ে ফাঁস করে দিয়েছেন! এ বাবদ লেখক কিছু সম্মানী পাবেন। লেখকেরও ভুবনে আনন্দধারা বহিবে!